নারীরা কেন অটোইমিউন রোগে বেশি আক্রান্ত হন?

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অ্যান্টিবডি, শরীরের নিরাপত্তা প্রহরী বা বিশেষ গোয়েন্দার মতো কাজ করে। এটি শরীরের ভেতরে সার্বক্ষণিক টহল দেয় এবং বাইরে থেকে কোনো ক্ষতিকর অনুপ্রবেশকারী (ভাইরাস বা ব্যাকটেরিয়া) ঢুকলে সাথে সাথে তা শনাক্ত করে প্রতিরোধ গড়ে তোলে। শুধু তাই নয়, অ্যান্টিবডি নিজে একা সব জীবাণু মারতে পারে না। তাই জীবাণুকে ধরে রেখে শরীরের বড় যোদ্ধা কোষগুলোকে (শ্বেত রক্তকণিকা বা ফ্যাগোসাইট) সংকেত দেয়, যাতে তারা এসে জীবাণুটিকে ধ্বংস করে। সাথে সে অপরাধীর ছবিও মনে রাখে। যাতে ভবিষ্যতে একই জীবাণু আবার আক্রমণ করলে সাথে সাথে চিনে ফেলে এবং দ্রুত ধ্বংস করে দিতে পারে। কিন্তু একসময় সেই ব্যবস্থাই যদি আপনার শরীরের সুস্থ কোষ ও টিস্যুকে শত্রু মনে করে আক্রমণ করতে শুরু করে! বিষয়টি শুনতে অদ্ভুত মনে হলেও চিকিৎসাবিজ্ঞানে এমন ঘটনা ঘটে থাকে। এর নাম 'অটোইমিউন ডিজিজ' (Autoimmune disease) বা 'স্বয়ংক্রিয় প্রতিরোধজনিত রোগ।' 


অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এই প্রহরী বিভ্রান্ত হয়ে যায়। সে শরীরের নিজস্ব সুস্থ কোষকেই বহিরাগত শত্রু ভেবে ভুল করে এবং আক্রমণ শুরু করে। কখনো এর প্রভাব পড়ে থাইরয়েড গ্রন্থিতে, কখনো জয়েন্টে, আবার কখনো ত্বক, কিডনি, অন্ত্র কিংবা স্নায়ুতন্ত্রে। অবাক করার মতো বিষয় হলো, অটোইমিউন রোগে পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি আক্রান্ত হন। কিন্তু কেন? এর পেছনে কি নারীদের বিশেষ কোন শারীরবৃত্তীয় কার্যকলাপ নাকি পরিবেশগত কারণ দায়ী? আসুন জেনে নিই এর সবকিছুই। 



অটোইমিউন ডিজিজ কী?


'অটোইমিউনি ডিজিজ' নামের মাঝেই এর সম্পূর্ণ অর্থ লুকিয়ে আছে। ইংরেজি এই নামটিকে তিনটি অংশে ভাঙলেই রোগটির মূল বৈশিষ্ট্য পরিষ্কার বোঝা যায়। অর্থাৎ এখানে বাইরের কোনো জীবাণু নয়, বরং শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাই নিজের বিরুদ্ধে কাজ করে অসুস্থতা তৈরি করে। 


অটোইমিউন ডিজিজ হলো এমন একটি স্বাস্থ্যগত অবস্থা, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুকে বহিরাগত জীবাণু ভেবে আক্রমণ করে। নিজের শরীরের কোষ ও বাইরের শত্রুর মধ্যে পার্থক্য  শনাক্ত করার প্রক্রিয়া ব্যাহত হলে রোগপ্রতিরোধব্যবস্থা নিজের শরীরের বিরুদ্ধেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। এটা যেভাবে ঘটে থাকে:


- শরীরের নিজস্ব কোষের বিরুদ্ধে অটোঅ্যান্টিবডি তৈরি হতে পারে


- রোগ প্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রক কোষ, যেমন রেগুলেটরি টি সেল (regulatory T cells) ঠিকমতো কাজ না করলে এই ভুল আক্রমণ ঘটে। 


- এর ফলে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ (inflammation) যেমন টিস্যুর ফোলা, ব্যথা বা ক্ষতির প্রতিক্রিয়া তৈরি হয়, যা অঙ্গ-প্রত্যঙ্গ বা টিস্যুর ক্ষতি করতে পারে।



কত ধরনের অটোইমিউন রোগ রয়েছে?


চিকিৎসাবিজ্ঞানে এখন পর্যন্ত ৮০টিরও বেশি স্বীকৃত অটোইমিউন রোগ শনাক্ত করা হয়েছে, এবং সাম্প্রতিক গবেষণায় এর সংখ্যা ১০০টিরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়। কোনোটি নির্দিষ্ট একটি অঙ্গকে আক্রান্ত করে, আবার কোনোটি শরীরের একাধিক অঙ্গ ও অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব ফেলে। পরিচিত কয়েকটি অটোইমিউন রোগ হলো—


সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস


 এটি একটি বহু-অঙ্গ প্রভাবিত করা রোগ, যা ত্বক, জয়েন্ট, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে প্রদাহ ও ক্ষতি করতে পারে। অনেক রোগীর মুখে প্রজাপতির ডানার মতো লালচে র‍্যাশ দেখা যায়।


রিউমাটয়েড আর্থ্রাইটিস


এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্থিসন্ধি বা জয়েন্টের আবরণে আক্রমণ করে। এর ফলে হাত, কব্জি ও পায়ের জয়েন্টে প্রচণ্ড ব্যথা, ফোলাভাব এবং শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। 


টাইপ ১ ডায়াবেটিস 


এতে রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের (Pancreas) ইনসুলিন তৈরি করা কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে শরীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এবং রোগীকে ইনসুলিন নিতে হয়। 


অটোইমিউন থাইরয়েড রোগ 


হাশিমোটোস থাইরয়েডাইটিসে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়ে হরমোন উৎপাদন কমে যায় (হাইপোথাইরয়েডিজম), যার ফলে ওজন বাড়ে ও ক্লান্তি আসে। অন্যদিকে গ্রেভস ডিজিজে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি হয় (হাইপারথাইরয়েডিজম), যার ফলে ওজন কমে এবং হৃদস্পন্দন বেড়ে যায়।


ভিটিলিগো 


এ রোগে রোগপ্রতিরোধব্যবস্থা ত্বকের রং তৈরির কোষ বা মেলানোসাইটকে আক্রমণ করে। ফলে ত্বকের বিভিন্ন স্থানে সাদা দাগ দেখা যায়।


এ ছাড়া সোরিয়াসিস, সিলিয়াক ডিজিজ, অ্যালোপেশিয়া এরিয়াটাসসহ আরও অনেক রোগ রয়েছে, যেগুলোর সঙ্গে অটোইমিউন প্রক্রিয়ার সম্পর্ক রয়েছে।



নারীরা কেন অটোইমিউন রোগে বেশি আক্রান্ত হন?


বিশ্বব্যাপী অটোইমিউন রোগে আক্রান্তদের প্রায় ৭৫% থেকে ৮০% নারী, এবং পুরুষদের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ থেকে ৪ গুণ বেশি। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ' জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন (JCI)'-এ প্রকাশিত "Mechanisms underlying sex differences in autoimmunity" শীর্ষক গবেষণা পর্যালোচনায় কিছু অটোইমিউন রোগে নারী-পুরুষের আক্রান্ত হওয়ার হারে উল্লেখযোগ্য পার্থক্য  দেখতে পাওয়া যায়। লুপাসে নারীরা পুরুষের তুলনায় প্রায় ৮.৮ গুণ, সজোগ্রেনস ডিজিজে প্রায় ৬.১ গুণ, হাশিমোটো থাইরয়েডাইটিসে প্রায় ৫.৮ গুণ, গ্রেভস ডিজিজে প্রায় ৩.৯ গুণ এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্রায় ২.১ গুণ বেশি আক্রান্ত হন।


তবে সব অটোইমিউন রোগেই নারীরা বেশি আক্রান্ত হন, এমন নয়। যেমন প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে পুরুষরা ৩.৯ গুণ এবং মায়োকার্ডাইটিসে ৩.৫ গুণ বেশি আক্রান্ত হন। তাহলে নারীদের মধ্যে এই রোগের আধিক্যের কারণ কী হতে পারে?


১. হরমোনের প্রভাব ও ওঠানামা:


নারী হরমোন ইস্ট্রোজেন শরীরের রোগ প্রতিরোধক কোষগুলোকে (যেমন বি-সেল এবং টি-সেল) আরও বেশি সক্রিয় করে তোলে এবং প্রদাহ সৃষ্টিকারী উপাদান বাড়ায়। অন্যদিকে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত সক্রিয়তাকে কিছুটা দমিয়ে রাখে।


নারীদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপসমূহ যেমন বয়ঃসন্ধিকাল, মাসিক চক্র, গর্ভাবস্থা, সন্তান প্রসবের পরবর্তী সময় এবং মেনোপজের সময় শরীরে হরমোনের ব্যাপক ওঠানামা ঘটে। এই সময়গুলোতে নতুন অটোইমিউন রোগ দেখা দেওয়া বা পুরনো রোগ বেড়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তবে শুধু ইস্ট্রোজেনকে দায়ী করলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। হরমোনের পাশাপাশি জিন ও পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ।


২. জিনগত বৈশিষ্ট্য ও এক্স ক্রোমোজোমের ভূমিকা:


নারীদের শরীরে দুটি এক্স ক্রোমোজোম (XX) থাকে, যেখানে পুরুষদের থাকে একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম (XY)। এক্স ক্রোমোজোমে রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত প্রচুর জিন থাকে। স্ট্যানফোর্ড মেডিসিনের (Stanford Medicine) গবেষণায় দেখা গেছে, নারীদের কোষে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটিকে নিষ্ক্রিয় রাখার জন্য জিস্ট (Xist) নামক বিশেষ আরএনএ (RNA) অণু কাজ করে। এই প্রক্রিয়ায় তৈরি হওয়া প্রোটিন ও জেনেটিক কাঠামো অনেক সময় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে অটোঅ্যান্টিবডি তৈরি করতে উসকে দেয়। বিষয়টি নারীদের মধ্যে অটোইমিউন রোগের আধিক্য ব্যাখ্যা করার সম্ভাব্য একটি সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।


৩. নারীদের রোগপ্রতিরোধব্যবস্থা তুলনামূলক বেশি সক্রিয়:


নারীদের রোগ প্রতিরোধ ব্যবস্থা পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী, যাতে গর্ভাবস্থায় মা ও ভ্রূণ সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, নারীদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনকারী বি-সেল (B-cells) এবং প্রদাহ সৃষ্টিকারী জিনগুলো স্বাভাবিকভাবেই বেশি সক্রিয় থাকে। ফলে নারীরা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারেন। কিন্তু এই বেশি সক্রিয় প্রতিরোধব্যবস্থাই কখনো কখনো সামান্য বিভ্রান্তিতে নিজের শরীরের কোষের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর ঝুঁকি বাড়াতে পারে।


৪. গর্ভাবস্থা ও মাইক্রোকাইমেরিজম:


গর্ভাবস্থায় মায়ের শরীর ও ভ্রূণের মধ্যে সামান্য পরিমাণে কোষের আদান-প্রদান ঘটে, যা সন্তান জন্মের পরও দীর্ঘকাল মায়ের শরীরে থেকে যেতে পারে (একে ফিটাল মাইক্রোকাইমেরিজম বলা হয়)। মায়ের রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক সময় এই ভ্রূণের কোষগুলোকে বহিরাগত শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ শুরু করে, যা পরবর্তীতে লুপাস বা থাইরয়েডের মতো অটোইমিউন রোগের ঝুঁকি বাড়াতে পারে। 


৫. জিনগত ও পরিবেশগত প্রভাব:


পরিবারের কারও অটোইমিউন রোগ থাকলে অন্য সদস্যের আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তবে বংশগত প্রবণতা থাকলেই যে রোগ হবে, এমন নিশ্চয়তা নেই। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী মানসিক চাপ, ঘুমের অভাব, সূর্যের অতিবেগুনি রশ্মি, ধূমপান, বায়ুদূষণ এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শ নারীদের শরীরে সুপ্ত থাকা অটোইমিউন রোগকে সক্রিয় করে তুলতে পারে। 



অটোইমিউন রোগের লক্ষণ কী কী?


অটোইমিউন রোগের একটি জটিল দিক হলো, সব রোগের লক্ষণ এক রকম নয়। কোন অঙ্গ বা টিস্যু আক্রান্ত হচ্ছে, তার ওপর নির্ভর করে এর উপসর্গের ধরন। আবার একই রোগে আক্রান্ত দুজন ব্যক্তির লক্ষণও ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ অটোইমিউন রোগের প্রাথমিক পর্যায়ে যেসব সাধারণ লক্ষণগুলো দেখা যায়:


- পর্যাপ্ত বিশ্রাম বা ঘুমের পরও সারাক্ষণ তীব্র অবসাদ ও দুর্বলতা অনুভূত হওয়া


- হাত, কব্জি, হাঁটু বা পায়ের অস্থিসন্ধিতে ব্যথা, ফোলাভাব এবং সকালে ঘুম থেকে ওঠার পর শরীর শক্ত হয়ে থাকার (stiffness) সমস্যা হওয়া


- কোনো স্পষ্ট সংক্রমণ ছাড়াই শরীরে নিয়মিত বা মাঝেমধ্যে হালকা জ্বর আসা


- ত্বকে লালচে র‍্যাশ, চুলকানি, শুষ্ক বা আঁশযুক্ত দাগ এবং সূর্যের আলোতে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেওয়া 


- চুল অতিরিক্ত পড়ে যাওয়া।


- হাত-পায়ে ঝিনঝিন করা বা অবশভাব।


- চোখ ও মুখ অতিরিক্ত শুকিয়ে যাওয়া।


- হজমের সমস্যা কিংবা দীর্ঘদিন ধরে ডায়রিয়া।


- ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা কমে যাওয়া


- গলা, বগল বা কুঁচকির গ্রন্থি ফুলে উঠতে পারে


- স্মৃতিশক্তি কমে যাওয়া, বিভ্রান্তি বা কোনো কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হতে পারে


অটোইমিউন রোগের লক্ষণগুলো সবসময় একরকম থাকে না। কখনো লক্ষণগুলো হঠাৎ তীব্র হয়ে ওঠে (যাকে ফ্লেয়ার বলা হয়), আবার কখনো কিছুদিনের জন্য লক্ষণ কমে গিয়ে রোগী সুস্থ বোধ করেন (যাকে রেমিশন বলা হয়)।



অটোইমিউন রোগ নির্ণয় 


কোনো একটি একক পরীক্ষার মাধ্যমে অটোইমিউন রোগ নির্ণয় করা সম্ভব নয়। যেহেতু অটোইমিউন রোগের লক্ষণগুলো সাধারণ সংক্রমণ বা অন্যান্য রোগের সাথে মিলে যায়, তাই এটা নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা রোগীর শারীরিক লক্ষণ, পারিবারিক ইতিহাস এবং একাধিক রক্ত পরীক্ষা, ইমেজিং ও প্রয়োজনে বায়োপসির ফলাফল সমন্বয় করে রোগ নির্ণয় করেন। 


রক্তে প্রদাহ বা কোষের অস্বাভাবিকতা দেখার জন্য প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়। তার মধ্যে একটি হচ্ছে, সি-রিঅ্যাকটিভ প্রোটিন (CRP) ও ইএসআর (ESR)।  রক্তে এই দুটি উপাদানের মাত্রা বেড়ে যাওয়া শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহের ইঙ্গিত দেয়। তবে এগুলো কোনো নির্দিষ্ট অটোইমিউন রোগের পরীক্ষা নয়। এছাড়া রক্তস্বল্পতা, শ্বেত রক্তকণিকার পরিবর্তন এবং লিভার বা কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে কি না তা দেখতে কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) ও মেটাবলিক প্যানেল (CMP) পরীক্ষা করা হয়। 


রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজস্ব কোষের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করছে কি না তা দেখতে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি (ANA) টেস্ট করা হয়। এটি অটোইমিউন রোগ শনাক্তের সবচেয়ে পরিচিত প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা। লুপাস বা সজোগ্রেনস সিনড্রোমের মতো রোগে এটি পজিটিভ আসে। তবে সুস্থ মানুষের ক্ষেত্রেও এটি পজিটিভ আসতে পারে, তাই শুধু এএনএ পজিটিভ হলেই রোগ নিশ্চিত হয় না। 


প্রাথমিক পরীক্ষায় সন্দেহ তৈরি হলে নির্দিষ্ট রোগের জন্য আলাদা অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য RF ও Anti-CCP, থাইরয়েডের জন্য Anti-TPO ও TSI, এবং সিলিয়াক ডিজিজের জন্য tTG-IgA।


জয়েন্টের ক্ষয় বা প্রদাহ দেখতে এক্স-রে ও আল্ট্রাসাউন্ড এবং মস্তিষ্ক বা অভ্যন্তরীণ অঙ্গের প্রদাহ দেখতে এমআরআই (MRI) বা সিটি স্ক্যান (CT scan) করা হয়। ত্বক, কিডনি বা অন্ত্রের প্রদাহ নিশ্চিত হতে আক্রান্ত স্থান থেকে সামান্য টিস্যু নিয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করা হয়। 


অটোইমিউন রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য সাধারণত রিউমাটোলজিস্ট (Rheumatologist) বা আক্রান্ত অঙ্গ অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞের (যেমন হরমোনের জন্য এন্ডোক্রাইনোলজিস্ট, ত্বকের জন্য ডার্মাটোলজিস্ট বা পরিপাকতন্ত্রের জন্য গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট) পরামর্শ নেওয়া হয়। 



চিকিৎসা কী সম্ভব?


অটোইমিউন রোগের চিকিৎসা নির্ভর করে রোগের ধরন, আক্রান্ত অঙ্গ এবং রোগের তীব্রতার ওপর। তবে অধিকাংশ অটোইমিউন রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা বা রেমিশনে (Remission) নিয়ে যাওয়া সম্ভব। রেমিশন অবস্থায় রোগের লক্ষণগুলো পুরোপুরি কমে যায় এবং রোগী স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন। চিকিৎসায় সাধারণত কয়েক ধরনের ওষুধ ব্যবহার করা হয়।


- কর্টিকোস্টেরয়েড, শরীরের প্রদাহ ও অতিরিক্ত রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া কমাতে ব্যবহার করা হয়।


- ইমিউনোসাপ্রেসিভ ওষুধ, রোগপ্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণে সাহায্য করে।


- বায়োলজিক ওষুধ, রোগপ্রতিরোধব্যবস্থার নির্দিষ্ট কিছু অংশকে লক্ষ্য করে কাজ করে।


- হরমোন প্রতিস্থাপন, হাশিমোটো ডিজিজের কারণে থাইরয়েড হরমোন কমে গেলে প্রয়োজন অনুযায়ী হরমোন দেওয়া হয়।


জয়েন্ট ও পেশির সচলতা বজায় রাখতে নিয়মিত ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি বেশ কার্যকর। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান এড়িয়ে চলা রোগ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। 


চিকিৎসাবিজ্ঞানে অটোইমিউন রোগ স্থায়ীভাবে সারানোর জন্য নতুন কিছু পদ্ধতি নিয়ে কাজ চলছে যা আশার আলো দেখাচ্ছে। 


- কার-টি সেল থেরাপি 


রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক কোষকে ল্যাবে পরিবর্তন করে পুনরায় শরীরে প্রবেশ করানো হয়, যা ক্ষতিকর অটোঅ্যান্টিবডি তৈরি করা কোষগুলোকে ধ্বংস করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নতুন করে সাজায় (Immune Reset)। লুপাস ও সিস্টেমিক স্ক্লেরোসিসের প্রাথমিক গবেষণায় এটি দীর্ঘমেয়াদী ওষুধমুক্ত সুস্থতা (drug-free remission) দেখিয়েছে।


- স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট 


অত্যন্ত জটিল ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। 


আমাদের শরীরের রোগপ্রতিরোধব্যবস্থা প্রতিনিয়ত অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে আমাদের সুস্থ রাখার চেষ্টা করছে। কিন্তু সেই প্রতিরক্ষাব্যবস্থাই যখন নিজের শরীরের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তৈরি হয় অটোইমিউন রোগের মতো জটিলতা। আর নারীদের ক্ষেত্রে এর ঝুঁকি তুলনামূলক বেশি হলেও এর পেছনের সব কারণ এখনো বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, দীর্ঘদিনের ক্লান্তি, জয়েন্টে ব্যথা, অস্বাভাবিক চুল পড়া কিংবা ত্বকের পরিবর্তনকে সব সময় সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করা ঠিক নয়। আবার এসব লক্ষণ দেখেই আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই। প্রয়োজন উপসর্গের কারণ খুঁজে বের করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া।



তথ্যসূত্র :

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ

জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন

ক্লিভল্যান্ড ক্লিনিক

sidebar ad