১৯ ডিসেম্বর বিশ্ব পুরুষ দিবস: ইতিবাচক পুরুষত্বের চর্চা হোক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই দায়িত্বশীল, পুরুষ মানেই পরিবারের ভরসা—সমাজে এমন কিছু ধারণা বহুদিন ধরে প্রচলিত। ছোটবেলা থেকেই একটি ছেলেকে শেখানো হয়, কাঁদতে নেই, দুর্বলতা প্রকাশ করতে নেই, পরিবারের দায়িত্ব নিতে হয়, নিজের কষ্ট নিজের মধ্যেই রাখতে হয়। বড় হতে হতে এই প্রত্যাশাগুলোই কখনো কখনো তার জীবনের অদৃশ্য বোঝা হয়ে ওঠে। অথচ তারও মন খারাপ হয়, ভয় লাগে, স্বপ্ন ভেঙে যায়, ভালোবাসা প্রয়োজন হয়। তারও বিশ্রাম, যত্ন ও মানসিক প্রশান্তির অধিকার রয়েছে।


প্রতিবছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। দিনটি পুরুষের ইতিবাচক অবদান, সুস্থতা, সামাজিক ভূমিকা এবং নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উপলক্ষ। দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, পুরুষের ভালো থাকা কেবল তাঁর ব্যক্তিগত বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্মের সুস্থ বিকাশ।


পুরুষত্বের প্রচলিত ধারণা বদলানো জরুরি


‘ছেলেরা কাঁদে না’, ‘পুরুষ মানুষকে শক্ত হতে হয়’, ‘সংসারের সব দায়িত্ব পুরুষকেই নিতে হবে’—এমন বাক্য আমাদের সামাজিক জীবনে খুব পরিচিত। কিন্তু এসব ধারণা কি একজন পুরুষের স্বাভাবিক আবেগ প্রকাশের পথ সংকুচিত করে দিচ্ছে না?


একজন পুরুষ যখন ব্যর্থ হন, চাকরি হারান, আর্থিক সংকটে পড়েন কিংবা সম্পর্কের জটিলতায় ভোগেন, তখন অনেক সময় নিজের কষ্টের কথা কাউকে বলতে পারেন না। কারণ, তাঁর মনে কাজ করে দুর্বল হিসেবে বিবেচিত হওয়ার ভয়। অথচ আবেগ প্রকাশ দুর্বলতা নয়। নিজের সমস্যার কথা বলা, প্রয়োজনে সাহায্য চাওয়া কিংবা মানসিক চাপের সময়ে কাউন্সেলিং নেওয়া সুস্থ জীবনেরই অংশ।


পুরুষত্বের অর্থ কর্তৃত্ব কিংবা আবেগহীনতা নয়। বরং দায়িত্বশীলতা, সহমর্মিতা, আত্মসম্মান, অন্যের প্রতি শ্রদ্ধা এবং নিজের অনুভূতিকে বুঝতে পারার মধ্যেও ইতিবাচক পুরুষত্বের পরিচয় রয়েছে।


পুরুষের মানসিক স্বাস্থ্য: নীরবতার দেয়াল ভাঙা দরকার


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, পুরুষত্ব সম্পর্কে কঠোর সামাজিক ধারণা পুরুষের স্বাস্থ্য ও সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন—পুরুষকে সব সময় শক্ত থাকতে হবে, ঝুঁকি নিতে হবে, নিজের সমস্যা নিজেকেই সামলাতে হবে—এমন প্রত্যাশা অনেককে চিকিৎসা বা মানসিক স্বাস্থ্যসেবা নিতে নিরুৎসাহিত করে। ধূমপান, মদ্যপান, ঝুঁকিপূর্ণ আচরণ এবং সহিংসতার সঙ্গেও ক্ষতিকর পৌরুষের ধারণার সম্পর্ক রয়েছে। 


বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে পুরুষদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। কর্মক্ষেত্রের চাপ, বেকারত্ব, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক দায়িত্ব, দাম্পত্য কলহ কিংবা সামাজিক প্রত্যাশা—সব মিলিয়ে একজন পুরুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। কিন্তু অনেকেই তা প্রকাশ করেন না। কেউ নিজেকে ব্যস্ত রাখেন, কেউ একাকিত্ব বেছে নেন, আবার কেউ রাগ বা আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে কষ্ট প্রকাশ করেন।


এখানে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন পুরুষের মন খারাপ হলে তাঁকে ‘এত দুর্বল হলে চলবে?’ না বলে বরং তাঁর কথা শোনা প্রয়োজন। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া লজ্জার নয়।


শারীরিক স্বাস্থ্যেও অবহেলা নয়


পুরুষদের মধ্যে শারীরিক স্বাস্থ্য নিয়ে অবহেলার প্রবণতা অনেক সময় দেখা যায়। কাজের ব্যস্ততা কিংবা পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। অসুস্থতা গুরুতর না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনও অনুভব করেন না।


অথচ বয়স ও ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, শুক্রাশয়ের ক্যানসার, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


নভেম্বর মাসে বিশ্বজুড়ে পুরুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘মুভেম্বর’। গোঁফ রাখার মাধ্যমে এই প্রচারণায় অংশ নেন অনেকে। এর লক্ষ্য পুরুষের স্বাস্থ্য, বিশেষ করে প্রোস্টেট ও শুক্রাশয়ের ক্যানসার এবং মানসিক সুস্থতা নিয়ে আলোচনা বাড়ানো।


বাবা, স্বামী কিংবা সন্তানের পরিচয়ের বাইরেও একজন মানুষ


পরিবারে একজন পুরুষকে প্রায়ই উপার্জনকারী, অভিভাবক কিংবা সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দেখা হয়। কিন্তু এসব পরিচয়ের বাইরেও তাঁর ব্যক্তিগত পছন্দ, স্বপ্ন ও আকাঙ্ক্ষা রয়েছে। একজন বাবা সন্তানের সঙ্গে সময় কাটাতে চান, একজন স্বামীও ভালোবাসা ও যত্ন প্রত্যাশা করেন। একজন ছেলেও চান তাঁর অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক।


আমাদের সমাজে সন্তান লালন-পালনের দায়িত্বকে অনেক সময় শুধু মায়ের কাজ হিসেবে দেখা হয়। অথচ সন্তানের বেড়ে ওঠায় বাবার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের সঙ্গে গল্প করা, পড়াশোনায় সহযোগিতা, খেলাধুলা, দৈনন্দিন যত্ন কিংবা তার আবেগ বোঝার চেষ্টা—এসবই দায়িত্বশীল পিতৃত্বের অংশ।


একইভাবে সংসারের দায়িত্বও শুধু পুরুষের একার নয়। নারী-পুরুষ দুজনের পারস্পরিক সহযোগিতা, সম্মান ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়েই একটি পরিবার সুস্থ ও সুন্দর হয়ে উঠতে পারে।


ইতিবাচক পুরুষত্বের চর্চা হোক


একজন ইতিবাচক পুরুষ মানে এমন কেউ নন, যিনি কখনো ভুল করেন না কিংবা সব সমস্যার সমাধান জানেন। বরং তিনি নিজের ভুল স্বীকার করতে পারেন, অন্যের মতামতকে সম্মান করেন, পরিবারের সদস্যদের অনুভূতির মূল্য দেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন।


ছেলেশিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে, কান্না দুর্বলতা নয়, মেয়েদের সম্মান করা কর্তব্য, গৃহস্থালির কাজ নারী-পুরুষ সবার এবং নিজের আবেগ প্রকাশ করা স্বাভাবিক। একই সঙ্গে তাকে শেখাতে হবে, কোনো সম্পর্কেই কর্তৃত্ব কিংবা সহিংসতার জায়গা নেই।


আদর্শ পুরুষের উদাহরণ শুধু বিখ্যাত ব্যক্তি, রাজনীতিবিদ, খেলোয়াড় কিংবা তারকাদের মধ্যে খুঁজতে হবে না। হতে পারেন পরিবারের সেই বাবা, যিনি সন্তানের জন্য সময় বের করেন; সেই ভাই, যিনি বোনের স্বপ্নকে সম্মান করেন; সেই স্বামী, যিনি ঘরের কাজে সহযোগিতা করেন; কিংবা সেই সহকর্মী, যিনি কর্মক্ষেত্রে নারী-পুরুষ সবার প্রতি সমান মর্যাদা দেখান।


২০২৬ সালের প্রতিপাদ্য: ভবিষ্যৎ সবার


এ বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘The Future Is Everyone’—অর্থাৎ ‘ভবিষ্যৎ সবার’। এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণ, অন্তর্ভুক্তি, সমতা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর মূল বার্তা হলো, পুরুষের উন্নয়ন কিংবা নারীর অগ্রগতি—কোনোটিই একে অপরের প্রতিপক্ষ নয়। বরং সবাই মিলে একটি সুস্থ, নিরাপদ ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। 


উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিংয়ের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে। পুরুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরা, পরিবার ও সমাজে তাঁদের অবদান স্বীকৃতি দেওয়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং নারী-পুরুষের সম্পর্ক উন্নয়ন—দিবসটির অন্যতম উদ্দেশ্য। 


উদ্‌যাপন হোক যত্ন ও ভালোবাসায়


দিবসটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। পরিবারের পুরুষ সদস্যটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তাঁর কথা মন দিয়ে শোনা, কর্মক্ষেত্রের সহকর্মীর কাজের প্রশংসা করা কিংবা বাবাকে একটি ফোন করে তাঁর খোঁজ নেওয়াও হতে পারে উদ্‌যাপনের অংশ।


একই সঙ্গে পুরুষদেরও নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, পছন্দের কাজে সময় দেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।


একটি বিষয় মনে রাখা জরুরি, পুরুষের প্রতি যত্ন ও সম্মান দেখানোর অর্থ নারীর অধিকার কিংবা মর্যাদা কমিয়ে দেওয়া নয়। বরং নারী-পুরুষ উভয়ের সমান মর্যাদা, নিরাপত্তা ও সুস্থতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।


পুরুষকে শুধু দায়িত্বের ভারে নুয়ে পড়া একজন মানুষ হিসেবে নয়, অনুভূতি ও স্বপ্ন নিয়ে বেঁচে থাকা একজন মানুষ হিসেবে দেখতে শিখি। তাঁর হাসি, কান্না, ব্যর্থতা কিংবা সাফল্য—সবকিছুরই মূল্য দিই। কারণ, একজন পুরুষের ভালো থাকা তাঁর নিজের জন্য যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন তাঁর পরিবার ও সমাজের জন্যও।


sidebar ad