দিবাস্বপ্ন যখন মানসিক সমস্যার কারণ: কী এই ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিং?

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬

ছবি: এআই/রোদসী
ছবি: এআই/রোদসী

বাস্তবের চেয়ে কল্পনার জগৎ যখন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, ঘণ্টার পর ঘণ্টা মানুষ নিজের তৈরি গল্পে ডুবে থাকে, তখন সেটি কি শুধুই স্বাভাবিক দিবাস্বপ্ন,নাকি এর পেছনে রয়েছে কোনো মানসিক সমস্যা?


রাতুলের বয়স ২৪ বছর। অবসর পেলেই সে কল্পনার জগতে হারিয়ে যায়।কখনো সে কল্পনা করে,সে একজন সফল ব্যবসায়ী,সবাই তাকে সমীহ করছে।কখনো আবার নিজের পছন্দের মানুষের সঙ্গে সুন্দর একটি জীবন কাটানোর গল্প তৈরি করে।এসব কল্পনা করতে করতে কখন যে কয়েক ঘণ্টা পার হয়ে যায়,সে বুঝতেই পারে না।পড়তে বসলে মন চলে যায় কল্পনায়,ঘুমাতে গেলেও মাথার মধ্যে চলতে থাকে নিজের তৈরি গল্প।বাস্তব জীবনের দায়িত্বগুলো ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। 


অথচ কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসাও তার জন্য কঠিন।


দিবাস্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক মানসিক প্রবণতা। মানুষ কাজের ফাঁকে ভবিষ্যৎ পরিকল্পনা করে, অতীতের ঘটনা মনে করে কিংবা নিজের মতো করে বিভিন্ন পরিস্থিতি কল্পনা করে।এতে সৃজনশীলতা, পরিকল্পনা ও আবেগের প্রক্রিয়াকরণে সহায়তা হতে পারে।কিন্তু, কিছু গবেষণায় দেখা গেছে, জেগে থাকা অবস্থায় মানুষের চিন্তার একটি উল্লেখযোগ্য অংশ বর্তমান কাজের বাইরে চলে যায়। বহুল আলোচিত একটি গবেষণায় এই হার প্রায় ৪৭ শতাংশ পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী গবেষণায় বলা হয়েছে, এই হার নির্ভর করে চিন্তা পরিমাপের পদ্ধতির ওপর। আবার যখন কেউ নিজের কল্পনার জগতে অতিরিক্ত সময় কাটাতে শুরু করেন, বারবার চেষ্টা করেও কল্পনা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এর কারণে বাস্তব জীবনের দায়িত্ব,পড়াশোনা, চাকরি কিংবা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়,তখন তাকে ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিং বলা হয়।


এ অবস্থায় কেউ কেউ দিনে কয়েক ঘণ্টা কল্পনায় কাটিয়ে দিতে পারেন। গবেষণায় দীর্ঘ সময় ধরে কল্পনায় ডুবে থাকার অভিজ্ঞতার কথা উঠে এসেছে। ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিংয়ের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।তবে গবেষণায় কয়েকটি বিষয় এর সঙ্গে সম্পর্কিত বলে পাওয়া গেছে।


একাকীত্ব: বাস্তব জীবনে সঙ্গ, ভালোবাসা ও মানসিক সমর্থনের অভাব থাকলে কেউ কল্পনার জগতে স্বস্তি খুঁজতে পারেন।


শৈশবের মানসিক আঘাত: শৈশবে অবহেলা,নির্যাতন, পারিবারিক অশান্তি কিংবা মানসিক নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।


উদ্বেগ ও বিষণ্নতা: মানসিক চাপ, হতাশা ও নেতিবাচক অনুভূতি থেকে সাময়িক মুক্তি পেতে মানুষ কল্পনায় আশ্রয় নিতে পারেন।


এডিএইচডি: মনোযোগ ধরে রাখতে অসুবিধা এবং মন অন্যদিকে চলে যাওয়ার প্রবণতার সঙ্গে এর সম্পর্ক পাওয়া গেছে।


আবেগ নিয়ন্ত্রণের সমস্যা: দুঃখ, ভয়, হতাশা কিংবা অপূর্ণতা সামলাতে না পেরে কেউ কল্পনার মাধ্যমে সাময়িক আনন্দ খুঁজতে পারেন।২০২৫ সালে প্রকাশিত একটি মেটা-অ্যানালাইসিসে ৪০টি গবেষণার প্রায় ২৫ হাজার অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিংয়ের সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা, একাকীত্ব, ট্রমা, এডিএইচডি ও আবেগ নিয়ন্ত্রণের সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। 


কাদের মধ্যে বেশি দেখা যায়?

শিশু, কিশোর কিংবা প্রাপ্তবয়স্ক যেকোনো বয়সের মানুষের মধ্যে অতিরিক্ত দিবাস্বপ্ন দেখার প্রবণতা দেখা যেতে পারে। তবে গবেষণায় তরুণ বয়সীদের মধ্যে এ বিষয়ে বিশেষ আগ্রহ ও উল্লেখযোগ্য অভিজ্ঞতার তথ্য পাওয়া গেছে।

যারা একাকীত্বে ভোগেন, বাস্তব জীবনে হতাশা বা মানসিক চাপের মধ্য দিয়ে যান কিংবা আবেগ নিয়ন্ত্রণে সমস্যায় পড়েন, তাদের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যেতে পারে।তবে শুধু কল্পনাপ্রবণ হওয়া, একা থাকতে ভালো লাগা কিংবা গল্পের জগতে ডুবে থাকা মানেই এই সমস্যা নয়।


এটি কি মানসিক রোগ?

এটি নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষকদের মধ্যে এখনো আলোচনা চলছে।বর্তমানে ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিং DSM-5-TR বা ICD-11-এর স্বতন্ত্র আনুষ্ঠানিক মানসিক রোগ হিসেবে স্বীকৃত নয়।অর্থাৎ, একে এখনো প্রতিষ্ঠিত স্বতন্ত্র রোগনির্ণয় হিসেবে গণ্য করা হয় না।তবে ২০২৫ সালে British Journal of Psychiatry-তে প্রকাশিত একটি গবেষণামূলক মতামতধর্মী প্রবন্ধে গবেষক নিরিত সোফার দুদেক একে স্বতন্ত্র মানসিক সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং ডিসোসিয়েটিভ ডিজঅর্ডারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।


অর্থাৎ,বিষয়টি এখনো গবেষণাধীন হলেও এর মানসিক ও সামাজিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


মনোরোগ বিশেষজ্ঞের মূল্যায়নে শুধু একজন মানুষ কতক্ষণ দিবাস্বপ্ন দেখছেন,সেটিই গুরুত্বপূর্ণ নয়।বরং দেখতে হয়, তিনি নিজের কল্পনা নিয়ন্ত্রণ করতে পারছেন কি না এবং এর কারণে স্বাভাবিক জীবন কতটা ব্যাহত হচ্ছে।


ক্লিনিক্যাল মূল্যায়নে সাধারণত কয়েকটি বিষয় গুরুত্ব পায়,


১. কল্পনার জগতে ডুবে থাকার প্রবণতা কতটা তীব্র।


২. কল্পনা বন্ধ করতে গেলে অস্বস্তি বা বিরক্তি হয় কি না।


৩. পড়াশোনা, কাজ ও পারিবারিক সম্পর্কে প্রভাব পড়ছে কি না।


৪. এর পেছনে উদ্বেগ, বিষণ্নতা, ট্রমা কিংবা অন্য কোনো মানসিক সমস্যা রয়েছে কি না।


প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সংশ্লিষ্ট মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করতে পারেন।


যেমন Maladaptive Daydreaming Scale (MDS-16)।


বিশেষভাবে মনে রাখা  প্রয়োজন:


ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিং মানেই সিজোফ্রেনিয়া বা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। সাধারণত এ অবস্থায় ব্যক্তি জানেন যে তার কল্পনাগুলো বাস্তব নয়। 


কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব?


ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিংয়ের জন্য এখনো সর্বজনস্বীকৃত নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নেই।

তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তায় কিছু পদক্ষেপ উপকারী হতে পারে।


১. কল্পনার সময় চিহ্নিত করুন:

দিনের কোন সময়ে বা কী কারণে কল্পনায় হারিয়ে যাচ্ছেন, তা লিখে রাখুন।


২. দৈনন্দিন রুটিন তৈরি করুন:

পড়াশোনা, কাজ, ব্যায়াম, ঘুম ও অবসর কাটানোর নির্দিষ্ট সময় রাখুন।


৩. বাস্তব কাজে মনোযোগ দিন:

একসঙ্গে অনেক কাজ না করে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন।


৪. একাকীত্ব কমান:

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। সামাজিক যোগাযোগ বাড়ান।


৫. ট্রিগার শনাক্ত করুন:

গান শোনা, একা হাঁটা কিংবা নির্দিষ্ট পরিবেশে কল্পনা বেড়ে গেলে সেগুলো সম্পর্কে সচেতন হোন।


৬. মানসিক স্বাস্থ্যচর্চা করুন:

মেডিটেশন, মাইন্ডফুলনেস, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুম মানসিক সুস্থতায় সহায়ক।


৭. প্রয়োজনে সাইকোথেরাপি নিন:

বিশেষজ্ঞের পরামর্শে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT) এবং সংশ্লিষ্ট মানসিক সমস্যার চিকিৎসা নেওয়া যেতে পারে।কল্পনায় ডুবে থাকার কারণে যদি পড়াশোনা, চাকরি, ঘুম বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, কিংবা নিজে চেষ্টা করেও এটি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 


কল্পনা মানুষের মনের একটি সুন্দর ক্ষমতা।কল্পনা থেকেই জন্ম নেয় নতুন চিন্তা, সৃজনশীলতা ও ভবিষ্যতের স্বপ্ন।কিন্তু সেই কল্পনা যদি বাস্তব জীবন থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়,তাহলে বিষয়টিকে অবহেলা করা ঠিক নয়।


মানসিক সুস্থতা মানে কল্পনা বন্ধ করে দেওয়া নয় বরং কল্পনা ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। প্রয়োজনে সঠিক সময়ে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সুস্থ জীবনে ফিরে আসার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


মনে রাখতে হবে, মানসিক সুস্থতা মানে কল্পনা বন্ধ করে দেওয়া নয় বরং কল্পনা ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। প্রয়োজনে সঠিক সময়ে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সুস্থ জীবনে ফিরে আসার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


তথ্যসূত্র ও গবেষণা: ক্লিভল্যান্ড ক্লিনিক  ম্যালঅ্যাডাপটিভ ডে-ড্রিমিং

sidebar ad