স্বামীর সঙ্গে সংসার করার চেয়ে কারাবাসও শ্রেয়।নিজের আত্মসম্মান রক্ষায় যে নারী বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ, তিনিই একদিন হয়েছিলেন চিকিৎসক।
কল্পনা করুন, উনিশ শতকের ভারতবর্ষ। যে সমাজে মেয়েদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না বললেই চলে, যেখানে বিয়ের অর্থ ছিল স্বামীর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, সেখানে এক তরুণী নারী আদালতে দাঁড়িয়ে জানিয়ে দিলেন তিনি অনিচ্ছার সংসারে ফিরবেন না। প্রয়োজনে কারাবাস মেনে নেবেন, তবু নিজের ইচ্ছার বিরুদ্ধে জীবন কাটাবেন না।তাঁর এই ঘোষণা শুধু একটি বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না ছিল শত বছরের সামাজিক শৃঙ্খল ভাঙার সাহসী উচ্চারণ। তিনি ডাঃ রুক্মাবাই রাউত।
ভারতের নারী অধিকার ও চিকিৎসাশিক্ষার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।একটি বাল্যবিয়ে, যে বিয়ে বদলে দিয়েছিল ইতিহাস১৮৬৪ সালের ২২ নভেম্বর বোম্বাইয়ে জন্ম রুক্মাবাইয়ের। ছোট্ট বয়সেই তাঁর জীবনে নেমে আসে সমাজের চাপিয়ে দেওয়া এক সিদ্ধান্ত। মাত্র ১১ বছর বয়সে ১৯ বছর বয়সি দাদাজি ভিকাজির সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়।
যে বয়সে একটি মেয়ের হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা স্বপ্ন আর মনে থাকার কথা দুরন্ত শৈশব, সেই বয়সেই তাঁর কপালে জুড়ে দেওয়া হয়েছিল সংসারের পরিচয়।কিন্তু রুক্মাবাইয়ের গল্প অন্য রকম।তিনি বড় হতে হতে বুঝতে পেরেছিলেন, বিয়ে মানেই নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া নয়। একজন নারীও পড়তে পারেন, নিজের ভবিষ্যৎ নিজে গড়তে পারেন, নিজের পছন্দ-অপছন্দের মূল্য দিতে পারেন। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্বামীর সঙ্গে বসবাস করতে অস্বীকার করেন তিনি।
তাঁর এই সিদ্ধান্ত তৎকালীন সমাজের চোখে ছিল ভয়ংকর অপরাধ।কারণ, একজন নারী নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবেন এমন ভাবনাই তখনকার সমাজ সহজে মেনে নিতে পারত না।আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মসম্মানের লড়াই ১৮৮৪ সালে স্বামী দাদাজি ভিকাজি তাঁকে নিজের সঙ্গে বসবাস করতে বাধ্য করার জন্য আদালতের দ্বারস্থ হন। শুরু হয় বহুল আলোচিত ঐতিহাসিক মামলা দাদাজি ভিকাজি বনাম রুক্মাবাই।
একদিকে স্বামীর অধিকার প্রতিষ্ঠার দাবি, অন্যদিকে একজন নারীর নিজের শরীর, জীবন ও ভবিষ্যতের ওপর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।আদালতের রায় তাঁর বিপক্ষে গেলে স্বামীর সঙ্গে বসবাস করতে হবে, নতুবা ছয় মাসের কারাবাসের ঝুঁকি নিতে হবে। কিন্তু রুক্মাবাই ভয় পাননি। তাঁর অবস্থান ছিল স্পষ্ট অনিচ্ছার সংসারে ফিরে যাওয়ার চেয়ে কারাবাসও তাঁর কাছে অধিক সম্মানজনক।ভাবুন তো, কী অসম্ভব মানসিক শক্তি থাকলে একজন নারী সেই সময়ে দাঁড়িয়ে এমন কথা বলতে পারেন।
যে সমাজে নারীর নীরবতাকে ভদ্রতা মনে করা হতো, সেখানে তিনি নিজের কণ্ঠস্বরকে প্রতিবাদের অস্ত্র বানিয়েছিলেন।কলম ধরলেন নিজের মুক্তির জন্য, কথা বললেন হাজার নারীর হয়ে রুক্মাবাই শুধু আদালতেই লড়াই করেননি।এ হিন্দু লেডি( 'A Hindu Lady)'ছদ্মনামে দ্যা টাইমস অফ ইন্ডিয়া ( The Times of India)তে একাধিক চিঠি লিখে বাল্যবিবাহ ও নারীর অধিকার নিয়ে জনমত তৈরি করতে শুরু করেন।তাঁর লেখায় উঠে আসে এমন এক সমাজের ছবি, যেখানে মেয়েদের শৈশব কেড়ে নেওয়া হয়, মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, আর বিয়ের পর তাদের জীবন যেন অন্যের ইচ্ছার কাছে বন্দি হয়ে পড়ে।তাঁর মামলা ভারত ছাড়িয়ে ইংল্যান্ডেও আলোচনার বিষয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত ১৮৮৮ সালে সমঝোতার মাধ্যমে তিনি বিবাহবন্ধন থেকে মুক্তি পান।একজন নারী নিজের জীবনের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করেছিলেন, তা হয়ে ওঠে গোটা উপমহাদেশের নারী অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।যে নারী সংসারের শৃঙ্খল ভেঙে হাতে তুলে নিয়েছিলেন চিকিৎসকের স্টেথোস্কোপ
রুক্মাবাইয়ের স্বপ্ন শুধু একটি অনিচ্ছার সম্পর্ক থেকে মুক্তি পাওয়া ছিল না। তাঁর আরও বড় স্বপ্ন ছিল নিজেকে শিক্ষিত করা, মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের যোগ্যতায় পরিচিত হওয়া।
১৮৮৯ সালে চিকিৎসাবিদ্যা পড়ার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। ভর্তি হন লন্ডন স্কুল অব মেডিসিন ফর উইমেনে। দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পর ১৮৯৪ সালে চিকিৎসাবিদ্যার যোগ্যতা অর্জন করেন।১৮৯৫ সালে দেশে ফিরে সুরাটের মহিলা হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে রাজকোটেও প্রধান চিকিৎসা আধিকারিকের দায়িত্ব পালন করেন।একবার ভাবুন, যে মেয়েটিকে একসময় সমাজ সংসারের নিয়মে বন্দি করতে চেয়েছিল, সেই মেয়েটিই একদিন নিজের মেধা ও যোগ্যতায় অসংখ্য নারীর চিকিৎসাসেবায় নিয়োজিত হলেন।যে সমাজ তাঁর সিদ্ধান্ত নেওয়ার অধিকার মেনে নিতে চায়নি, সেই সমাজেই তিনি হয়ে উঠলেন নারীদের জন্য একজন সম্মানিত চিকিৎসক।
একজন রুক্মাবাইয়ের প্রতিবাদ, বহু নারীর ভবিষ্যতের প্রশ্ন
রুক্মাবাইয়ের এই ঐতিহাসিক লড়াই বাল্যবিবাহ ও নারীর অধিকার নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি করেছিল। তাঁর মামলা এবং সেই সময়ের সামাজিক আন্দোলন ১৮৯১ সালের এইজ অফ কন্সেন্ট এক্ট (Age of Consent Act) প্রণয়নের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনস্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে 'কাইজার-ই-হিন্দ' পদক লাভ করেন।
১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন এই অসাধারণ নারী। কিন্তু তাঁর জীবনসংগ্রাম আজও আমাদের সামনে এক গভীর প্রশ্ন রেখে যায়।একজন নারী কি শুধু কারও স্ত্রী, কারও মেয়ে কিংবা কারও মা হওয়ার পরিচয়েই সীমাবদ্ধ,নাকি তাঁর নিজেরও একটি স্বতন্ত্র জীবন আছে, যেখানে তাঁর স্বপ্ন থাকবে, পছন্দ থাকবে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে।
রুক্মাবাইয়ের গল্প আজও কেন প্রাসঙ্গিক।আজকের পৃথিবীতে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, চিকিৎসক হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। তবু অনেক নারীকে এখনো সম্পর্ক, পরিবার ও সামাজিক লোকলজ্জার দোহাই দিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়।
রুক্মাবাই আমাদের শেখান, আত্মসম্মান রক্ষা করা স্বার্থপরতা নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া অপরাধ নয়। আর শিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের নাম নয় শিক্ষা মানুষকে নিজের অধিকার চিনতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়।তিনি কোনো রাজকন্যা ছিলেন না, ছিলেন না কোনো ক্ষমতাবান পরিবারের প্রতিনিধি। ছিলেন একজন সাধারণ নারী, যিনি অসাধারণ সাহস নিয়ে নিজের ভাগ্য নিজেই লিখেছিলেন।তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্য শুধু একজন চিকিৎসক হয়ে ওঠা নয় বরং এমন এক সময়ে নিজের অধিকারের কথা বলা, যখন নারীদের কণ্ঠস্বর শোনার মানুষ ছিল খুব কম।রুক্মাবাইয়ের জীবন তাই কেবল একজন নারীর সাফল্যের গল্প নয়, এটি আত্মমর্যাদা, শিক্ষা, স্বাধীনতা এবং নিজের অস্তিত্ব প্রতিষ্ঠার এক অনন্য ইতিহাস।কারণ, যে নারী নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শেখেন, তাঁকে আর সহজে কেউ পরাধীন করে রাখতে পারে না।