প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার (এবং কানাডায় অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার) আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’ বা কৃতজ্ঞতা প্রকাশের দিন। দিনটি মূলত বছরের ফসল, সুস্বাস্থ্য এবং জীবনের সকল আশীর্বাদের জন্য সৃষ্টিকর্তা ও প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এটি মূলত আমেরিকানদের একটি জাতীয় ছুটির দিন হলেও কৃতজ্ঞতা প্রকাশ, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার বার্তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে।
উৎসবের শিকড়
থ্যাঙ্কসগিভিংয়ের ইতিহাস কয়েক শ বছরের পুরোনো। এর প্রচলিত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ১৬২১ সালের একটি ফসল উৎসবের ঘটনা। সপ্তদশ শতকের শুরুর দিকে ইংল্যান্ড থেকে পিলগ্রিমদের একটি দল বর্তমান যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্লাইমাউথ অঞ্চলে পৌঁছান। নতুন পরিবেশ, কঠিন আবহাওয়া, খাদ্যসংকট ও নানা প্রতিকূলতার কারণে তাঁদের প্রথম শীতকাল ছিল অত্যন্ত দুর্বিষহ। অনেকেই অসুস্থ হয়ে মারা যান। কঠিন শীত ও দুর্ভিক্ষের পর স্থানীয় ওয়াম্পানোয়াগ আদিবাসীদের সহায়তায় তাঁরা কৃষিকাজ, স্থানীয় পরিবেশে টিকে থাকার কৌশল এবং খাদ্য উৎপাদন করতে সক্ষম হন। সেই বছরের ফসল কাটার আনন্দে তারা একসঙ্গে ভোজের আয়োজন করে। ধারণা করা হয়, এই আয়োজন প্রায় তিন দিন ধরে চলেছিল। সেখানে খাবার ভাগাভাগি, আনন্দ-উৎসব ও বিভিন্ন ধরনের আয়োজন ছিল। ইতিহাসে এই ঘটনাকে আমেরিকার প্রথম থ্যাঙ্কসগিভিং উৎসব হিসেবে উল্লেখ করা হয়। তবে বিষয়টি নিয়ে কিছু ঐতিহাসিক জটিলতাও রয়েছে। কারণ, উত্তর আমেরিকায় এর আগেও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ফসল ঘরে তোলা বা বিশেষ উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান পালিত হতো। তবে ইতিহাসবিদরা বলেন, আধুনিক থ্যাঙ্কসগিভিংয়ের রূপ পুরোপুরি সেই ১৬২১ সালের ভোজ নয় বরং পরবর্তী শতাব্দীতে এটি ধীরে ধীরে জাতীয় উৎসবে পরিণত হয়।
জাতীয় উৎসবে পরিণত হলো যেভাবে
১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ২৬ নভেম্বরকে জাতীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনার দিন হিসেবে ঘোষণা করেন। তবে পরবর্তী সময়ে বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন তারিখে এ ধরনের দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন। ১৮৬৩ সালে গৃহযুদ্ধের মধ্যেই প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরে থ্যাঙ্কসগিভিং পালনের আহ্বান জানান। এর পেছনে লেখক ও ম্যাগাজিন সম্পাদক সারাহ জোসেফা হেলের দীর্ঘদিনের প্রচারণারও ভূমিকা ছিল।
তবে নির্দিষ্ট দিনটি স্থায়ী হতে আরও সময় লাগে। ১৯৩৯ সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বড়দিনের কেনাকাটার মৌসুম দীর্ঘ করার উদ্দেশ্যে থ্যাঙ্কসগিভিংয়ের তারিখ এগিয়ে দিয়েছিলেন। এতে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে ১৯৪১ সালে কংগ্রেস আইন করে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে নির্ধারণ করে। সেই নিয়ম এখনো চালু রয়েছে। কানাডায় অবশ্য অক্টোবরের দ্বিতীয় সোমবার এই উৎসব পালিত হয়।
কি কি হয় এই দিনে
- থ্যাঙ্কসগিভিংয়ের অন্যতম আকর্ষণ হলো খাবার। এদিন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব একসঙ্গে বসে বিশেষ খাবারের আয়োজন করেন। অনেকের কাছে এই আয়োজনই উৎসবটির সবচেয়ে আনন্দের অংশ।
১৬২১ সালের সেই ঐতিহাসিক ভোজে ঠিক কী কী খাবার পরিবেশন করা হয়েছিল, তা নিয়ে নিশ্চিত তথ্য খুব বেশি নেই। তবে এখনকার সময়ে থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের তালিকায় সবচেয়ে পরিচিত নাম টার্কি। আস্ত টার্কি রোস্ট করে পরিবেশন করা হয়। সঙ্গে থাকে ম্যাশড পটেটো, ক্র্যানবেরি সস, স্টাফিং, গ্রেভি, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের সবজি এবং কুমড়ার পাই বা পাম্পকিন পাই।
- খাবারের পাশাপাশি উৎসবের আরেকটি বড় অনুষঙ্গ হলো একসঙ্গে সময় কাটানো। দূরে থাকা পরিবারের সদস্যরাও এদিন বাড়ি ফেরার চেষ্টা করেন। কেউ রান্নায় ব্যস্ত থাকেন, কেউ ঘর সাজান, আবার শিশুরা পরিবারের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠে। অনেক পরিবার একসঙ্গে বসে নিজেদের জীবনের ভালো লাগার মুহূর্তগুলো স্মরণ করেন।
- অনেক পরিবারে খাবারের আগে সকলে মিলে নিজেদের জীবনের ভালো দিকগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
- থ্যাঙ্কসগিভিং এখন শুধু পারিবারিক খাবারের উৎসব নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নানা সাংস্কৃতিক আয়োজনও। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিংয়ের দিন অনুষ্ঠিত হয় বিখ্যাত ম্যাসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। বিশাল আকৃতির বেলুন, রঙিন শোভাযাত্রা, সংগীত, নাচ ও বিভিন্ন পরিবেশনা দিয়ে সাজানো হয় এই আয়োজন। ১৯২৪ সালে এই প্যারেডের যাত্রা শুরু হয়েছিল।
এ ছাড়া আমেরিকান ফুটবলও থ্যাঙ্কসগিভিংয়ের অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ। অনেক পরিবার এদিন একসঙ্গে বসে টেলিভিশনে ফুটবল ম্যাচ উপভোগ করেন।
- কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষদের সাহায্য করা এই দিনের অন্যতম শিক্ষা। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ এদিন গৃহহীন ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেন।
- থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে (Black Friday)। এদিন বিভিন্ন দোকান ও অনলাইন শপে বড় ধরনের ছাড় দেওয়া হয়। বড়দিনের কেনাকাটার মৌসুমের সূচনাও ধরা হয় এই সময় থেকে। ফলে থ্যাঙ্কসগিভিংয়ের সঙ্গে কেনাকাটার উৎসবও একসময় জড়িয়ে গেছে।
আরও গভীর একটি দিক...
থ্যাঙ্কসগিভিং শুধু টার্কি আর ছুটির দিন নয়। অনেক আদিবাসী আমেরিকান এ দিনটিকে “ন্যাশনাল ডে অব মর্নিং” হিসেবে পালন করেন। স্থানীয় আদিবাসী ওয়াম্পানোয়াগ জনগোষ্ঠীর ইতিহাসের সঙ্গে পরবর্তী সময়ে ইউরোপীয় উপনিবেশ বিস্তার, ভূমি হারানো, সহিংসতা ও সাংস্কৃতিক সংকটের অধ্যায়ও জড়িয়ে আছে। তাই অনেক আদিবাসী আমেরিকানের কাছে এই দিনটি নিছক আনন্দের উৎসব নয়। কেউ কেউ দিনটিকে শোক ও স্মরণের দিন হিসেবেও পালন করেন। তাই উৎসবের পাশাপাশি ইতিহাসের সব দিক জানা ও শ্রদ্ধা দেখানোও জরুরি।
থ্যাঙ্কসগিভিংয়ের মূল শিক্ষা
থ্যাঙ্কসগিভিং মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় উৎসব। বাংলাদেশে এটি তেমনভাবে পালিত না হলেও উৎসবটির মূল বার্তা আমাদের জীবনেও সমান প্রাসঙ্গিক।
আধুনিক কর্মব্যস্ত জীবনে আমরা প্রায়ই আমাদের প্রাপ্তিগুলোর কথা ভুলে যাই। থ্যাঙ্কসগিভিং ডে আমাদের একটু থামতে শেখায় এবং জীবনের ছোট-বড় প্রতিটি অর্জনের জন্য কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করে। নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকার করা, প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানানো এবং ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেওয়াও কৃতজ্ঞতার প্রকাশ। চাইলে থ্যাঙ্কসগিভিংয়ের ভাবনা থেকে আমরা কয়েকটি অভ্যাসও গড়ে তুলতে পারি। যেমন—
- কৃতজ্ঞতার তালিকা তৈরি করতে পারি। প্রতিদিন রাতে এমন তিনটি বিষয় লিখে রাখুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ।
- ধন্যবাদ জানানো: যাঁর সহযোগিতা বা ভালোবাসা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই প্রিয় মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
- ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্য কিংবা বন্ধুদের জন্য কিছুটা সময় বের করুন।
- নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান কিংবা কাউকে সাহায্য করুন।
- প্রতিকূলতা পেরিয়ে এত দূর আসার জন্য নিজেও একটা ধন্যবাদ পাওয়ার উচিৎ। নিজের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করুন।
জীবন সব সময় আমাদের পরিকল্পনামতো চলে না। কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা। কখনো প্রিয় মানুষ পাশে থাকেন, আবার কখনো দূরত্ব তৈরি হয়। সব চাওয়া পূরণ হয় না, সব স্বপ্নও বাস্তব হয় না। কিন্তু যা পেয়েছি, তার মূল্য বুঝতে পারলে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। প্রাপ্তির হিসাব নয়, কৃতজ্ঞতার গল্প হোক জীবন।