জীবনের কিছু লড়াই থাকে, যা পর্দার গল্পকেও হার মানায়। কখনো সেই লড়াই অসুস্থতার সঙ্গে, কখনো নিজের স্বপ্ন আর ভালোবাসার জায়গায় ফিরে আসার। অভিনেত্রী তানিয়া বৃষ্টির গত নয় মাসের জীবন যেন তেমনই এক কঠিন অধ্যায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়া, অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপি—সব মিলিয়ে দীর্ঘ সময় তাঁকে থাকতে হয়েছে অভিনয়ের জগৎ থেকে দূরে। তবে কঠিন সময় পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। আর ফিরেই পেয়েছেন দর্শকের ভালোবাসা ও প্রশংসা।
গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফেরার নতুন অধ্যায় শুরু হয় তাঁর। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁর ভক্তরা।
তবে ‘অংশীদার’ শুধু তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরার গল্প নয়, নাটকটির মূল উপজীব্যও বেশ গুরুত্বপূর্ণ। পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—সমাজের পরিচিত বাস্তবতাগুলো উঠে এসেছে এতে। অনেক নারীর জীবনের সঙ্গে মিলে যাওয়ার মতো একটি গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়ায় উঠে এসেছে সমাজের এক কঠিন বাস্তবতা। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে অনেকেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সুমাইয়া নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’
ফারজানা নামের আরেক দর্শকের মন্তব্যেও উঠে এসেছে বাস্তব জীবনের অভিজ্ঞতা। তিনি লিখেছেন, তাঁদের পরিবারেও দুই বোন। বাবা মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের নানা রূপ দেখেছেন তাঁরা। তবে বাবা জীবিত থাকতেই তাঁদের নামে সম্পত্তির দলিল করে দিয়ে গেছেন।
এমন প্রতিক্রিয়াই যেন প্রমাণ করে, ‘অংশীদার’ কেবল বিনোদনের জন্য নির্মিত একটি নাটক নয়; বরং অনেক দর্শকের জীবনের না-বলা গল্পও তুলে ধরেছে। নারীর সম্পত্তির অধিকার ও আত্মমর্যাদার প্রশ্নটি নতুন করে আলোচনায় এনেছে নাটকটি।
অন্যদিকে, তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনও দর্শকদের আবেগের বড় একটি জায়গা হয়ে উঠেছে। নাটকের মন্তব্যের ঘরে তাঁকে সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন অনেকে। একজন দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’ আরেকজনের কথায়, প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখতে পাওয়াটাই সবচেয়ে আনন্দের।
নাটকটির ভিউও দর্শকের আগ্রহের কথা বলছে। মুক্তির পর এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার বার। দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। তাঁর ভাষায়, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তাঁরা। অল্প সময়ের মধ্যে দর্শকের এমন ভালোবাসা পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা।
তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা নিয়েও রয়েছে নির্মাতার আলাদা আবেগ। ইকসান রনি জানান, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ার পর সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। পরে আবার যোগাযোগ শুরু হয়। গল্পটি পড়ে তানিয়া নিজেই ফোন করে জানান, তিনি কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুদিন প্রস্তুতির জন্য সময়ও দিয়েছেন তাঁরা।
নির্মাতার চোখে, দীর্ঘ বিরতির পর তানিয়াকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। চরিত্রটিতেও তিনি দারুণ অভিনয় করেছেন বলে মনে করেন ইকসান রনি।
অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকা একজন শিল্পীর জন্য আবার ক্যামেরার সামনে দাঁড়ানো নিঃসন্দেহে বিশেষ অনুভূতির। আর সেই প্রত্যাবর্তন যদি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়, তবে তা হয়ে ওঠে আরও আনন্দের। তানিয়া বৃষ্টির ক্ষেত্রেও যেন তেমনটাই ঘটেছে। ‘অংশীদার’ দিয়ে তিনি শুধু অভিনয়ে ফেরেননি, ফিরে পেয়েছেন দর্শকের অপেক্ষা, ভালোবাসা ও শুভকামনাও।
জীবনের কঠিন সময় পেরিয়ে নিজের প্রিয় জায়গায় ফিরে আসার এই গল্প তাই তানিয়া বৃষ্টির জন্য এক নতুন শুরুর বার্তা। দর্শকের প্রত্যাশা, সুস্থতা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে আবারও নিয়মিত অভিনয়ে দেখা যাবে তাঁকে।