আমাদের সমাজে বাচ্চাকে মোটা হতে হবে। একটু শুকনো হলে প্রশ্ন, ‘বাচ্চাকে ঠিকমতো খাওয়াও না?' মেয়েদের পাতলা গড়নের হতে হবে। ছেলেদের ইনকাম ও ক্যারিয়ার ভালো হতে হবে। বিয়ে না হলে, আত্মীয়স্বজনের প্রশ্ন, ‘কবে বিয়ে করবে?’ বিয়ে করেছেন, এবার সন্তান কবে হবে? সন্তান হয়েছে, এবার দ্বিতীয় সন্তান কবে?
অর্থাৎ, আপনি যা-ই করুন না কেন, কারও না কারও কাছে আপনার কাজটি ঠিক হবে না। পিছে বলা থামবে না। কারও জন্য কলিজা কেটে রান্না করে দিলেও হয়তো শুনতে হবে, ‘সবই ভালো হয়েছে, তবে লবণটা একটু কম হয়েছে!’
সমস্যা হলো, এই মন্তব্যগুলোকে গুরুত্ব দিতে দিতে এবং লোকে কি বলবে, এটা ভেবে ভেবেই কখন যে আমরা নিজের পছন্দ, ইচ্ছা, স্বাচ্ছন্দ্য আর সিদ্ধান্তের ওপর অন্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলি, তা নিজেরাও বুঝতে পারি না। কী পরব, কী খাব, কখন বিয়ে করব, সন্তান নেব কি না, কোন পেশায় যাব—এমনকি নিজের অবসরটুকু কীভাবে কাটাব, সেটিও অনেক সময় অন্যের চোখ দিয়ে বিচার করতে শুরু করি। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি নিজের স্বকীয়তা, নিজের জীবনটাকেই যদি উপেক্ষা করতে হয়, তাহলে সেই জীবনটা আসলে কার?
সবাইকে খুশি রাখা কি আদৌ সম্ভব?
ছোটবেলা থেকেই একটি ধারণা নিয়ে আমরা বড় হতে থাকি—ভালো মানুষ হতে হলে সবাইকে খুশি রাখতে হবে, বড়দের কথার অবাধ্য হওয়া যাবে না, আত্মীয়স্বজন কী ভাববে তা বিবেচনা করতে হবে, কেউ কষ্ট পেতে পারে এমন কিছু বলা যাবে না। এগুলো অবশ্যই খারাপ অভ্যাস নয়। সামাজিক ও পারিবারিক শিক্ষায় ভদ্রতা, শ্রদ্ধাবোধ এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীলতা—এই গুণগুলো থাকা জরুরী।
কিন্তু যখন ভালো ব্যবহার আর নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যকার সূক্ষ্ম সীমারেখাটি মুছে যায়, তখনই আসলে সমস্যা শুরু হয়ে যায়। ধীরে ধীরে অন্যের মন রক্ষা করাকে আমরা নিজের দায়িত্ব মনে করতে শিখি। মনোবিজ্ঞানের ভাষায় এর সঙ্গে ‘People Pleasing’ বা 'অন্যকে খুশি রাখার প্রবণতার' সম্পর্ক রয়েছে। যাঁরা এই প্রবণতায় ভোগেন, তাঁরা অনেক সময় নিজের প্রয়োজনের চেয়ে অন্যের চাওয়া-পাওয়াকে বেশি গুরুত্ব দেন। কাউকে না বলতে সংকোচ বোধ করেন, নিজের মতামত প্রকাশ করতে ভয় পান কিংবা অন্যের মন খারাপ হওয়ার আশঙ্কায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন।
খুবই ছোট একটা উদাহরণ দিই। আপনি খুব পছন্দ করে একটি পোশাক কিনেছেন। কিন্তু কেউ একজন বলে বসলেন, ‘তোমাকে এই রঙে ভালো লাগছে না।’ ব্যস! এরপর থেকে পোশাকটি পরার সময়ও মনে খচখচ শুরু হবে, সত্যিই কি আমাকে খারাপ দেখাচ্ছে? অথচ পোশাকটি কেনার সময় আপনার নিজের পছন্দই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একই ঘটনা জীবনের বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও ঘটে থাকে। নিজের পছন্দের পেশা ছেড়ে অন্যের পছন্দের পেশায় যাওয়া, বিয়ের সিদ্ধান্ত নেওয়া, নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া—এসবের পেছনে অনেক সময় কাজ করে অন্যের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু সব সময় সবাইকে খুশি রাখা যেমন সম্ভব নয়, তেমনি সবার কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার দায়িত্বও আপনার নয়। আর এই অন্যের মতামত, প্রত্যাশা ও অযাচিত পরামর্শের ভিড়ে নিজের মতো করে বাঁচতে শেখার একটি জনপ্রিয় ধারণা হলো 'লেট দেম থিওরি' (Let Them Theory)।
লেট দেম থিওরি: অন্যকে নিজের মতো থাকতে দিন
অন্যের মতামত, সমালোচনা কিংবা আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা কমাতে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি ধারণা হলো ‘লেট দেম থিওরি’। এটি হলো জনপ্রিয় মার্কিন লেখক, মোটিভেশনাল স্পিকার ও পডকাস্টার মেল রবিনস (Mel Robbins)-এর প্রচারিত একটি মানসিক দৃষ্টিভঙ্গি বা জীবনদর্শন। একই নামের বইয়ের মাধ্যমে তিনি ধারণাটিকে ব্যাপক পরিচিতি দেন। ২০২৫ সালে প্রকাশিত বইটি বিশ্বজুড়ে বেস্টসেলার হয়ে ওঠে। তাঁর ধারণাটি খুব সহজ। অন্য মানুষ কী ভাববে, কী বলবে বা কীভাবে আচরণ করবে, তা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাদের নিজেদের মতো থাকতে দিন।
এই তত্ত্বটি মূলত দুটি অংশে কাজ করে:
১. তাদের করতে দিন (Let Them):
আপনার আত্মীয়স্বজন, বন্ধু বা সহকর্মীর কেউ আপনার সিদ্ধান্ত পছন্দ না করলে, তাকে অপছন্দ করতে দিন। কেউ আপনার সমালোচনা করলে তাকে করতে দিন। কেউ আপনার জীবনযাপনের ধরন বুঝতে না পারলে তবে তাদের সেই অনুভূতি বা আচরণ পরিবর্তন করার চেষ্টা করবেন না। তাদের নিজস্ব মতামত ও আচরণের দায়িত্ব তাদের ওপরই ছেড়ে দিন।
২. আমাকে করতে দিন (Let Me):
অন্যেরা কী করছে তা নিয়ে মাথা না ঘামিয়ে, সেই পরিস্থিতিতে আপনি কী করবেন বা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেদিকে মনোযোগ দিন। অর্থাৎ, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনা।
কেউ আপনার বিয়ের বয়স নিয়ে প্রশ্ন করলেন। Let Them—তাঁকে প্রশ্ন করতে দিন। Let Me—আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি নিজের পরিস্থিতি, প্রস্তুতি ও ইচ্ছা অনুযায়ী নেব। সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অযাচিত পরামর্শ দিলেন। Let Them—তাঁকে তাঁর মতামত রাখতে দিন। Let Me—আমার পরিবার ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। মূল বিষয় হলো, অন্যের মতামতকে নিজের জীবনের চূড়ান্ত নির্দেশনা হিসেবে গ্রহণ না করা।
এটি আমাদের জীবনে কী ইতিবাচক পরিবর্তন আনতে পারে?
একটি বিষয় খেয়াল করলে দেখবেন, মানুষের প্রত্যাশার যেমন কোনো নির্দিষ্ট সীমা নেই, তেমনি পিঠ পিছে বলা কথা থামার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি একটি লক্ষ্য অর্জন করলে পরবর্তী লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠবে। ভালো চাকরি পেলে বেতন কত, বেতন ভালো হলে বাড়ি কিনেছেন কি না, বাড়ি কিনলে গাড়ি নেই কেন—এভাবে প্রশ্ন চলতেই থাকবে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এই প্রবণতা আরও জটিল আকার ধারণ করেছে। তবে বিষয়গুলো যদি একটু ভিন্নভাবে দেখতে শেখেন, তাহলে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যায়।
অন্যের মতামতকে নিজের ওপর চাপিয়ে না দিয়ে, কে কী বলল তা নিয়ে অতিরিক্ত ভাবনা না করে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারাই এই থিওরির মূল শিক্ষা। এই ধারণা অনুসরণ করলে-
- অতিরিক্ত চিন্তা ও চাপ কমায়:
"পাছে লোকে কী বলবে" বা "কেউ কষ্ট পেল কি না"—এইসব দুশ্চিন্তাই আমাদের মধ্যে মানসিক অশান্তি তৈরি করে। মানুষ যা করছে তা তাদের করতে দিলে আপনার মনের ওপর থেকে একটি বড় বোঝা নেমে যাবে।
- সময় ও শক্তির অপচয় রোধ করে:
অন্য কে কী ভাবল বা বলল তা নিয়ে চিন্তা করে আমরা প্রচুর সময় নষ্ট করি। এই তত্ত্বটি আপনাকে সেই মূল্যবান শক্তি নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য এবং স্বপ্নের পেছনে ব্যয় করতে শেখায়।
- সম্পর্কের স্বচ্ছতা আনে:
যখন আপনি মানুষকে তাদের মতো থাকতে দেন, তখন কারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং কারা কেবল শর্তসাপেক্ষে মিশছে, তা পরিষ্কার বোঝা যায়। পরিবার, বন্ধু বা সহকর্মীদের নিজস্ব ভুল ও সীমাবদ্ধতাসহ মেনে নিলে অহেতুক ঝগড়া বা মনোমালিন্য কমে যায়। এতে সম্পর্কের তিক্ততাও দূর হয়।
- নিজের সীমারেখা (Boundaries) তৈরি করতে শেখায়:
কেউ যদি আপনাকে বারবার অবহেলা করে বা কষ্ট দেয়, তবে তাদের পিছনে না ছুটে 'লেট দেম' বলার মাধ্যমে আপনি নিজের আত্মসম্মান বজায় রাখতে পারেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে কে আপনার জীবনে থাকার যোগ্য।
- আত্মবিশ্বাস বাড়ায়:
অন্যের অনুমোদনের (validation) জন্য অপেক্ষা না করে আপনি যখন নিজের সিদ্ধান্তে অটল থাকবেন, তখন আপনার ভেতরে এক ধরনের স্থিরতা ও আত্মবিশ্বাস তৈরি হবে।
সব মন্তব্য কি উপেক্ষা করতে হবে?
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ‘লেট দেম থিওরি’ মানে এই নয় যে, কারও কোনো কথাই শুনবেন না কিংবা সব ধরনের সমালোচনাকে অবজ্ঞা করবেন। গঠনমূলক সমালোচনা, প্রয়োজনীয় পরামর্শ এবং আন্তরিক মানুষের উদ্বেগ আমাদের ভুল বুঝতে ও সিদ্ধান্ত উন্নত করতে সাহায্য করতে পারে।
আবার এই থিওরির সবকিছু সব পরিস্থিতিতে অন্ধভাবে গ্রহণযোগ্য নয়। এটি দৈনন্দিন ছোটখাটো মানসিক চাপ কমানোর জন্য দারুণ কার্যকর হলেও, জীবনের সব জটিল ও সংবেদনশীল ক্ষেত্রে এটি প্রয়োগ করলে উল্টো ক্ষতি হতে পারে। যেসব ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয় বা সীমাবদ্ধতা রয়েছে:
- কেউ যদি আপনাকে শারীরিক, মানসিক বা আর্থিকভাবে নির্যাতন করে, সেখানে চুপ থেকে 'লেট দেম' বলা মোটেও উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজনে আইনি বা সামাজিক ব্যবস্থা নিতে হবে।
- অফিসের কোনো সহকর্মীর গাফিলতির কারণে যদি আপনার নিজের কাজ বা প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়, তবে সেখানে চুপ থাকা যাবে না। পেশাদার জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
- মা-বাবা হিসেবে সন্তানের নিরাপত্তা বা সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার। সন্তান যদি কোনো ক্ষতিকর পথে পা বাড়ায়, তবে 'লেট দেম' বলে তাকে ছেড়ে দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা হবে।
- অতিরিক্ত 'লেট দেম' মানসিকতা আপনাকে অন্যদের প্রতি আবেগহীন বা উদাসীন করে তুলতে পারে। সব সময় সবকিছু ছেড়ে দিলে প্রিয়জনরা মনে করতে পারেন যে আপনি তাদের কোনো গুরুত্বই দিচ্ছেন না।
- অন্যের সব কথাকে পাত্তা না দিতে গিয়ে আপনি নিজের গঠনমূলক সমালোচনাও (constructive criticism) এড়িয়ে যেতে পারেন। এতে আপনার নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ কমে যাবে।
মেল রবিন্স নিজেও মনে করেন, এই থিওরিটি মূলত এমন বিষয়ের জন্য যেখানে অন্যের আচরণ আপনার সরাসরি কোনো বড় ক্ষতি করছে না, কিন্তু আপনার মানসিক শান্তি নষ্ট করছে। জীবনে এমন মানুষ অবশ্যই থাকবেন, যাঁরা আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না। কেউ আপনার সাফল্যে খুশি হবেন, কেউ সমালোচনা করবেন। কেউ আপনার জীবনযাপনকে পছন্দ করবেন, কেউ করবেন না। সবাইকে নিজের পক্ষে আনার দায়িত্ব আপনার নয়।
জীবনের প্রতিটি সিদ্ধান্তের ফলাফল নিজেকেই বহন করতে হবে। অন্যের মন্তব্যের দায় নিয়ে কিন্তু কেউ আপনার হয়ে জীবন কাটিয়ে দেবে না। তাই মানুষ কী বলবে, সেই চিন্তায় নিজের ইচ্ছা ও স্বপ্নকে আটকে রাখবেন না। অন্যকে তার মতো থাকতে দিন, নিজেকেও নিজের মতো করে বাঁচার সুযোগ দিন। কারণ শেষ পর্যন্ত জীবনটা আপনার। নিয়মও ঠিক করার অধিকার আপনারই।