জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের
সংগঠন জেইউসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা
(AGM–২০২৫ ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের ও বিদেশের
বিভিন্ন ব্যাচের অ্যালামনাই, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথি, কর্পোরেট ব্যক্তিত্ব এবং তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ
আয়োজন অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ
প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.
মোহাম্মদ কামরুল আহসান। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে
সুদৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠায় অ্যালামনাইদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “Collaboration with Industry Leaders” শীর্ষক বিশেষ সেশন। এ সেশনে দেশের স্বনামধন্য সফটওয়্যার ও
প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রযুক্তি
খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মক্ষেত্রের চাহিদা, নেতৃত্বের
গুণাবলি,
উদ্যোক্তা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে
গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তাঁরা নতুন প্রজন্মের গ্র্যাজুয়েটদের যুগোপযোগী
দক্ষতা অর্জন এবং পেশাগত উৎকর্ষ সাধনের আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের
নেতৃবৃন্দ, দাতা এবং স্পন্সরদের সম্মাননা
স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। তাঁদের অবদান ও সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ
থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত
সদস্যবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসেবা, অর্জন, সীমাবদ্ধতা এবং
উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সদস্যদের মতামত ও
পরামর্শের ভিত্তিতে সংগঠনের আগামী কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে উপস্থিত সদস্যদের
মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের
গঠনতন্ত্র অনুযায়ী সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ গোলাম মোয়াজ্জম পদাধিকারবলে
(By
Chair) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ
করেন।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ
পদসমূহে নির্বাচিত হন:
সভাপতি (পদাধিকারবলে): অধ্যাপক ড.
মোঃ গোলাম মোয়াজ্জম, সহ-সভাপতি–১: জনাব নজমুল মোমিন (জুয়েন),সহ-সভাপতি–২: জনাব মোঃ নুরুজ্জামান বিজন, সহ-সভাপতি–৩: জনাব মোঃ এম. জে. এফ. রুপম (বাবলা), সাধারণ সম্পাদক: জনাব এস. এম. গোলাম রাব্বি, কোষাধ্যক্ষ: জনাব মোঃ আশরাফুল ইসলাম শোভন
অনুষ্ঠানের সমাপনী পর্বে
অ্যালামনাই সদস্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিএসই বিভাগ এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময় আরও জোরদার করার
অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।