তাপসী মরিয়ম
কৃষিবিদ্যা ও রন্ধনশিল্প একে অপরের পরিপূরক। কৃষকের উৎপাদিত পণ্যই একসময় রান্নাঘরে আসে, আর রন্ধনশিল্পীর হাত ধরে তা পৌঁছে যায় খাবার টেবিলে। এই পুরো যাত্রায় খাবারকে পুষ্টিকর, সুস্বাদু ও আকর্ষণীয় করে তোলাই আমার কাজ। বিশেষ করে মাছের পুষ্টিগুণ মানুষের কাছে তুলে ধরা এবং মাছ খাওয়ার প্রতি আগ্রহ তৈরি করতে আমি কাজ করছি।
মাছ অত্যন্ত ভালো প্রোটিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও বিভিন্ন ভিটামিন। পাশাপাশি মাছ থেকে উপকারী ফ্যাটও পাওয়া যায়। এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও বর্তমান প্রজন্মের অনেক শিশু-কিশোর মাছ খেতে চায় না। কারও মাছের গন্ধ ভালো লাগে না, আবার পরিবার থেকেও অনেক সময় মাছ খাওয়ার বিষয়ে যথেষ্ট উৎসাহ পায় না। বিষয়টি দুঃখজনক। অথচ মাছের পুষ্টি শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখন মৎস্য উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়েছে। চাষের মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ—বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে। মাছ শুধু পুষ্টির উৎস নয়, এটি পেশা ও উদ্যোক্তা তৈরিরও একটি বড় ক্ষেত্র। এ জন্য মাছের প্রতি আগ্রহ তৈরি করা এবং এর বহুমুখী ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি।
আমি মৎস্য অধিদপ্তরে কাজ করার পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও বিভিন্ন উদ্যোগে যুক্ত আছি। স্কুলে গিয়ে শিশুদের মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাই। তাদের কাছে মাছের পরিচিত স্বাদের বাইরে নতুন নতুন খাবার তুলে ধরার চেষ্টা করি। যেমন—ফিশ বার্গার, ফিশ কাটলেট, ফিশ বল, চিজ ফিশ বল ও ফিশ ফিঙ্গার। বর্তমানে শিশুদের মধ্যে ফাস্টফুডের প্রতি আগ্রহ এবং স্থূলতার প্রবণতা বাড়ছে। তাই মাছ দিয়ে সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি করে তাদের আকৃষ্ট করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী মা এবং অভিভাবকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলি। বিশেষ করে ব্যস্ত মায়েদের জন্য মাছের তৈরি সহজলভ্য ও প্রস্তুত খাবার হতে পারে ভালো বিকল্প। একই সঙ্গে নারীদের ঘরে বসে ক্যাটারিং বা মাছভিত্তিক খাদ্যপণ্য তৈরির উদ্যোগ নেওয়ারও সুযোগ রয়েছে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে নারীর আয় ও কর্মসংস্থানের পথ তৈরি হবে।
মৎস্য উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিল্পোদ্যোক্তা, হ্যাচারি ও নার্সারি উদ্যোক্তাদের গবেষণা ও উদ্যোগের জন্য অর্থায়নের ব্যবস্থাও রয়েছে। এ ধরনের সহায়তা মৎস্য খাতের নতুন সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখতে পারে।
তবে মাছ নিয়ে ব্যবসা শুরু করতে হলে আগে জানতে হবে। মাছের পুষ্টিগুণ, সংরক্ষণ, নিরাপদ খাদ্য প্রস্তুত, রান্নার পদ্ধতি এবং বাজার সম্পর্কে পড়াশোনা ও প্রশিক্ষণ প্রয়োজন। বাণিজ্যিক উদ্যোগের আগে প্রয়োজন গবেষণা ও পরিকল্পনা। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী মাছের রান্নাগুলো সংরক্ষণ ও নতুনভাবে উপস্থাপন করা দরকার। কারণ বাংলাদেশের আঞ্চলিক মাছের পদগুলো স্বাদ ও বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ।
রন্ধনশিল্পের মাধ্যমে দেশের মাছ ও খাবারকে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত করা সম্ভব। আমার এক অস্ট্রেলীয় বন্ধু বাংলাদেশে এসে ডাল দিয়ে তৈরি পেঁয়াজু খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিল যে এখন সে অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতেই পেঁয়াজু তৈরি করে। নেদারল্যান্ডসের আরেক বন্ধুকে চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসিপি দিয়েছিলাম। সে রান্না করে প্রশংসা করেছে। এ অভিজ্ঞতাগুলো আমাকে বুঝিয়েছে, আমাদের খাবারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে।
আমি মনে করি, কৃষিবিদ ও রন্ধনশিল্পী হিসেবে মাছের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য এবং মাছভিত্তিক উদ্যোক্তা তৈরিতে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে মাছের পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়বে, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশীয় মাছ ও রান্নার ঐতিহ্য বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
লেখক: রন্ধনশিল্পী, রেসিপি কন্ট্রিবিউটর ও কৃষিবিদ