আজ বিশ্ব দর্শন দিবস। প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ইউনেস্কোর উদ্যোগে দিনটি পালিত হয়। বিশ্ব দর্শন দিবস ২০২৬-এর প্রতিপাদ্য: ‘সংকটময় বিশ্বে সহাবস্থান’।
জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্য বিষয়ে তরুণদের ভাবনা বর্তমান অস্থির সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর একটি। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাই আমাদের বড় চ্যালেঞ্জ। জাতিতে জাতিতে এবং সাম্প্রদায়িক কলহের কারণে সারা বিশ্বে যে সহিংসতা বাড়ছে, তা প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। যার যার ধর্ম ও মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ব্যক্তি-স্বাধীনতার প্রতি সম্মান জানানো জরুরি। প্রকৃতির একটি বাগানে নানা রকম ফুল ও ফল থাকবে, সেটাই স্বাভাবিক। বৈচিত্র্যই বাগানের সৌন্দর্য। পৃথিবীরূপী বাগানেও শান্তিকামী মানুষের বৈচিত্র্যময় সহাবস্থান থাকবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে মানুষের মনে একধরনের ভীতি কাজ করছে—এআই কি আমাদের নিয়ন্ত্রণ করবে? এ নিয়ে অনেকে অনিশ্চয়তায় ভুগছেন। এআইয়ের সঠিক ব্যবহার, নৈতিকতা ও নীতিমালার চর্চা করতে হবে। বর্তমান ও ভবিষ্যতের সংকট মোকাবিলায় তরুণদের দৃষ্টিভঙ্গি এবং যুক্তিনির্ভর চিন্তার ওপর গুরুত্ব দিতে হবে।
‘চিন্তা’র চর্চাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। বর্তমান সময়ে মানুষ যে বিষয়টি এড়িয়ে যাচ্ছে, তা হলো নিজে নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে চাইছে না। যুক্তিবিদ্যা কিংবা গাণিতিক সমাধানসহ প্রায় সব কাজেই প্রযুক্তিনির্ভরতা বাড়ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের পাশাপাশি নিজস্ব চিন্তার চর্চাও করতে হবে।
প্রযুক্তি মানুষেরই সৃষ্টি, এর নিয়ন্ত্রণও মানুষের হাতে থাকা উচিত। শিশু-কিশোরদের গাণিতিক যুক্তি ও চিন্তার চর্চা আগামী প্রজন্মকে সমৃদ্ধ করবে। আলফা জেনারেশনকে লক্ষ্য করে বাংলাদেশের জন্য অনেক ভালো উদ্যোগ নেওয়া যেতে পারে।
মানুষকে দর্শন থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং দর্শনের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষ। মানুষ ও প্রযুক্তির সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নানা গবেষণা চলছে। প্রযুক্তির দর্শন বর্তমান সময়ের একটি জনপ্রিয় আলোচ্য বিষয়।
অনেকের প্রশ্ন, দর্শন পড়ে কী হবে? আগামী দিনে টিকে থাকার জন্য দর্শন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শন নিয়ে এখনো অনেকের মধ্যে স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি। দর্শন কেবল তাত্ত্বিক আলোচনা নয়; এটি মানুষের যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতাকে শাণিত করে।
দর্শনের প্রাচীন মতবাদগুলো এখনো মানুষের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। বর্তমান যুগে দর্শন পড়ে নীতিনির্ধারণ, নৈতিকতা, সাংবাদিকতা, মানবসম্পদ উন্নয়ন, যোগাযোগ বিশেষজ্ঞ, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার কাজ, আইন এবং করপোরেট নেতৃত্বের মতো ক্ষেত্রে উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব। মূলত যেকোনো পেশায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখতে দর্শনচর্চা অপরিহার্য।
প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, করপোরেট নেতা ও ব্যবসায়ীরা কেবল শখের বশে দর্শন পড়েন বা চর্চা করেন, বিষয়টি এমন নয়। তাঁরা নিজেদের পেশার প্রয়োজনে সঠিক ধারণা ও দৃষ্টিভঙ্গি অর্জনের জন্যও দর্শন পড়েন। তাই দর্শন কেবল দর্শনের শিক্ষার্থীদের পড়ার বিষয় হিসেবে সীমাবদ্ধ নয়। ‘এলিট সোসাইটি’ দর্শনচর্চাকে শিক্ষার একটি বিশেষ মানদণ্ড হিসেবে বিবেচনা করে।
আত্মোন্নয়নমূলক বইগুলোতে প্রায়োগিক ও তাত্ত্বিক দর্শনের নানা তত্ত্বের প্রতিফলন দেখা যায়। টেড টকসহ বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তৃতায়ও দর্শনের জয়গান শোনা যায়।
জগৎ, জীবন ও দর্শনের সমন্বয়
জীবনের শ্রেষ্ঠ অনুপ্রেরণাগুলোর একটি হলো সক্রেটিসের সেই অমর বাণী—‘নিজেকে জানো’ (Know Thyself)। আত্ম-অনুসন্ধানের মাধ্যমেই মানুষ প্রকৃত জীবনদর্শন খুঁজে পায়।
মানুষ জ্ঞান অর্জন করেও অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তা কাজে লাগাতে পারে না। দুর্নীতি, সিন্ডিকেট ও বিদ্যমান ব্যবস্থার নানা জটিলতা অনেকের ক্যারিয়ার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। আবার অনেকে সবকিছু থাকার পরও মানসিক শান্তি খুঁজে পান না।
বর্তমান যুগে নিজেকে জানার জন্য মানুষ রিট্রিট, ভ্রমণসহ নানা উপায় বেছে নিচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনের মেলবন্ধনে আত্ম-অনুসন্ধানের পথ খুঁজছে। এমনকি লালনদর্শনের টানে বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশ।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান বাংলাদেশও মানবিক আচরণ ও মূল্যবোধের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যোগাযোগদক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বজয়ের প্রত্যাশা তৈরি হচ্ছে।
বিশ্ব দর্শন দিবসের আহ্বান—আসুন, যুক্তির মাধ্যমে সত্য, নন্দনতত্ত্বের মাধ্যমে সুন্দর এবং নৈতিকতার মাধ্যমে মঙ্গলের পথে হাঁটি। গড়ে তুলি এক মানবিক ও সহনশীল বিশ্ব।
লেখক: নীতি বিশ্লেষক ও গবেষক
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়