এক টুকরো কাপড়। অথচ তার ভেতরে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস, নদীমাতৃক বাংলার প্রকৃতি, অসংখ্য তাঁতির শ্রম আর বাঙালির নান্দনিকতার এক অনন্য পরিচয় জামদানি।
মুঘল আমলে জামদানি বিশেষ পৃষ্ঠপোষকতা পায়। ষোড়শ থেকে উনিশ শতকের মধ্যে মসলিন ও জামদানি বয়ন তার উৎকর্ষের শিখরে পৌঁছায়। রাজদরবার ও অভিজাত সমাজে এর ব্যবহার ছিল মর্যাদা ও রুচির প্রতীক। সূক্ষ্ম কাপড়ের ওপর জটিল নকশা তৈরির এই কারুশিল্প তখন শুধু পোশাক নয়, অভিজাত জীবনযাপনেরও অংশ হয়ে ওঠে।
আরোও পড়ুন: নারীর ফ্যাশনে ফিরছে ৯০-এর দশকের ফ্লোরাল প্রিন্ট শাড়ি, কীভাবেফুটিয়ে তুলবেন এই লুক?
UNESCO-র স্বীকৃতি: বাংলাদেশের গর্ব-
জামদানির দীর্ঘ যাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক আসে ২০১৩ সালে। UNESCO-র Representative List of the Intangible
Cultural Heritage of Humanity-তে “Traditional art of Jamdani weaving” অন্তর্ভুক্ত হয়।
এই স্বীকৃতি শুধু একটি কাপড়ের আন্তর্জাতিক পরিচিতি নয় এটি সেই তাঁতি সম্প্রদায়ের
দক্ষতা, জ্ঞান ও প্রজন্মান্তরে চলে আসা ঐতিহ্যেরও স্বীকৃতি।
UNESCO বলছে, জামদানি
বয়ন ঐতিহ্য তাঁতিদের সাংস্কৃতিক পরিচয় ও ধারাবাহিকতার সঙ্গে যুক্ত এবং এই জ্ঞান পরিবার
ও শিষ্য-পরম্পরার মাধ্যমে টিকে আছে।
ফ্যাশনে ফিউশন:
শাড়ির সীমানা পেরিয়ে নতুন জামদানি।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সাম্প্রতিক ফ্যাশনে।
জামদানি এখন আর শুধু শাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। ওড়না, কুর্তি, কামিজ, ব্লাউজ,
জ্যাকেট, টপ, স্কার্ফ, ব্যাগসহ নানা পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে জামদানি কাপড় ও নকশার
ব্যবহার দেখা যাচ্ছে।
আর এখানেই তৈরি হচ্ছে জামদানি ফ্যাশন, ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিক কাট, আন্তর্জাতিক সিলুয়েট ও সমকালীন পোশাকের নকশার মেলবন্ধন।
একটি আধুনিক জ্যাকেটের ওপর জামদানির সূক্ষ্ম নকশা, পাশ্চাত্য কাটের পোশাকের
সঙ্গে জামদানি ড্রেপ, কিংবা মিনিমাল পোশাকের সঙ্গে একটি ঐতিহ্যবাহী জামদানি ওড়না।
এসব ব্যবহার জামদানিকে নতুন প্রজন্মের ফ্যাশনের সঙ্গে যুক্ত করছে।
বিশ্ববাজারে অবস্থান :
জামদানির আন্তর্জাতিক সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশি উদ্যোক্তা
ও ডিজাইনাররা জামদানি ব্যবহার করে উচ্চমূল্যের পোশাক তৈরি করে আন্তর্জাতিক বাজারে নেওয়ার
সুযোগ খুঁজছেন।
২০২৩ সালের একটি প্রতিবেদনে The Daily Star জানায়, স্থানীয় তাঁতিদের কাছ
থেকে সোনারগাঁ ও রূপগঞ্জের জামদানি সংগ্রহ করে কিছু বুটিক ডিজাইনার রপ্তানিমুখী পোশাক
তৈরি করছেন। একই প্রতিবেদনে জামদানিকে উচ্চমূল্যের বা high-end apparel-এর সম্ভাবনাময়
উপাদান হিসেবে উল্লেখ করা হয়।
অর্থাৎ ভবিষ্যতের জামদানি শুধু “বাংলাদেশি শাড়ি” হিসেবে নয়—একটি luxury
handcrafted textile হিসেবেও বিশ্ববাজারে নিজের জায়গা তৈরি করতে পারে।
আন্তর্জাতিক বাজারে হস্তশিল্প, হাতে তৈরি কাপড় এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের
প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে জামদানির সূক্ষ্ম নকশা ও সম্পূর্ণ হাতে তৈরি বয়নপ্রক্রিয়া
তার আলাদা মূল্য তৈরি করতে পারে।
জামদানি ঐতিহ্য, না কি ভবিষ্যতের ফ্যাশন?
সম্ভবত দুটোই।
কারণ জামদানির সবচেয়ে বড় শক্তি হলো এটি পুরোনো হয়েও পুরোনো হয়ে থাকতে বাধ্য
নয়। একসময় যে নকশা রাজদরবারের পোশাকে জায়গা করে নিয়েছিল, আজ সেই নকশাই আধুনিক
জ্যাকেট, কুর্তি কিংবা ফিউশন পোশাকে নতুন পরিচয় পাচ্ছে।
তবে এই আধুনিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত একটাই ফিউশন যতই হোক, জামদানির
আসল বয়নশিল্প ও তাঁতির মর্যাদা যেন হারিয়ে না যায়।
UNESCO-ও জামদানির বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে উৎপাদক ও কারুশিল্পীদের যেন
প্রধান উপকারভোগী করা হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছে।
জামদানি তাই কেবল আমাদের মায়ের আলমারির প্রিয় শাড়ি নয়। এটি বাংলাদেশের
জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য যা অতীত থেকে বর্তমান পেরিয়ে এখন বিশ্ব ফ্যাশনের দরজায় কড়া
নাড়ছে।
তাঁতের প্রতিটি সুতোয় যে গল্প লেখা হয়, তার নাম জামদানি।
আর জামদানির সেই ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে একটি জামদানি ফ্যাশন লুক।
ঢাকা/টিএ