দেশে সর্বোচ্চ ৮ লাখ বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বিকাশ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬

দেশে সর্বোচ্চ ৮ লাখ বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বিকাশ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে দেশের ৮ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর (Bangla QR) প্রতিস্থাপন সম্পন্ন করেছে বিকাশ। নির্ধারিত সময়সীমার মধ্যেই সর্বোচ্চ সংখ্যক বাংলা কিউআর প্রতিস্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা এখন বিকাশসহ যেকোনো অংশগ্রহণকারী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যানের মাধ্যমে সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারছেন। বর্তমানে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর নেটওয়ার্কে প্রতিদিন গড়ে ২০০ কোটিরও বেশি টাকার লেনদেন সম্পন্ন হচ্ছে।

দেশজুড়ে মুদি দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট, সুপারশপ, লাইফস্টাইল স্টোর এবং বিভিন্ন চেইন আউটলেটসহ বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর চালু হয়েছে। বৃহৎ পরিসরে কিউআর প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণে বিকাশের বিনিয়োগ দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করছে এবং সরকারের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগকে ত্বরান্বিত করছে।

ডিজিটাল পেমেন্ট ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিকাশ বর্তমানে সারাদেশের প্রায় ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে। এ কর্মসূচির আওতায় গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ পাচ্ছেন।



মার্চেন্টদের জন্যও একাধিক নতুন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। পেমেন্ট গ্রহণের সময় কমানো এবং লেনদেন আরও নিরাপদ করতে দেশে প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্ট স্পিকার চালু করেছে বিকাশ। এ প্রযুক্তির মাধ্যমে প্রতিটি সফল লেনদেনের তাৎক্ষণিক অডিও নিশ্চিতকরণ পাওয়া যায়, যা গ্রাহক ও মার্চেন্ট—উভয়ের জন্যই পেমেন্ট প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও সময়সাশ্রয়ী করেছে।

এছাড়া, ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলকভাবে মার্চেন্টদের জন্য স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ডিজিটাল ঋণ সুবিধাও চালু করেছে বিকাশ। মার্চেন্ট অ্যাকাউন্টে সম্পন্ন হওয়া লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুযায়ী যোগ্য মার্চেন্টরা এ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিকাশ জানিয়েছে, বছরজুড়ে বিভিন্ন ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও প্রচারণামূলক অফারের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি এবং ডিজিটাল পেমেন্ট গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

sidebar ad