১৭০০ শতকের লন্ডনের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত সুন্দরীদের একজন ছিলেন মারিয়া গানিং। তাঁর সৌন্দর্যে মুগ্ধ ছিল তৎকালীন অভিজাত সমাজ। তাঁকে এক নজর দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো। এতো এতো ভিড় জমে যেত যে, নিরাপত্তার জন্য রাজকীয় পাহারার ব্যবস্থাও করতে হয়েছিল, ভাবা যায়! মারিয়ার এই সৌন্দর্যই বদলে দিয়েছিল তাঁর সামাজিক অবস্থানও। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা মারিয়া জর্জ উইলিয়াম কোভেন্ট্রিকে বিয়ে করে পরিচিত হন 'কাউন্টেস অব কোভেন্ট্রি' নামে। এভাবে সৌন্দর্যের জোরেই ব্রিটিশ অভিজাত সমাজের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। গল্পটা এখানেই শেষ হয়ে গেলেও পারতো। কিন্তু সৌন্দর্যের এই গল্পের আড়ালেই লুকিয়ে ছিল এক বিপজ্জনক অধ্যায়। কাঙ্ক্ষিত রূপ ধরে রাখতে মারিয়া ব্যবহার করতেন এমন এক প্রসাধনী, যার উপাদান ছিল শরীরের জন্য বিষাক্ত!
অষ্টাদশ শতকে ইউরোপের অভিজাত নারীদের মধ্যে ফর্সা, প্রায় সাদা ত্বককে সৌন্দর্যের আদর্শ মনে করা হতো। সেই সৌন্দর্য পেতে তাঁরা ব্যবহার করতেন বিভিন্ন ধরনের প্রসাধনী। এর মধ্যে ছিল ভেনিশিয়ান সেরুজ (Venetian ceruse) নামক এক ধরনের প্রসাধনী, যার প্রধান উপাদান ছিল সিসা বা লেডের যৌগ। এটি ত্বককে সাময়িকভাবে উজ্জ্বল ও ফর্সা দেখাতো। মারিয়াও এই প্রসাধনী ব্যবহার করতেন। কথিত আছে, তাঁর স্বামী এই অতিরিক্ত প্রসাধনী ব্যবহার একদমই পছন্দ করতেন না। কিন্তু সৌন্দর্যের এই চর্চা ছিল ভয়ংকর বিপজ্জনক। একটা সময় সিসাযুক্ত প্রসাধনী নিয়মিত ব্যবহারের ফলে মারিয়ার ত্বকে মারাত্মক ক্ষত ও দাগ তৈরি হতে শুরু করে। সেই দাগ ঢাকতে তিনি আরও বেশি পরিমাণে সিসার প্রলেপ লাগাতেন। ধীরে ধীরে এই বিষাক্ত সিসা ত্বকের মাধ্যমে তার রক্তে মিশে যায় এবং শরীরের ভেতরে বিষক্রিয়া শুরু হয়। মাত্র ২৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ হিসেবে ঐতিহাসিক জীবনীতে যক্ষ্মার উল্লেখ রয়েছে। তবে দীর্ঘদিন সিসাযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণে তাঁর স্বাস্থ্যের ক্ষতি হয়েছিল বলে ধারণা করা হয়।
সময়ের সঙ্গে বদলেছে সৌন্দর্যচর্চার ধরন, এসেছে আধুনিক প্রসাধনী ও প্রযুক্তি। কিন্তু ফর্সা ত্বকের প্রতি আকর্ষণ কি সত্যিই কমেছে? বাজারে মিলছে নানা ধরনের ফেয়ারনেস ক্রিম, হোয়াইটেনিং ক্রিম ও স্কিন লাইটেনিং সিরাম। বিজ্ঞাপনেও প্রচারিত হচ্ছে দ্রুত ফর্সা হওয়ার নানা প্রতিশ্রুতি। কিন্তু এসব ক্রিম কতটা নিরাপদ? ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে অজান্তেই ত্বক ও শরীরের ক্ষতি করছি না তো?
ফর্সা ত্বকের মোহ, নাকি সামাজিক চাপ?
মুখে আমরা বর্ণবৈষম্য নিয়ে যতোই বড় বড় বুলি আওড়াই না কেনো গায়ের রং নিয়ে মানুষের মনের মাঝে যে ধারণা তৈরি হয় তাতে পরিবার, সমাজ, সংস্কৃতি ও প্রচারমাধ্যমের প্রভাব রয়েছে। বর্তমানেও ফর্সা ত্বকের পেছনে ছোটাদের ক্ষেত্রে সামাজিক চাপই প্রধান চালিকাশক্তি, যা পরবর্তীতে ব্যক্তিগত মোহে রূপ নেয়। দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক সমাজে আজও পাত্রী বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে গায়ের রংকে বড় যোগ্যতা হিসেবে দেখা হয়। কারও গায়ের রং একটু চাপা হলে তাঁকে ফর্সা হওয়ার পরামর্শ দেওয়া হয়। কর্পোরেট বা মিডিয়া জগতে অনেক সময় অলিখিতভাবে ফর্সা ও আকর্ষণীয় চেহারাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এর ফলে মানুষের মনে ধারণা জন্মায় যে ফর্সা না হলে জীবনে সফল হওয়া কঠিন। আর শৈশব থেকেই কালো বা শ্যামলা গায়ের রঙের কারণে স্কুল, কলেজে বুলিং এর শিকার হতে হয় অনেককেই। এই মানসিক আঘাত ও হীনম্মন্যতা থেকে বাঁচতে অনেকেই গায়ের রং বদলানোর চেষ্টা করেন।
শুধু কি সামাজিক চাপ, বাণিজ্যিক প্রচারণা বা বিজ্ঞাপনেরও একটা মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। কসমেটিকস কোম্পানিগুলো দীর্ঘকাল ধরে বিজ্ঞাপনে দেখিয়ে আসছে যে, একটি নির্দিষ্ট ক্রিম ব্যবহার করলেই আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের সব বাধা দূর হবে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে 'ফেয়ারনেস' শব্দের বদলে 'গ্লো' বা 'ব্রাইটনেস' শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু মূল বার্তাটি আগের মতোই রয়ে গেছে।
দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে স্কিন লাইটেনিং পণ্যের ব্যবহার নিয়ে ২০২৩ সালে জেএমআইআর ডার্মাটোলজি (JMIR Dermatology) -তে প্রকাশিত একটি গবেষণায় ১৭৫ জন দক্ষিণ এশীয় নারী ও নন-বাইনারি ব্যক্তির ওপর জরিপ করা হয়। অংশগ্রহণকারীর মধ্যে ৩১ শতাংশ উত্তরদাতা পূর্বে ত্বক ফর্সাকারী পণ্য ব্যবহার করেছেন বলে জানান। পণ্য ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশ কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। গবেষণায় এই প্রথাটি টিকিয়ে রাখার ক্ষেত্রে পারিবারিক চাপ এবং সাংস্কৃতিক সৌন্দর্যের মানদণ্ডের সঙ্গে এসব পণ্য ব্যবহারের সম্পর্কও উঠে আসে।
ফেয়ারনেস ক্রিমে কী থাকে?
ফেয়ারনেস বা ত্বক উজ্জ্বল করার ক্রিমে মূলত এমন সব উপাদান থাকে যা ত্বকের রঞ্জক পদার্থ মেলানিন তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বা কমিয়ে দেয়। বাজারের সাধারণ ও অনুমোদিত স্কিন-ব্রাইটেনিং ক্রিম এবং অননুমোদিত বা অবৈধ দ্রুত ফর্সাকারী ক্রিমের উপাদানে বড় ধরনের পার্থক্য থাকে। স্বনামধন্য ব্র্যান্ডের ক্রিমে ত্বকের কালচে ভাব বা দাগ কমাতে নায়াসিনামাইড, ভিটামিন সি, কোজিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিড, সানস্ক্রিন উপাদানগুলো পরিমিত মাত্রায় ব্যবহৃত হয়।
কিন্তু আজকাল বাজারে প্রচলিত অনেক সস্তা, নকল বা স্থানীয়ভাবে তৈরি "রাতারাতি ফর্সা করার" ক্রিমে নিষিদ্ধ বা মাত্রাতিরিক্ত রাসায়নিক মেশানো হয়, যা ত্বক ও শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেমন-
- পারদ বা Mercury:
ত্বক ফর্সা করার কিছু অননুমোদিত ক্রিমে পারদ ব্যবহার করা হয়। দ্রুত মেলানিন কমিয়ে ত্বক সাদা করার জন্য অবৈধভাবে এটি মেশানো হয়। কিন্তু শরীরের জন্য এটি মারাত্মক বিষাক্ত। ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে পারদ কিডনি, স্নায়ুতন্ত্র ও অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন ব্যবহারে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে।
- হাইড্রোকুইনোন (Hydroquinone):
এটি ত্বকের মেলানিন উৎপাদন কমাতে ব্যবহৃত একটি উপাদান। মেছতা, হাইপারপিগমেন্টেশন ও কিছু কালচে দাগের চিকিৎসায় চর্মরোগ বিশেষজ্ঞরা নির্দিষ্ট ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। তবে নিজের ইচ্ছেমতো দীর্ঘদিন ব্যবহার করা নিরাপদ নয়। এতে ত্বকে জ্বালাপোড়া, র্যাশ, মুখ ফুলে যাওয়া এবং বিরল ক্ষেত্রে স্থায়ী নীলচে-কালচে বিবর্ণতা হতে পারে।
- স্টেরয়েড (Corticosteroids):
কিছু ক্রিমে শক্তিশালী স্টেরয়েড মেশানো থাকে। এগুলো প্রদাহ কমানোর ওষুধ, ত্বক ফর্সা করার সাধারণ প্রসাধনী নয়। এটি সাময়িকভাবে ত্বক ফর্সা ও উজ্জ্বল দেখালেও দীর্ঘমেয়াদে ত্বক পাতলা করে ফেলে। এর ফলে মুখে ব্রণ, অবাঞ্ছিত লোম গজানো এবং ক্রিম বন্ধ করলে ত্বক আগের চেয়েও বেশি কালো হয়ে যাওয়ার (Rebound pigmentation) সমস্যা দেখা দেয়।
- সীসা (Lead) ও আর্সেনিক:
কিছু নিম্নমানের প্রসাধনীতে ভারী ধাতু হিসেবে সীসা পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদে শরীরে বিষক্রিয়া ঘটায়
বাংলাদেশের বাজারেও কি আছে ঝুঁকি?
শুধু বিদেশের বাজারে নয়, বাংলাদেশেও ফেয়ারনেস ক্রিম নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। দেশের বাজার ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে '৭ দিনে ফর্সা হওয়ার গ্যারান্টি" এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি হওয়া বহু জনপ্রিয় ও আমদানিকৃত স্কিন-হোয়াইটেনিং ক্রিমে অনুমোদিত মাত্রার চেয়ে হাজার গুণ বেশি বিষাক্ত পারদ, হাইড্রোকুইনোন, স্টেরয়েড পাওয়া গেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) বিভিন্ন সময়ে বাজার থেকে নমুনা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন পাওয়ায় একাধিক বিদেশি ব্র্যান্ডের (বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে চোরাই বা লাগেজ পার্টির মাধ্যমে আসা) ক্রিম বিক্রি, মজুত ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
২০২৫ সালের জুনে 'এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)' এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি জনপ্রিয় ক্রিমের মধ্যে ২২টিতেই অনুমোদিত সীমা (১ পিপিএম) ছাড়িয়ে ভয়াবহ মাত্রায় (কিছু ক্ষেত্রে ২৪,৮০০ পিপিএম পর্যন্ত) পারদ রয়েছে।
এমনকি ২০২৬ সালের আগস্টে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) আটটি স্কিন হোয়াইটেনিং ক্রিমের নমুনা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রায় পারদ (Mercury) পাওয়ার পর সেগুলো ক্রয়, বিক্রয়, মজুত, বিতরণ ও ব্যবহারের বিষয়ে জনসতর্কতা জারি করে। সংস্থাটির পরীক্ষায় এসব ক্রিমে পারদের মাত্রা পাওয়া যায় ৪৪.৭২ থেকে ১২৩.৩৭ ppm পর্যন্ত, যেখানে অনুমোদিত সর্বোচ্চ সীমা ১ ppm। অর্থাৎ, কয়েকটি পণ্যে গ্রহণযোগ্য সীমার তুলনায় বহু গুণ বেশি পারদ পাওয়া গেছে।
বিএসটিআই জানায়, এই পণ্যগুলো বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে চোরাই পথে বা লাগেজ পার্টির মাধ্যমে দেশের বাজারে প্রবেশ করছিল। ফলে বাজারজাত করার আগে সংস্থাটি এগুলোর মান যাচাইয়ের সুযোগ পায়নি। দীর্ঘদিন এই মাত্রার পারদযুক্ত ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়ার পাশাপাশি কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে।
ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কী কী ক্ষতি হতে পারে?
ক্ষতিকর রাসায়নিকযুক্ত (বিশেষ করে পারদ, স্টেরয়েড এবং অতিরিক্ত হাইড্রোকুইনোন) ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে ত্বকের স্থায়ী ক্ষতির পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গও মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ক্ষতি যা হতে পারে:
- ক্রিমে থাকা শক্তিশালী স্টেরয়েড ত্বকের কোলাজেন নষ্ট করে ওপরের স্তরকে পাতলা করে ফেলে। এর ফলে ত্বকের নিচের রক্তনালিগুলো লালচে দাগ বা সূক্ষ্ম জালের মতো বাইরে থেকে দেখা যায়।
- ক্রিম ব্যবহার বন্ধ করার সাথে সাথে ত্বক আগের চেয়েও বেশি কালো ও খসখসে হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন হাইড্রোকুইনোন ব্যবহার করলে ত্বকে স্থায়ী নীলচে-কালো ছোপ পড়ে, যা চিকিৎসা করেও সহজে সারানো যায় না।
- স্টেরয়েডের প্রভাবে মুখে তীব্র ব্রণ হতে পারে এবং মহিলাদের মুখমণ্ডলে অবাঞ্ছিত লোম গজাতে পারে।
- মেলানিন কমে যাওয়ায় ত্বক রোদের অতিবেগুনি রশ্মির (UV rays) বিরুদ্ধে স্বাভাবিক সুরক্ষা হারায়। ফলে সামান্য রোদে গেলেই ত্বক লাল হয়ে জ্বালাপোড়া করে এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
- পারদযুক্ত ক্রিম নিয়মিত ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো কিডনির ছাঁকনি নষ্ট হয়ে যাওয়া। এর ফলে প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যায় এবং ধীরে ধীরে কিডনি অকেজো হতে শুরু করে।
- রক্তে পারদের মাত্রা বেড়ে গেলে হাত-পা কাঁপা, স্মৃতিশক্তি কমে যাওয়া, মাথাব্যথা, অবসাদ এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো স্নায়বিক সমস্যা দেখা দেয়।
- গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এসব ক্রিম ব্যবহার করলে পারদ ও অন্যান্য ভারী ধাতু গর্ভের সন্তানের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে।
যদি কেউ ইতিমধ্যেই এমন কোনো ক্রিম ব্যবহার করে থাকেন এবং ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া বা দাগ পড়ার মতো লক্ষণ দেখেন, তবে ক্রিমটি হঠাৎ বন্ধ না করে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নেওয়া উচিত। কারণ স্টেরয়েডযুক্ত ক্রিম হঠাৎ বন্ধ করলে ত্বকে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যা চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে কমিয়ে আনতে হয়।
ক্রিম কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
ক্রিম কেনার আগে ত্বক ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু বিষয় যাচাই করা সবচেয়ে জরুরি। চটকদার বিজ্ঞাপন বা সাময়িক ফলাফলের লোভে না পড়ে ভালোভাবে পরীক্ষা করে তারপর ক্রিম কেনা উচিত।
১. উপাদানের তালিকা যাচাই করা
প্যাকেট বা কৌটার গায়ে স্পষ্টভাবে উপাদানের তালিকা লেখা না থাকলে সেই ক্রিম কখনোই কিনবেন না। উপাদানের তালিকায় Mercury, Mercuric, Mercurous, Calomel, বা Quicksilver লেখা থাকলে তা সরাসরি বর্জন করুন। ত্বক উজ্জ্বল করতে চাইলে নায়াসিনামাইড, ভিটামিন সি, কোজিক অ্যাসিড, হায়ালুরনিক এসিড আছে কি না তা দেখে নিন।
২. অনুমোদন ও প্যাকেজিং পরীক্ষা করা
দেশীয় বা আমদানিকৃত যেকোনো পণ্যের প্যাকেটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর লোগো এবং বৈধ আমদানিকারকের নাম ও ঠিকানা আছে কি না তা নিশ্চিত করুন। প্যাকেটের গায়ে ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না দেখুন। হাতে লেখা বা স্টিকার দিয়ে ঢাকা তারিখ থাকলে তা এড়িয়ে চলুন। এছাড়াও ক্রিমের মুখের ফয়েল সিল অক্ষত আছে কি না এবং প্যাকেটের বারকোড ও প্রিন্টিং মানসম্মত কি না তাও যাচাই করুন।
৩. বিভ্রান্তিকর দাবি ও উৎস যাচাই
"৩ দিনে ফর্সা", "১০০% স্থায়ী ফর্সা" বা " গ্লাস স্কিন হওয়ার গ্যারান্টি"— এমন অবাস্তব দাবি করা ক্রিমগুলোতে সাধারণত ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে। বিউটি পার্লার বা অনলাইন পেজে বিক্রি হওয়া নামহীন কৌটাজাত বা কয়েকটি ক্রিম মিশিয়ে তৈরি করা এসব মানহীন ক্রিম কখনোই ব্যবহার করবেন না।
৪. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধযুক্ত ক্রিম ব্যবহার করবেন না
বিশেষ করে হাইড্রোকুইনোন ও শক্তিশালী স্টেরয়েডযুক্ত ক্রিম নিজের ইচ্ছেমতো ব্যবহার করা উচিত নয়।
৫. ত্বকের দাগের কারণ বুঝুন
মেছতা, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ কিংবা হরমোনজনিত পিগমেন্টেশন—সব সমস্যার চিকিৎসা এক নয়। তাই সমস্যা বুঝে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
৬. প্যাচ টেস্ট করা
নতুন কোনো ক্রিম পুরো মুখে মাখার আগে কানের পেছনে বা হাতের কব্জির ভেতরের অংশে সামান্য পরিমাণে লাগিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন। কোনো লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া না হলে তবেই মুখে ব্যবহার করুন।
ত্বকের স্বাভাবিক রং নির্ধারিত হয় মূলত জিনগত বৈশিষ্ট্য ও মেলানিনের পরিমাণের মাধ্যমে। মেলানিন শুধু ত্বকের রং নির্ধারণ করে না, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও কিছুটা সুরক্ষা দেয়। তাই স্বাভাবিক ত্বকের রং বদলে ফর্সা হওয়ার চেষ্টা করার চেয়ে ত্বককে সুস্থ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সুন্দর ত্বক পেতে সবাই চাই। তার জন্য গাদা গাদা পন্য না কিনে সহজ কিছু নিয়ম অনুসরণ করুন। প্রতিদিন ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষার জন্য ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন (SPF 30 বা তার বেশি) ব্যবহার করা যেতে পারে। ত্বকে মেছতা বা অতিরিক্ত পিগমেন্টেশন থাকলে সেটির কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত।
সৌন্দর্য মানে নিজের স্বাভাবিক রং বদলে ফেলা নয়। বরং নিজের ত্বককে সুস্থ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত রাখার মধ্যেই রয়েছে প্রকৃত সৌন্দর্য। তাই ফর্সা নয়, সুস্থ ত্বকই হোক সৌন্দর্যের মাপকাঠি।