বছরের এমন কিছু দিন আছে, যেগুলো প্রকৃতির এক অসাধারণ ভারসাম্যের কথা মনে
করিয়ে দেয়। সেপ্টেম্বরের বিষুব (Autumnal Equinox) তেমনই একটি সময়। সাধারণত ২২ বা ২৩ সেপ্টেম্বরের কাছাকাছি এই ঘটনা ঘটে। এ সময় পৃথিবীর উত্তর
ও দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো প্রায় সমানভাবে পড়ে।
ফলে পৃথিবীর অধিকাংশ স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান মনে হয়।
এই সময় সূর্য বিষুবরেখার কাছাকাছি অবস্থান করে। উত্তর গোলার্ধে গ্রীষ্মের
বিদায় শুরু হয়ে আসে শরৎ, আর দক্ষিণ গোলার্ধে শুরু হয় বসন্তের পথচলা।
তবে একটি মজার বিষয় হলো, দিন ও রাত ঠিক ১২ ঘণ্টা করে হয় না সব জায়গায়। বায়ুমণ্ডলে
সূর্যের আলোর প্রতিসরণ এবং সূর্যের চাকতির আকারের কারণে প্রকৃত “দিন-রাত সমতা” অনেক স্থানে বিষুবের
কয়েক দিন আগে বা পরে দেখা যায়।
প্রকৃতির এই ছোট্ট ঘটনাটি যেন আমাদের একটি বড় কথাই মনে করিয়ে দেয় আলো আর অন্ধকার, পাওয়া আর হারানো, শুরু আর শেষ জীবনও আসলে ভারসাম্যের গল্প।
আজ আকাশের দিকে তাকিয়ে একবার মনে হতে পারে,পৃথিবীও কখনো কখনো থেমে গিয়ে
নিজের ভারসাম্যটা ঠিক করে নেয়।
তথ্যসূত্র: NASA ও timeanddate-এর জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তথ্য।
ঢাকা/টিএ