মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প শোনাবেন সামিরা খান মাহি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌন্দর্যের মঞ্চে এবার শুধু রূপের নয়, ভালোবাসা, মমতা আর শিকড়ের গল্প শোনাতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর ন্যাশনাল কস্টিউমের থিম ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও মাতৃভূমির প্রতি আবেগকে এক সুতোয় গেঁথে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে চান তিনি।


মা—ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা যেন পুরো পৃথিবীর সমান। পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, যে মমতা জীবনের প্রতিটি বাঁকে ছায়া হয়ে থাকে, তার নাম মাতৃত্ব। সেই চিরন্তন অনুভূতিকেই এবার বিশ্বদরবারে তুলে ধরতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।



৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর ন্যাশনাল কস্টিউমের থিম নির্ধারণ করা হয়েছে ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। অর্থাৎ, মাতৃত্ব ভালোবাসার এমন এক বন্ধন, যা ভাষা, সংস্কৃতি কিংবা ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে এই অনুভূতি।



সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোশাকের থিম ও ভাবনা প্রকাশ করেছেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’



মাহির এই ভাবনায় মায়ের সঙ্গে মাতৃভূমির এক আবেগময় সংযোগ তৈরি হয়েছে। একজন মা যেমন সন্তানকে জন্ম দেন, আগলে রাখেন, ভালোবাসা দিয়ে বড় করে তোলেন; তেমনি মাতৃভূমিও মানুষকে দেয় পরিচয়, শিকড় ও আপন ঠিকানা। এই দুই ভালোবাসার মেলবন্ধনই তাঁর পোশাকের মূল অনুপ্রেরণা।



পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীকের মধ্য দিয়ে মাতৃত্বের গল্প ফুটিয়ে তুলতে চান তিনি। জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব আত্মত্যাগ এবং সন্তানকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি—সবকিছুর প্রতীকী প্রকাশ থাকবে এই আয়োজনে। মাহির প্রত্যাশা, তাঁর উপস্থাপিত গল্পটি শুধু বাংলাদেশের মানুষের নয়, পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করবে।



তাঁর কাছে এই পোশাক নিছক সৌন্দর্য প্রদর্শনের অনুষঙ্গ নয়। বরং এটি মায়ের প্রতি শ্রদ্ধা, মাতৃত্বের প্রতি ভালোবাসা এবং নিজের জন্মভূমির পরিচয় তুলে ধরার একটি বিশেষ মাধ্যম। অপরিসীম গর্ব ও আবেগ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।



মাহির এই ভাবনা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সাড়া পড়েছে। পোস্ট দেওয়ার মাত্র ৪০ মিনিটের মধ্যে এতে প্রায় দুই হাজার প্রতিক্রিয়া ও দেড় শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন, জানিয়েছেন শুভকামনা।



সহজ পথ ছিল না মাহির


অভিনয় ও মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু সামিরা খান মাহির। তবে তাঁর পথচলা সব সময় মসৃণ ছিল না। অসুস্থতার কারণে একসময় বিরতি নিতে হয়েছিল তাঁকে। পরে আবার নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফিরে আসেন। ধীরে ধীরে অভিনয় দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।


এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন এক পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হচ্ছেন তিনি। অভিনয়শিল্পী থেকে সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিনিধি—মাহির এই যাত্রায় যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ।


প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে মাহি বলেছিলেন, রোমাঞ্চের পাশাপাশি তাঁর মধ্যে নার্ভাসনেসও কাজ করছে। কারণ, প্রস্তুতির জন্য সময় পেয়েছেন খুব কম। তবু আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি।


এর আগে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সামিরা খান মাহি।


৭৫ বছরে পা রাখা মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে নিজের দেশের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবেন মাহি।


সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পোশাক অনেক সময় একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্প বলে। মাহির এবারের আয়োজনেও রয়েছে তেমনই এক আবেগময় বার্তা। তবে সেই গল্পের পরিধি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। মায়ের ভালোবাসা যে পৃথিবীর সব সন্তানের কাছেই সমান অর্থবহ, সেই সর্বজনীন অনুভূতিকেই বিশ্বদরবারে পৌঁছে দিতে চান তিনি।


হয়তো এ কারণেই মাহির এবারের পোশাকের গল্পে সৌন্দর্যের চেয়ে বড় হয়ে উঠেছে অনুভূতি। যেখানে মা মানে আশ্রয়, মাতৃভূমি মানে শিকড়, আর ভালোবাসা মানে পৃথিবীর সব মানুষের এক অভিন্ন বন্ধন।

sidebar ad