কাজী লাবণ্যের ‘অনশ্রু ঈশ্বর’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–২

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬

কাজী লাবণ্যের ‘অনশ্রু ঈশ্বর’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–২

                      ৩

যদুলালের ডিউটি শেষ। পয়সার অভাবে ক’দিন ধরে চোলাই খাওয়া হচ্ছে না। দুপুরে সে কোনোদিন ঘরে ফেরে না। রেলবাজারের নির্ধারিত হরিপদ’র রেস্তোরাঁয় দু’খানা পরোটা, চা, খেয়ে শতবর্ষী শিরিষ গাছের নিচে ঘুমিয়ে থাকে। রেস্তোরায় কিছু কাগজ কাটাই থাকে তাতে রুটি বা পরোটা মুড়িয়ে ছুড়ে দিলে অভ্যস্ত হাতে এরা ধরে ফেলে। আর ছোঁয়া বাঁচিয়ে উপর থেকে মগে চা ঢেলে দেওয়া হয়। তবে এসবের মূল্য ধরে দিলে টাকা নিতে কোনো সমস্যা হয় না দোকানদারদের। 


আজ যদুলাল গৃহস্ত মানুষের মতো গুটি গুটি পায়ে ঘরে ফিরে আসে।


     শ্বশুরকে দেখে যমুনা ভাতের থালা সাজিয়ে দেয়। ভাত থাকার কথা নয়, কিন্তু যমুনা খেতে না পারায় ভাত রয়ে গেছে। সুধাবালা তো আজকাল আর কিচ্ছুটি করে না। স্বামীর খাওয়া শেষ হলে সুধাবালা বারান্দার কোণ থেকে গলা বাড়িয়ে নিচু গলায়, বেশ হাসিমাখা মুখে বলে,

-হেই কিস্না কি বাপো! শুন্যা আপ! শুন্যা! আপ দাদা হউচেন। মিঠাই লে কর আও। 


যদুলাল প্রথমে কিছুই বোঝে না, কিন্তু বহুদিন বাদে স্ত্রীর হাসিমাখা মুখ দেখে, কৌতুকপুর্ণ কন্ঠে নিজেদের ভাষায় কথা শুনে মনে মনে অবাক হয়। স্ত্রী আনন্দে থাকলে নিজের ভাষায় ফিরে যায় নইলে এমনিতে মিশ্রিত ভাষায় কথা বলে। একটু পরে ব্যাপারটা বুঝতে পেরে যদুলাল বেজায় খুশি হয়ে ওঠে। আর খুশির প্রকাশ হয় অদ্ভুতভাবে হো হো শব্দ আর হাসিতে... যমুনা লজ্জা পেয়ে ঘরে ঢুকে যায়।

 

   গতরাতেই বিষয়টা বোঝা গেছে। গা গুলানো, বমি, খাবারে অরুচি দেখে শাশুড়ি সুধাবালা বুঝতে পেরেছে। বউয়ের কানে কথাটা বললে সে মাথা নিচু করে হেসেছিল। রাতে স্বামী হীরালালকে বলাতে সেও খুব খুশি হয়েছিল। বলেছিল,

     -অই যমুনাবতী তোর বাদে য়ুপার ঘুঙুর বানে দেইম। ঝমঝম করি হাঁটি বেড়াবু মুই দেকিম, বলতে বলতে যমুনাকে দুহাতে উপরে তুলে একটা পাক দিয়েছিল আর বলেছিল,

-মুই বাপ হইম রে, বাপ! মুই বাপ হইম! তার বাদে এনা আনন্দ হউক...

এরপর গান ধরে। ওর সারাক্ষণের সঙ্গী গানের কলি,

        

      ‘মেরা জুতা হ্যায় জাপানি, ইয়ে পাতলুন ইংলিশ্তানি 

      সারপে লাল টোপি রুসী ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি’  


   এদের জীবনে আনন্দ বিনোদন বা নতুন কোন খবর তেমন থাকে না। থাকে কে কার মেয়ে বা বউকে নিয়ে পালিয়ে গেল, কে কার ঘরে ঢুকল, কে বউকে মারতে মারতে আধমরা করে ফেলল, কে চোলাই খেয়ে নালা নর্দমায় পড়ে থাকল এইসব খবর। 


কাজেই হীরালালের বউয়ের গর্ভবতী হওয়ার খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ে। পরদিন নন্দ’র পাতানো মাসি চারুবালা যমুনাকে দেখতে আসে। পাকঘরের কোণায় বসে বউয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। বিয়ের কয়েকমাস না যেতেই যমুনা টলটলা, নাদুসনুদুস হইছে, গায়ের মাজা রঙ খোলতাই হইছে। যমুনার দিকে তাকিয়ে থাকতে থাকতে চারুবালা ফিরে যায় নিজের অতীতে। কী যেন বলতে চেয়েও বলতে পারে না।


যমুনা কৌতূহলী দৃষ্টিতে অতিথি চারুবালার মুখের দিকে তাকিয়ে থাকে। আর চারুবালা ফিরে যায় দূর অতীতে... 


৪। 


মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাটালি পাহাড় যা বাটালি হিল নামেও পরিচিত।  চট্টগ্রামের টাইগার পাশ এলাকায় অবস্থিত চট্টগ্রামের শহরের সর্বাধিক উঁচু পাহাড়। এর চুড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বিশাল অংশ পরিষ্কারভাবে দেখা যায়।

   বাটালিহিলে উঠার পথে একেবারে চুড়ার কাছাকাছি ডিমের কুসুম রঙের একটি দ্বিতল ভবন দাঁড়িয়ে আছে। এই ভবনে বাংলাদেশ রেলওয়ের চারজন কর্মকর্তা সপরিবারে বসবাস করেন। প্রবেশমুখের ডানদিকের নিচের ফ্লাটে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম পরিবার নিয়ে বাস করেন। পরিবার বলতে তার একমাত্র সন্তান, স্ত্রী আর ছোট্ট একটি কাজের সহায়ক ছেলে। ভবনের পেছনে কর্মচারীদের আউটহাউজ। সেখানে অফিসারদের পিওন, আর্দালিরা থাকে।


    জাহিদুল ইসলাম জাহিদ একজন বুয়েট পাশ সিভিল ইঞ্জিনিয়ার। একজন সিভিল ইঞ্জিনিয়ার একাডেমিতে শিক্ষকতা করতে কী পছন্দ করেন?  করেন না। কিন্তু তাকে করতে হয়। প্রায় সব অফিসাররা পছন্দ করেন ‘কাজকর্ম’ থাকা পদ। যেখানে নানা ধরনের ‘কাজ’ চলে। রেলওয়েতে এমন পছন্দের পদগুলোর মধ্যে ডিভিশনাল লেভেলে সিভিল ইঞ্জিয়ারদের জন্য, সবদিক থেকে সক্রিয় ও আকর্ষনীয় পদ সারা দেশে হাতে গোনা কয়েকটি মাত্র। এতো এতো অফিসার আর সারাদেশে পদ মাত্র হাতে গোনা কয়েকটি তাই এই পদের জন্য সকলের মধ্যে একটা গোপন প্রতিযোগিতা কাজ করে। 

সাধারণত সরকারী কর্মকর্তাদের তিন বছর পরপর বদলী হয়ে থাকে। লবিং করে কেউ চাইলে নিজেকে কাঙ্ক্ষিত পদে নিতে পারে। কিন্তু সাধারণ নিয়মে তিন বছর একই জায়াগায় থাকতে হয়। 

   যার ধরাধরির ‘লোক’ আছে দেখা যায় সে পছন্দের পদে আনন্দ নিয়ে কাজ করে। 

জাহিদুল ইসলামের ধরাধরির কেউ না থাকায় বাধ্য হয়ে একাডেমিতে শিক্ষকতা করে যান। মুখ বুজে, প্রবল অসন্তষ্টি নিয়ে শিক্ষকতা করেন। রাতে তার ভালো ঘুম হয় না। ছটফট করেন। সব সময় এক ধরনের ক্রোধ আর অসন্তুষ্টি নিয়ে ফুঁসতে ফুঁসতে দিন যাপন করেন।  

       আর এই অসন্তোষের ফল পড়ে সংসারের উপর। স্ত্রী সন্তানের উপর। তাদের উপর জারি হয় নানাবিধ বিধিনিষেধ। প্রতিপদে খ্যাচখ্যাচানি, রাগারাগি। সারা বাসা থাকে থমথমে, নীরব। গুমোট। কেউ কোনো কথা বলতে পারবে না। কোনো স্বাভাবিক পরিবেশ থাকবে না। উনি যা বলবেন, যা করবেন সেটাই সকলের শিরোধার্য হতে হবে। ছোট্ট মেয়েটার কোনো ইচ্ছে অনিচ্ছে, ভালোলাগা না লাগা থাকতে পারবে না। আহ্লাদ আবদার থাকা চলবে না, আর স্ত্রীর তো নয়ই।  

   


          বাংলোর দোতলায় যে অফিসার থাকেন তাঁর চার কন্যা। পপি ও পাপড়ি নামে ছোট কন্যা দুটি নিচের তলার জাহিদুল ইসলামের কন্যা জিনির সমবয়সী। ওরা জিনির বন্ধু। সন্ধ্যা হলেই নিচে নেমে আসে। জিনিদের বাসার পেছনে বড় একটি বাগান আছে। বারান্দা পেরিয়ে চারধাপ সিঁড়ি নেমে গেলেই বাগান। ঠিক সে অর্থে ফুলের বাগান বলা যায় না। সীমানা প্রাচীরের ধার দিয়ে নানা ধরনের বড় বড় বৃক্ষরাজি আকাশপানে উর্দ্ধবাহু হয়ে ধ্যানস্থ। কাঁঠাল, জাম, ঘন একটি কলার থোপ, কৃষ্ণচূড়া, কড়াইসহ কিছু বনজ গাছ আর বেশ বড় একটি খোলা জায়গা। বাচ্চারা আনন্দ নিয়ে খেলতে পারে। মাঝে মাঝে পপি, পাপড়ি, জিনি, সহকারী ছোট্ট ছেলে জসিম, সবাই মিলে লুকোচুরি, কুমির তোর জলকে নেমেছি, এলোনটি লন্টন ঘড়ি বাজে ঠনঠন, এমন আরো সব খেলা খেলে থাকে। বাগানটা কলকল, খলখল হাসিতে উচ্ছল থাকে। 


বারান্দার সিঁড়িতে বসে জিনির মা বই পড়ে আর অবচেতনে বাচ্চাদের খেলা উপভোগ করে। একা একা বেড়ে ওঠা জিনি ওদের সঙ্গে খেলতে পারছে ভেবে সে বিমলানন্দ অনুভব করে। 

       অক্ষরজ্ঞান থেকে শুরু করে এ পর্যন্ত মা-ই জিনির শিক্ষক। মা কী কেবল শিক্ষক? মা-ই তো জিনির বন্ধু, খেলার সাথি, বইপড়ার, গল্পবলার মানুষ। বাবাও জিনিকে খুব ভালোবাসে কিন্তু সবকিছুতে বাবা বড্ড খিটমিটে। 

 

    খিটিরমিটির করার জন্য ইস্যু দরকার। স্ত্রী আজকাল সতর্ক থাকে,  সন্তানের লেখাপড়াটাকে ইস্যু বানিয়ে নিয়ে তিনি চরম অশান্তি শুরু করেন। প্রতিটি ব্যাপার নিয়ে শুরু করেন অসম্ভব বাড়াবাড়ি, ছোট একটি বাচ্চার উপর তিনি কঠিন রুটিন আরোপ করেন। 

 

         জিনি পলোগ্রাউন্ড স্কুলে পড়ে। সে তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে প্রমোশন পেয়েছে। জিনির মা সকালে উঠে মেয়েকে নিয়ে পাহাড় থেকে নেমে রিকশা নিয়ে মেয়েকে বামদিকে বসিয়ে ওর সামনে দিয়ে বাম হাতে রিকশার হুড শক্ত করে ধরে রাখে যেন রিকশা থেকে কোনো অবস্থাতেই মেয়ে পড়ে না যায়। স্কুলে পৌঁছে ও শ্রেণীকক্ষে বসে গেলে কয়েকঘন্টা আর কিছু করার থাকে না। এখানে আরো বেশ কিছু রেলওয়ে অফিসারের সন্তানেরা লেখাপড়া করে। সব মায়েরাই স্কুলে আসে। লাভলী নামে এক ভাবি আছেন তিনি একটা চাদর নিয়ে আসেন। বিশাল আকৃতির শিরিষ গাছের তলে ঘাসের উপর চাদর বিছিয়ে সবাই মিলে বসে থাকা হয়। চলে আড্ডা, গল্প, অবশ্য পরনিন্দা পরচর্চা বাদ যায় না। কেউ আবার সেলাই নিয়ে থাকে। কেউ কুরুশ বোনে। জিনির মা বই পড়ে।  

সবাই চাঁদা তুলে শিঙাড়া, জিলিপি, কিম্বা ছোলা কিনে খাওয়া হয়। সময়টা ভালই কেটে যায়। ছুটি হলে সন্তান নিয়ে বাসায় ফেরা। 

       ফেরার সময়টা মাতা-কন্যা উড়ে উড়ে ফেরে। হয় দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে অথবা কাঠি লাগানো আমড়ায় কামড় দিতে দিতে ফেরা হয়। জিনি ক্লাসের সমস্ত কথা পুটপুট করে মায়ের কাছে বলতে বলতে পথ শেষ হয়। বাটালি পাহাড়ের নিচে এসে রিকশা ছেঁড়ে হেঁটে হেঁটে দুজনে পাহাড় বায়। 

বাসায় এসে গোসল সেরে খাবার খেয়ে ঘুম, বিকেলের কিছু হাতের লেখা, সন্ধ্যায় বাগানে খেলা রাতে ক্লাশের পড়া, এভাবেই চলছিল দিন। 

         

      এরমধ্যে অংক আর ইংলিশ পড়ানোর দায়িত্ব নেন ওর বাবা। খুব ভালো কথা, বাবা সন্তানকে পড়ালে এর চেয়ে ভালো আর কি হতে পারে! কিন্তু সেটাকে ওর বাবা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারেন না। 

প্রথমদিকে কেবল রাতে পড়াতেন। সন্ধ্যাটা ইচ্ছেমত খেলাধুলা করে কাটাত জিনি। 

সপ্তাহে জিনির প্রিয় টিভি সিরিয়াল যেমন রবিনহুড, রোবোকপ দেখাও চলছিল। কিন্তু ধীরে ধীরে জিনির বাবা পড়ার পেছনে আরো সময় বাড়ালে একটু একটু করে জিনির সন্ধ্যার খেলা, রাতের টিভি সিরিয়াল দেখা বন্ধ হতে লাগল।       

  


    দিনদিন এমন কঠিন, অস্বাভাবিক আচরণ শুরু করেন যে এ নিয়ে জিনির মা কিছু বলতে গেলে লেগে যায় ঝগড়া। জিনির মা সহ্য করতে পারে না আবার কিছু বলতেও পারে না। জিনিও কিছু বলে না। কারণ বাবার কাছে বলার মত, সন্তান স্নেহে আবদার করার মতো পরিস্থিতি দিন দিন হারিয়ে যেতে থাকে। পুরো বাসায় কেমন একটা থমথমে ভাব বিরাজ করে। মেয়ে যখন প্রিয় সিরিজ দেখতে পারে না তখন টিভি অন করাই ছেড়ে দেয় জিনির মা। কিন্তু জসিম মানে কাজের সহকারী ছেলেটির জন্য ছাড়তেই হয়। তবে জিনির মা আর টিভি দেখে না।   


        রাত দশটা বাজলে তবে ছুটি মেলে। মেয়ে মুখ ভার করে খেতে আসে। মায়ের বুকটা ব্যথায় টনটন করে। পড়ার নামে এতটুকু বাচ্চাকে কেউ এমন কঠোরভাবে আটকে রাখে! 


খাবার শেষে বিছানায় যায় জিনি। সাথে মাও। মায়ের একটা হাত নিয়ে ঘুমানো জিনির আজন্মের অভ্যাস। হাতটা বুকে জড়িয়ে অতটুকুন বাচ্চা নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। মায়ের কলিজা ছিঁড়ে যায়, কি করবে? কি করা যায়? বাচ্চার এই যন্ত্রণা তার সহ্য হয় না। সে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। জিনির বাবা টেবিলে রাখা খাবার খেয়ে মাঝরাত অবধি জসিমকে সাথে নিয়ে টিভি দেখে। কখন এসে ঘুমায় কেউ জানে না। দিনকে দিন, জীবন একেবারে দুর্বিসহ হয়ে ওঠছে। পড়ানোর নামে, জিনির বাবার অস্বাভাবিকতা দিনদিন বাড়তে থাকে। 


জিনির মা আঁচ করতে পারে বাচ্চা মেয়েটির সব ধরনের বিকাশ ব্যাহত হচ্ছে। 

নিজের প্রতি স্বামীর নির্দয় আচরণগুলি সে আজকাল আর গায়ে মাখে না। তার ভাবনা কেবল জিনিকে নিয়ে।  


   প্রতি মাসে অফিসের কাজে একবার করে জিনির বাবাকে দিন তিন/চারেকের জন্য ঢাকা যেতে হয়। এই তিনটি দিন হয় জিনি ও জিনির মায়ের বুকভরে শ্বাস নেবার দিন, স্বাধীনতার দিন, খোলা আকাশ দেখার দিন।   


জিনির মনে হয়, ‘বাবা আজ নেই, আজ ও একটা প্রজাপতি। ওর ইচ্ছে করে উড়ে বেড়াই, ঘুড়ে বেড়াই’। 


সত্যি সত্যি তারা ইচ্ছেমত খেলে, ইচ্ছেমত টিভি দেখে, তামান্নাদের বাসায় বেড়াতে যায়, হাওয়াই মিঠাই হাতে নিয়ে হুডফেলা রিকশায় বসে খেতে খেতে স্কুল থেকে ফেরে। আনন্দ নামের এক ঝাঁক প্রজাপতি তখন উড়ে বেড়ায় বাটালি পাহাড়ের গা জুড়ে, দোতলা রাস্তাটা জুড়ে, পলোগ্রাউন্ডের মাঠ জুড়ে। কিন্তু হাতে তেমন টাকা পয়সা না থাকায় দুটোর জায়গায় চারটে আইসক্রিম বা চারটে হাওয়াই মিঠাই খাওয়া হয়ে ওঠে না। কিন্তু মা মেয়ের আনন্দের এতটুকু কমতি হয় না তাতে। লেখাপড়ারও কোনো ক্ষতি হয় না।    

     আজকাল পপি, পাপড়িও বোঝে কবে জিনির কাছে আসা যাবে কবে আসা যাবে না।


    জিনির মামু থাকে ও আর নিজাম রোডে, মামুও এই তিনদিনের ফাঁকে জিনিদেরকে পতেঙ্গায় বেড়াতে নিয়ে যায় কিম্বা শপিংমলে নিয়ে গিয়ে বোন ভাগ্নিকে তাদের ইচ্ছেমত কেনাকাটা করে দেয়। আর মামু নিয়মিত জিনির জন্য বই নিয়ে আসে। মায়ের মত জিনির পড়ার অভ্যাস। সে তেমন সময় পায় না। কেবল খাবারের সময় মা খাবার মুখে তুলে দেয় জিনি বই পড়তে পড়তে খেতে থাকে। এভাবেই সে অনেকগুলো বই পড়ে ফেলেছে। মোদ্দা কথা বই পড়ার অভ্যাসটা তার পোক্তভাবেই তৈরি হয়ে গেছে।   


     কিন্তু তিনটে দিন ফুরাতে তিনদিন না নিমিষমাত্র লাগে। লহমায় ফুরিয়ে যায়। জিনির মনটা আবার খারাপ হয় তার চেয়ে বেশী বিমর্ষ হয়ে পড়ে জিনির মা। ধীরে ধীরে অদ্ভুত এক বিষাদে আক্রান্ত হতে থাকে মা। 


    এমনি নিয়ম শৃঙ্খলার পাথুরে পাহাড় ডিঙিয়ে, বিষাদের নদী বেয়ে চলতে চলতে জিনি ৫ম শ্রেণিতে উঠে যায়।

 

        খুব স্বাভাবিক ৫ম শ্রেণিতে সাবজেক্ট বেশি। ওর বাবা লেখা পড়ার সময় আরো বাড়িয়েছেন। বিকেলে বসালে আর উঠতে দিতে চান না। কেবল সন্ধ্যায় জিনির মা ডাকলে ঘড়ি ধরে দশ মিনিট সময় দেন মালটোভা দিয়ে দুধ বা কিছু খেয়ে আসতে। এই সময়টুকুও জিনির মা চেয়ে নিয়েছে। রাতের সময়টাও আরো বাড়ে। আগে ছুটি দিত দশটায় এখন বারোটা বা আরো বেশি বেজে যায়। জিনি মেধাবী। সে মাকে জানায়, ‘একটা বিষয় আমি বুঝে যাই তারপরেও বাবা অহেতুক সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে কচলাতে থাকে’।


    প্রতি রাতে বাচ্চাটা মায়ের একটি হাত জড়িয়ে উল্টো মুখে শুয়ে নীরব অশ্র বয়ে যেতে দেয়। মেয়ের এমন কান্নায় মা স্থির থাকতে পারে না। কিন্তু কিছু বলতে গেলেই সে এমন কুৎসিত আর নির্মম নির্যাতন শুরু করে যা বলার মত নয়। সেই নির্যাতন সহজে থেমে যায় না। এক একবারের ইস্যুতে দমবন্ধ করা অবস্থা থাকে পনের দিন থেকে একমাস কিম্বা তারও বেশি।


   ধীরে ধীরে মা মেয়েতে ঘনিষ্টতা, নিবিড়তা আরো বাড়তে থাকে আর বাবার সাথে দূরত্ব বাড়তে থাকে। বাড়তে বাড়তে তা একসময় অলঙ্ঘনীয় হয়ে উঠতে থাকে।

 

    জিনির স্কুল ফাইনাল পরীক্ষা চলে আসে। সেসময় ওর মা অসুস্থ হয়ে পড়ে। তার কোমর ও পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। চিকিৎসকরা তেমন কিছু ধরতে পারে না। কিছু ব্যথানাশক, কিছু ব্যায়াম দেন আর সম্পুর্ণ বেড রেস্টে থাকতে প্রেসক্রাইব করেন। কিন্তু জিনি স্কুলে যাবে আসবে কিভাবে তা নিয়ে সমস্যা দেখা দেয়। বাটালী পাহাড়ের নিচে থাকে মণিদের পরিবার। মণি জিনির ক্লাসফ্রেন্ড ওদের সাথে কথা বলে ঠিক হয় ফেরার সময় মণির মা জিনিকেও নিয়ে আসবে। বাবা জিনিকে স্কুলে দিয়ে হালিশহর একাডেমীতে যায়, ছুটি হলে মনির মা’দের সাথে ফেরে। কিন্তু সবদিন তা সম্ভব হয় না।  


    শেষ পরীক্ষার দিন। আজ মণির মায়ের সাথে যেতে হবে। জিনির মা সকালে উঠে মেয়ের ব্যাগ গুছিয়ে দিয়েছে। ঘরে বসেই নাস্তার তদারকি করেছে। ইউনিফর্ম পরে নাস্তা সেরে জিনি মায়ের কাছে যায়। মা মেয়ের কল্যাণে দোয়া পড়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিদায় জানায়। 


মেয়ে চলে গেলে সে গোসল করতে যায়। 


নভেম্বরের শেষ, বেশ শীত শীত সকাল। এ সময়ে বারান্দাভরে ঝলমলে রোদ সাদা বেড়ালের মতো গড়াগড়ি খায়। জিনির মায়ের মাথায় বটের ঝুরির মত একঢাল চুল। তা শুকানো বেশ ঝামেলার। হেয়ার ড্রায়ার না লাগিয়ে এই রোদটুকু ধরার জন্য সে জলদি গোসল সেরে বারান্দায় বসে চুল শুকিয়ে নেয়। আজও বসেছে। ভেজা চুলে, পিঠে, নরম রোদের খেলা বেশ ভালো লাগছে। হাতে ‘ম্যাক্সিম গোর্কির মা’য়ের পাতায়ও রোদের টেরাকোটা খেলা। 


   এমন সময় ডোরবেলটা ভীষণ পরিচিত ছন্দে বেজে ওঠে। অর্থাৎ দরজা না খোলা পর্যন্ত বেলের সুইচ থেকে আঙুল সরে না। 

জিনির মায়ের বুকটা অজানা আশংকায় কেন যেন কেঁপে ওঠে। গলা তুলে ডাক দেয়,

-জসিম! এই জসিম! 

জসিমও এই বাজনা চেনে, 

   সে ততক্ষনে ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। দরজার কপাট ফাঁক হতে না হতেই হরিণ ছানার মত একটা ছায়া একছুটে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। ছুটে আসার মুহূর্তটুকুতেই মা দেখতে পায় মেয়ের সাদা শার্ট লাল হয়ে আছে। অজানা ভয়ে, আতংকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সমস্ত শরীরের রোম দাঁড়িয়ে যায়, পায়ের নিচে ভূমিকম্প হতে থাকে। বুকে ঢিপ ঢিপ শব্দ হতে থাকে, কি হয়েছে! কি ঘটেছে!     


sidebar ad