'বিয়ে হলো দিল্লি কা লাড্ডু; যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে।’

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

'বিয়ে হলো দিল্লি কা লাড্ডু; যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে।’ বিয়ে নিয়ে প্রচলিত এই প্রবাদটির সঙ্গে আরও একটি মজার কথা প্রায়ই শোনা যায়, 'মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর!’—কথাগুলোর মধ্যে হাস্যরস থাকলেও বিয়ে যে জীবনের বেশ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, তা অস্বীকার করার উপায় নেই। কারণ বিয়ে মানে শুধু নতুন পোশাক, গয়না, জমকালো অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর কিছু মুহূর্ত যোগ হওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে দুজন মানুষের একইসঙ্গে একইপথে চলা নতুন জীবনের শুরুর গল্প।


আর এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে মাসের পর মাস চলে সবকিছুর পরিকল্পনা। ভেন্যু খোঁজা, বিয়ের আউটফিট নির্বাচন, গয়না কেনা, সাজের পরিকল্পনা আর ফটোগ্রাফি তো আছেই। কার্ডের ডিজাইন থেকে শুরু করে খাবারের মেনু, বিয়ের সাজ থেকে শুরু করে হানিমুনের গন্তব্য; কোনো কিছুতেই যেন কমতি না থাকে।  পানচিনি, মেহেদী সন্ধ্যা, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত বা রিসেপশন -চলে কতো কিছুর আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবিগুলোও হয়ে ওঠে একেকটি রূপকথার গল্প। কিন্তু এই জমকালো আয়োজনের পর নতুন যে জীবনের শুরু, তার প্রস্তুতি কতটা থাকে? যে মানুষটির সঙ্গে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তাঁকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা কতটা সচেতন?


একসময় আমাদের সমাজে একটি কথা বেশ প্রচলিত ছিল। বিদায়ের বেলায় বলা হতো "মেয়েকে লাল শাড়ি পরিয়ে শ্বশুরবাড়ি পাঠালাম, সাদা কাপড়েই যেন তার শেষ বিদায় হয়।" সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তাভাবনা ও মানসিকতাও। এখন মেয়েকে বিদায়ের বেলায় অনেক বাবা-মায়ের কণ্ঠে শোনা যায় ভিন্ন এক আকুতি। বরের হাত ধরে বলতে শুনি "আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কখনো যদি ওকে তোমার ভালো না লাগে বা সংসার করতে ইচ্ছে না করে, দয়া করে ওকে কষ্ট দিও না। সম্মানের সাথে আমার কাছে ফিরিয়ে দিও।" পাশাপাশি দুটো কথা মিলিয়ে দেখুন। প্রথম কথাটির মধ্যে লুকিয়ে ছিল বিবাহিত জীবনের স্থায়িত্ব, স্বামীর সংসারের প্রতি আজীবন অঙ্গীকার এবং যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে সংসার টিকিয়ে রাখার সামাজিক প্রত্যাশা। আর পরেরটিতে মিশে থাকে একজন বাবার মেয়ের প্রতি গভীর ভালোবাসা, নিরাপত্তার আকাঙ্ক্ষা এবং সম্মান নিয়ে বেঁচে থাকার প্রত্যাশা। এই পরিবর্তন আসলে বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উপলব্ধিরই প্রতিফলন। তাই পারফেক্ট ওয়েডিং এর থেকেও একটি পারফেক্ট সম্পর্কের জন্য মানুষটিকে বোঝার চেষ্টাও জরুরি। 



ভালোবাসা থাকলেই কি যথেষ্ট?


প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হলে অনেকেই মনে করেন যেহেতু আগে থেকেই মানসিক বোঝাপড়া ও পরিচিতি রয়েছে, সেহেতু সংসার শুরু করা অনেক সহজ হবে। কঠিন সময়ে একে অপরকে সমর্থন ও মানসিক শক্তি দেওয়ার জায়গাও তৈরি হবে। আবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পরিবারের পছন্দ, পাত্র বা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা, পেশা, আর্থিক অবস্থা ও সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ, একটি মানুষকে সম্পূর্ণভাবে চিনে ফেলার কোন নিশ্চয়তা আছে কি? 


একটা কথা আছে, বিয়ে হল অনেকটা তিনপায়ে দৌড়ের সমগোত্রীয়। বাঁধা পা দু’টো একসঙ্গে আগে ফেলতে হয়। এক ছন্দে দৌড়তে পারলে দিব্যি দৌড়বে, কোনও ঝামেলা নেই। কিন্তু যে যার মতো দৌড়তে গেলেই হুমড়ি খেতে হবে দু’জনকেই। সুতরাং হয় নিয়ম মেনে একই ছন্দে পা ফেলে ছুটতে হবে , নয়তো দড়িটা খুলে ফেলে যে যার নিজের পথে হাঁটতে হবে। 


প্রেমের সম্পর্ক যখন থাকে তখন দুজনের দেখা হয় নির্দিষ্ট পরিবেশে। আবেগ ও রোমান্সের থাকে প্রাধান্য। একসঙ্গে ঘুরতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা কথা বলা, উপহার দেওয়া কিংবা বিশেষ দিন উদ্‌যাপনের মধ্যে সম্পর্কের অনেক সুন্দর দিক সামনে আসে। কিন্তু বিয়ের পর শুরু হয় একসাথে বসবাসের দৈনন্দিন বাস্তবতা। তাতে যুক্ত হতে থাকে দায়িত্ব, অর্থনৈতিক সিদ্ধান্ত, পারিবারিক প্রত্যাশা, অসুস্থতা, কাজের চাপ এবং নানা ধরনের সমঝোতা। সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে মানুষ, বদলে যায় মন-মানসিকতা।


অন্যদিকে অ্যারেঞ্জ ম্যারেজের কথা তো না বললেই নয়। এতে পারস্পরিক পরিচয়ের সময় তুলনামূলক কম হতে পারে। তাই শুধু পরিবারের পছন্দ বা কয়েকটি আনুষ্ঠানিক কথাবার্তার ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে দুজনের মধ্যে পর্যাপ্ত আলোচনা ও বোঝাপড়ার সুযোগ থাকা জরুরি।



জীবনসঙ্গী নির্বাচনে যে বিষয়গুলো দেখবেন


বাস্তবে নিখুঁত মানুষ বলে কেউ নেই। আমরা কেউই ভূলের উর্ধ্বে নই। জীবনসঙ্গী নির্বাচনের অর্থ এমন কাউকে খুঁজে পাওয়া নয়, যাঁর কোনো দুর্বলতা নেই। বরং এমন একজনকে বেছে নেওয়া, যাঁর সঙ্গে মতের অমিল হলেও সম্মান বজায় থাকে, সমস্যা হলে দুজনেই সমাধানের চেষ্টা করেন এবং একে অপরের বিকাশে সহযোগিতা করেন। যে বিষয়গুলো দেখবেন-


 ১) মূল্যবোধ ও জীবনদর্শনে মিল আছে কি?


দুজন মানুষের পছন্দ-অপছন্দ, শখ কিংবা ব্যক্তিত্ব এক রকম হবে, এমন প্রত্যাশা অবাস্তব। একজন হয়তো ঘুরতে ভালোবাসেন, সামাজিক মেলামেশায় স্বচ্ছন্দবোধ করেন; আর অন্যজন হয়তো কিছুটা অন্তর্মুখী। ঘরেই সময় কাটাতে পছন্দ করেন। এসব পার্থক্য থাকতেই পারে।  কিন্তু মূল্যবোধ ও জীবনদর্শনে মিল আছে কি না অর্থাৎ সততা, বিশ্বাস, পরিবার, ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাস, অর্থনৈতিক দায়িত্ব এবং জীবনযাপনের মৌলিক মূল্যবোধে কতটা মিল রয়েছে, তা গুরুত্বপূর্ণ।


ছোটখাটো বিষয়েও তিনি কতটা সৎ থাকেন, পরিবার ও সম্পর্কের গুরুত্ব কতটা দেয়, সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে কতটা স্বচ্ছ থাকেন, সংকট মোকাবিলায় কেমন মানসিকতার পরিচয় দেন এসব যাচাই করার প্রয়োজন। একজন হয়তো বিয়ের পরও পড়াশোনা বা ক্যারিয়ার চালিয়ে যেতে চান, অন্যজন মনে করেন বিয়ের পর এসবের প্রয়োজন নেই। একজন চান দুজন মিলে সংসারের সিদ্ধান্ত নিতে, অন্যজন চান পরিবারের একজনই সব সিদ্ধান্ত নেবেন। এগুলো অনেক ছোট ব্যাপার মনে হলেও পরবর্তী সময়ে এথেকে বড় ধরনের মতবিরোধ তৈরি হতে পারে।


২) মতের অমিল হলে মানুষটি কেমন আচরণ করেন?


মতের অমিল বা তর্কের সময় মানুষটির আচরণই বলে দেয় দীর্ঘমেয়াদী সম্পর্কে তিনি কতটা পরিপক্ব ও নিরাপদ সঙ্গী হবেন। ভালো সময়ে সবাই মিষ্টি আচরণ করে, কিন্তু মতপার্থক্য তৈরি হলে মানুষটির আসল স্বভাব প্রকাশ পায়। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু মানুষটি আপনার সঙ্গে কতটা ভালো ব্যবহার করেন, তা নয়; মতের অমিল হলে কেমন আচরণ করেন, সেটিও লক্ষ করুন।


রেগে গেলে কি অপমানজনক কথা বলেন? নিজের ভুল বা দায়িত্ব এড়িয়ে যান? সমঝোতার মানসিকতা আছে কিনা? শুধু নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে চান, নাকি আপনার কথা ও দৃষ্টিভঙ্গি ধৈর্য ধরে বোঝার চেষ্টা করেন? 


'গটম্যান থিওরি'তে মনোবিজ্ঞানী জন গটম্যান ও তাঁর সহকর্মীদের দীর্ঘমেয়াদি দাম্পত্য সম্পর্কবিষয়ক গবেষণায় দেখা গেছে, দম্পতিদের প্রায় ৬৯ শতাংশ দ্বন্দ্বই এমন, যা পুরোপুরি মিটে যায় না; বরং বারবার ফিরে আসে। অর্থাৎ সুখী সম্পর্কের জন্য সব মতবিরোধ দূর করা জরুরি নয়, বরং সেগুলো কীভাবে সামলানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। 



৩) আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক পরিপক্বতা


দাম্পত্য জীবনে দীর্ঘস্থায়ী সুখ ও শান্তির জন্য সঙ্গীর আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক পরিপক্বতা থাকা অত্যন্ত জরুরি। একজন ম্যাচিউর মানুষ নিজের অনুভূতিগুলো বুঝতে পারেন, তা সুস্থভাবে প্রকাশ করতে পারেন এবং কঠিন পরিস্থিতিতেও আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নেন না। রাগ, অভিমান, হতাশা কিংবা মন খারাপ—এসব মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু সেই আবেগের প্রকাশ কেমন, তা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। 


আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে; রাগ বেশি যাদের, তাদের মন ভালো হয়। এটি সবসময় সত্য নয়। সামান্য কারণেই অতিরিক্ত রেগে যাওয়া, চিৎকার করা কিংবা হতাশায় ভেঙে পড়ার মতো আবেগীয় অস্থিরতা;  ইমোশনাল ব্ল্যাকমেইল, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনায় না গিয়ে জটিল বিষয় এড়িয়ে যাওয়া, নিজের মানসিক শান্তির জন্য অতিরিক্ত নির্ভরশীলতা -এসব কিছুই মানসিক অপরিপক্বতার সতর্কতা সংকেত। 



৪) আপনার ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করেন কি?


একটি সুস্থ ও সমমর্যাদাপূর্ণ সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হলো সঙ্গীর ব্যক্তিস্বাধীনতা ও স্বতন্ত্র সত্তাকে সম্মান করা। বিয়ে মানে দুটি মানুষের একসাথে পথচলা, কিন্তু এর অর্থ এই নয় যে  দুজনের আলাদা কোনো জগৎ থাকবে না, একজনের জন্য অন্যজনের নিজস্ব পরিচয়, স্বপ্ন বা পছন্দ-অপছন্দ হারিয়ে যাবে।


ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করার মধ্যে থাকতে পারে সিদ্ধান্ত গ্রহণে মতামতের গুরুত্ব দেয়া, পারসোনাল স্পেস দেয়া, সামাজিক ও পারিবারিক সম্পর্ক বজায় রাখা, একে অপরের শখ ও আগ্রহের প্রতি শ্রদ্ধা থাকা এবং পোশাক, বন্ধুত্ব, পেশা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে  না চাওয়া। 


অতিরিক্ত নজরদারি ও সন্দেহ, আবেগীয় বা আর্থিক নিয়ন্ত্রণ, ভালোবাসা'র দোহাই দিয়ে সীমাবদ্ধতা, সিদ্ধান্ত বা মতামতকে ছোট করে দেখা ভালোবাসার প্রকাশ নয়। এগুলো নিয়ন্ত্রণমূলক আচরণের লক্ষণ হতে পারে।



৫) অর্থনৈতিক মানসিকতা ও দায়িত্ববোধ


জীবনসঙ্গী নির্বাচনের সময় অনেকেই পেশা, পদবি কিংবা মাসিক আয়কে গুরুত্ব দেন। এগুলো অবশ্যই বিবেচ্য। তবে শুধু কত টাকা আয় করেন, সেটিই শেষ কথা নয়। অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি কেমন, সেটিও জানা প্রয়োজন। দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ কিন্তু এই অর্থনৈতিক বিষয়ে অস্পষ্টতা থাকা। 


আর্থিক স্বচ্ছতা, শখ মেটানোর পাশাপাশি জরুরি প্রয়োজন, স্বাস্থ্য এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য নিয়মিত সঞ্চয় বা বিনিয়োগের মানসিকতা থাকা, সংসারের খরচ কীভাবে চলবে এবং দুজনেই উপার্জন করলে কার কী ভূমিকা থাকবে—এ বিষয়ে যৌক্তিক ও ন্যায্য দৃষ্টিভঙ্গি থাকা, বিয়ের পর মা-বাবা বা পরিবারের জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা করার বিষয়ে দুজনের মধ্যে পরিষ্কার বোঝাপড়া ও সম্মান থাকা জরুরী। 



৬) পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা


বিয়ের আগে কিছু প্রশ্ন অস্বস্তিকর মনে হতে পারে। কিন্তু বিয়ের পরে সেগুলোই বড় বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা বা ভালো লাগা থাকলেও জীবনযাপনের মৌলিক পরিকল্পনায় বড় ধরনের পার্থক্য থাকলে পরবর্তীতে তা পারস্পরিকের মধ্যে মানসিক দূরত্ব ও সংঘাত বাড়িয়ে তোলে। বিয়ের পর কোথায় থাকবেন -একক পরিবারে নাকি যৌথ পরিবারে? উভয় পরিবারের মা-বাবার দেখাশোনা, বয়সকালে তাদের পাশে থাকা এবং পারিবারিক উৎসব বা দায়িত্বগুলো কীভাবে সামলানো হবে, পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই নিজেদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত সিদ্ধান্তগুলোতে বাইরের হস্তক্ষেপ কতটুকু নিয়ন্ত্রণ করা হবে- এসব ব্যাপারে পারস্পরিক সম্মানজনক সমঝোতা দরকার।


একইভাবে ক্যারিয়ার ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং সন্তান ও প্যারেন্টিং এর মতো পরিকল্পনায় দুজনের প্রত্যাশা ও বাস্তবতা পরিষ্কার থাকা জরুরী। 



৭) কঠিন সময়ে তাঁর আচরণ কেমন?


কঠিন সময়ে মানুষটির আচরণই বলে দেয় জীবনের ঝড়ঝাপটায় তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন, নাকি আপনাকে একা ফেলে সরে যাবেন। সুখ বা স্বাচ্ছন্দ্যের সময়ে সবাই ভালো সঙ্গী হতে পারে, কিন্তু অসুস্থতা, আর্থিক সংকট, পেশাগত ব্যর্থতা বা পারিবারিক দুর্যোগের সময় একজন মানুষের প্রকৃত চরিত্র ও সহানুভূতিশীলতা প্রকাশ পায়। জীবনসঙ্গী এমন একজন হওয়া প্রয়োজন, যাঁর কাছে দুর্বলতা প্রকাশ করতে ভয় লাগে না। যাঁর সঙ্গে সব সময় শক্ত থাকার অভিনয় করতে হয় না। বরং কঠিন সময়েও দুজন একে অপরের সহযোগী হতে পারেন।



৮) সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও সম্মানবোধ আছে কি?


দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক নিরাপত্তা এবং পারস্পরিক সম্মানবোধ না থাকলে শুধু ভালোবাসা দিয়ে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী বা স্বাস্থ্যকর হতে পারে না। নিজের মনের কথা, ভয়, দুর্বলতা বা কোনো অপছন্দের বিষয় কোনো প্রকার জড়তা বা ভয় ছাড়াই তার সাথে শেয়ার করতে পারা, ব্যক্তিগত দুর্বলতা বা অতীতে করা ভুলের কথা পরবর্তীতে তর্কের সময় আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার না করা, অন্যের সামনে মর্যাদা রক্ষা করা, সম্মতি বা শারীরিক স্বস্তি এবং মানসিক অবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা - এগুলোই নিরাপত্তা ও সম্মানবোধ থাকার লক্ষণ। 



লাভ ম্যারেজে যে ভুলটি করবেন না


লাভ ম্যারেজের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো—বিয়ের আগে আবেগ ও ভালোবাসার কারণে সংসারের বাস্তব বিষয়গুলো (যেমন- অর্থনীতি, পারিবারিক দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা) নিয়ে খোলামেলা আলোচনা না করা। প্রেমের সম্পর্কে একে অপরকে ভালোভাবে চেনা আছে বলে অনেকেই ধরে নেন যে বিয়ের পর সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আর সারাজীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে দুজনের মধ্যে সব ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে, এমনটি নয়। তাই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে অন্তত একদিন প্রেমিক-প্রেমিকার খোলস ছেড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো সংসারের কঠিন ও বাস্তব দিকগুলো নিয়ে স্পষ্ট আলোচনা করে নিন।



অ্যারেঞ্জ ম্যারেজে পরিচয়ের সুযোগ তৈরি করুন


বিয়ের জন্য করা সকল আয়োজন নিখুঁত হওয়ার জন্য আমরা কতো কিছুর পরিকল্পনা করি, তদারকি করি। কিন্তু যার সাথে সারাটা জীবন বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করি, তার ব্যাপারে জানার জন্য কতোটুকু সময় নিই? অ্যারেঞ্জ ম্যারেজে পরিবার ও আত্মীয়স্বজনের মতামত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শেষ পর্যন্ত যাঁদের একসঙ্গে জীবন কাটাতে হবে, তাঁদের নিজেদের পছন্দ ও সম্মতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, পারিবারিক পরিচিতি কিংবা বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিয়ের আগে দুজনের পর্যাপ্ত কথা বলার সুযোগ থাকা দরকার। সম্ভব হলে একাধিকবার দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করা দরকার। 


আমাদের কাছে সুখী দাম্পত্য জীবনের অর্থ কী? পারস্পরিক সম্মান, মানসিক নিরাপত্তা, দায়িত্ববোধ এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার এক আজীবন অঙ্গীকার। মতের অমিল থাকবে, একে অপরের প্রতি অভিমানও থাকবে। আবার জীবনের কঠিন সময়ে একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবে, এটাই কাম্য। তাই পারফেক্ট মানুষ খুঁজবেন, নাকি মানানসই মানুষ - নিজেকেই প্রশ্ন করুন। 

sidebar ad