খাবার ফ্রেশ রাখতে এবং দীর্ঘস্থায়ী করতে রেফ্রিজারেটরের কোন বিকল্প নেই। আমরা প্রায়শই মনে করি এটি আমাদের সমস্ত পচনশীল জিনিসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। কিন্তু তাই বলে রান্নাঘরের সব খাবারের ঠিকানা ফ্রিজ নয়।
কর্মব্যস্তময় জীবনে একটা ভালো রেফ্রিজারেটরের প্রয়োজন অনস্বীকার্য। এটি
খাবার সংরক্ষণের পাশাপাশি আমাদের কাজ অনেক সহজ করে দেয়। কিন্তু অনেক সময় এমন কিছু খাবার
রয়েছে যেগুলো অতিরিক্ত ঠান্ডায় রাখলে তাদের স্বাদ, গন্ধ, গঠন ও মান নষ্ট হতে পারে।
এতে সংরক্ষণের পুরো উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। তাই কোন খাবার কোথায় রাখবেন, সেটাও খাবার
সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।
ব্রেড বা পাউরুটি:
এই বিষয় নিয়ে অনেক বিতর্ক থাকলেও ব্রেড বা রুটি ফ্রিজে রাখা উচিৎ নয়। রুটির
স্টার্চের অণুগুলো শীতল তাপমাত্রায় খুব দ্রুত ক্রিস্টালাইজ হয়ে যায়, যার দরুন এটি রুটিকে
শক্ত ও বাসি স্বাদযুক্ত করে তোলে।
তাই এক-দুই দিনের মধ্যে খাওয়ার হলে পাউরুটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায়,
শুকনো ও বায়ুরোধী পাত্রে রাখা ভালো। তবে অনেকদিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখার চেয়ে
ফ্রিজারে জমিয়ে রাখা ভালো বিকল্প।
আলু:
আলু ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ঠান্ডা তাপমাত্রায় আলুর স্টার্চের একটি
অংশ চিনিতে পরিণত হতে পারে, যা স্বাদ ও রান্নার ধরনকে প্রভাবিত করতে পারে।
আলু বা মিষ্টি আলু সরাসরি সুর্যালোক থেকে দূরে শুষ্ক, অন্ধকার ও বাতাস
চলাচল করে এমন জায়গায় রাখুন। প্লাস্টিকের ব্যাগের
পরিবর্তে কাগজের ব্যাগ বা ঝুড়ি ব্যবহার করা ভালো। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যেও
আলু ও মিষ্টি আলুকে ফ্রিজের বাইরে, প্রায় ৬০–৭০°F তাপমাত্রায় শুকনো স্থানে রাখার পরামর্শ
দেওয়া হয়েছে।
টমেটো:
তরকারীর স্বাদকে বাড়িয়ে তুলতে টমেটোর কোন বিকল্প নেই। নিজের লাগানো হোক
অথবা বাজার থেকে কেনা হোক টমেটো কম বেশি আমরা সবাই সংরক্ষণ করে রাখতে চাই। রসালো ও
সুস্বাদু টমেটোর জন্য ফ্রিজ সবসময় ভালো জায়গা নয়। বিশেষ করে কাঁচা বা আধাপাকা টমেটো
ঘরের তাপমাত্রায় রাখলে স্বাভাবিকভাবে পাকতে পারে। ফ্রিজের ঠান্ডা পরিবেশ সেই পাকার
প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। এছাড়াও, ফ্রিজের তাপমাত্রা টমেটোর ত্বকের ক্ষতি করে,
যার ফলে একধরনের জলীয় টেক্সচার চলে আসে। এতে টমেটোর স্বাদ ও গঠনেও নেতিবাচক প্রভাব
ফেলতে পারে।
তাই পুরোপুরি পাকা না হওয়া টমেটো সরাসরি সূর্যের আলো থেকে দূরে, ঘরের স্বাভাবিক
তাপমাত্রায় রাখুন। খুব বেশি পেকে গেলে কয়েক দিনের জন্য ফ্রিজে রাখা যেতে পারে।
মধু:
মধু একটি প্রাকৃতিক সংরক্ষণকারী, তাই তা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এর
কম পানির পরিমাণ ও অম্লীয় পরিবেশের কারণে মধু দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। তবে ফ্রিজে
রাখলে এটি দ্রুত ঘন হয়ে স্ফটিক বা দানাদার হয়ে যেতে পারে।
তাই মধু রাখুন ঢাকনাযুক্ত পাত্রে, শুষ্ক ও ঘরের স্বাভাবিক তাপমাত্রায়।
অ্যাভোকাডো:
স্বাস্থ্য সচেতন অনেকেই স্ম্যাশড বা সালাদে অ্যাাভোকাডো পছন্দ করেন। অ্যাভোকাডো
শক্ত বা কাঁচা অবস্থায় ফ্রিজে রাখবেন না। এতে স্বাভাবিকভাবে পাকার প্রক্রিয়া ধীর হয়ে
যায়। বরং ঘরের তাপমাত্রায় রেখে পাকতে দিন।
তবে অ্যাভোকাডো পুরোপুরি পেকে গেলে এবং সঙ্গে সঙ্গে খেতে না চাইলে কয়েক
দিনের জন্য ফ্রিজে রাখা যায়। এতে পাকার গতি কিছুটা ধীর হবে।
পেঁয়াজ:
শুকনো পেঁয়াজের জন্য ফ্রিজ আদর্শ জায়গা নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে পেঁয়াজ
নরম হয়ে যেতে পারে এবং দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।
শুকনো পেঁয়াজ রাখুন শুষ্ক, অন্ধকার ও বাতাস চলাচল করে এমন জায়গায়। তবে
পেঁয়াজ কেটে ফেললে অবশ্যই ঢাকনাযুক্ত পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হবে
শসা:
শসা খুব ঠান্ডা পরিবেশে রাখলে এর গঠন ও স্বাদে পরিবর্তন আসতে পারে। তাই
অল্প সময়ের জন্য ঘরের তুলনামূলক ঠান্ডা জায়গায় রাখা যেতে পারে। তবে দীর্ঘক্ষণ বাইরে
রাখলে দ্রুত নষ্টও হতে পারে—তাই এটি সম্পূর্ণ “ফ্রিজ-বিরোধী” খাবার নয়।
কফি:
সকালের ঘুমভাব অথবা ক্লান্তি কাটাতে এক কাপ কফির কোন তুলনা নেই। কফির বিন
বা গুঁড়া কফি ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, এমন ধারণা প্রচলিত হলেও এটি খুব একটা
কার্যকর নয়। আপনি যদি সুগন্ধযুক্ত কফির স্বাদ
আস্বাদন করতে চান তবে ফ্রিজে কফি বিন সংরক্ষণ করা বন্ধ করুন। ফ্রিজের আর্দ্রতা ও আশপাশের
খাবারের গন্ধ কফির নিজস্ব সুগন্ধ ও স্বাদে প্রভাব ফেলতে পারে।
কফি রাখুন বায়ুরোধী, আলো-আর্দ্রতা থেকে সুরক্ষিত পাত্রে, ঠান্ডা ও অন্ধকার
জায়গায়।
চকোলেট:
চকোলেট ফ্রিজে রাখলে তাপমাত্রার পরিবর্তন ও আর্দ্রতার কারণে এর ওপর সাদা
আস্তরণ দেখা দিতে পারে। এতে চকোলেট সাধারণত নষ্ট হয়ে যায় না, তবে এর মসৃণতা ও সৌন্দর্য
নষ্ট হতে পারে। তাই ঠান্ডা, শুষ্ক জায়গায় রাখাই ভালো।
ফ্রেশ হার্ব:
সব ধরনের হার্বের সংরক্ষণ পদ্ধতি এক নয়। তুলসী ঠান্ডা পরিবেশে সহজেই ক্ষতিগ্রস্ত
হতে পারে। তাই এটিকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, পানিতে ডাঁটা ডুবিয়ে ফুলের মতো সংরক্ষণ
করা যায়।
অন্যদিকে ধনিয়াপাতা, পুদিনা, পার্সলে ইত্যাদি সাধারণত ফ্রিজে রাখাই ভালো;
তবে অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে। তাই এগুলোকে শুকনো করে কাগজের তোয়ালে দিয়ে আলগাভাবে মুড়ে
বা উপযুক্ত পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে।
শুকনো মসলা:
গুঁড়া মসলা, যেমন মরিচ, হলুদ, জিরা বা ধনে গুঁড়া সাধারণত ফ্রিজে রাখার
প্রয়োজন নেই। বরং আর্দ্রতা ঢুকে গেলে দলা বাঁধতে পারে এবং গন্ধ-স্বাদ কমে যেতে পারে।
বায়ুরোধী পাত্রে, শুকনো ও অন্ধকার জায়গায় রাখুন।
ফ্রিজে রাখা উচিত নয় মানেই যে খাবারটি কখনোই ফ্রিজে রাখা যাবে না, এমনটি
নয় কিন্তু। খাবারটি কাঁচা, পাকা, কাটা নাকি রান্না করা; তার ওপর সংরক্ষণের নিয়ম বদলে
যায়।
মনে রাখবেন, ফ্রিজ খাবার সংরক্ষণের জাদুর বাক্স নয়। সঠিক খাবারের জন্য
সঠিক তাপমাত্রা ও সঠিক সংরক্ষণ পদ্ধতিই খাবারের স্বাদ, গুণমান এবং নিরাপত্তা বজায় রাখার
চাবিকাঠি। ফ্রিজে রাখার প্রয়োজন আছে এমন খাবার দ্রুত ফ্রিজে রাখতে হবে এবং রেফ্রিজারেটরের
তাপমাত্রা ৪°C/৪০°F বা তার নিচে
রাখা নিরাপদ খাদ্য সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম।
ঢাকা/টিএ