রান্নাশিল্পের সম্ভাবনা, সংকট ও স্বীকৃতি নিয়ে রোদসীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬

রান্নাশিল্পের সম্ভাবনা, সংকট ও স্বীকৃতি নিয়ে রোদসীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রন্ধনশিল্পকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতি বাড়ানোর লক্ষ্যে ‘রান্না যখন পেশা: রন্ধনশিল্পীদের সম্ভাবনা, সংকট ও স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নারী ও পরিবারভিত্তিক ম্যাগাজিন রোদসী। বৈঠকটি সঞ্চালনা করেছেন রোদসীর সম্পাদক ও প্রকাশক সাবিনা ইয়াসমীন।


আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারের (৬ষ্ঠ তলা) সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোদসীর আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকটিতে সহযোগিতা করেছে বিনোদন থিমপার্ক ফ্যান্টাসি কিংডম ও সীমাস কিচেন।




আলোচনায় অংশ নেন টাম্মি ট্রাকারের স্বত্বাধিকারী, ফুড স্টাইলিস্ট ও রেস্তোরাঁ পরামর্শক তাহসিন ইসলাম তমা; রূপচাঁদা সুপার শেফ ২০১৯-এর প্রথম রানারআপ কানিজ ফাতেমা সোহাগি; স্থপতি ও কালিনারি আর্টিস্ট আবিদ ইকবাল; কালিনারি আর্টিস্ট, উদ্যোক্তা ও রন্ধনশিল্পী অহনা বনিক; রন্ধনশিল্পী ও রেসিপি কন্ট্রিবিউটর কৃষিবিদ তাপসী মরিয়ম; সাপার পেয়ার-এর স্বত্বাধিকারী ও রেস্তোরাঁ পরামর্শক আনিশা বিনতে কামাল; সাপার পেয়ার-এর স্বত্বাধিকারী, ফুড ব্লগার, ফুড প্রমোটার ও কনটেন্ট ক্রিয়েটর ইন্দ্রদীপ মিত্র, সীমাস কিচেনের স্বত্বাধিকারী হাফিজা খাতুন সীমা। 


রন্ধনশিল্প বর্তমানে শুধু শখ কিংবা পারিবারিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশ-বিদেশে রন্ধনশিল্পের ক্রমবর্ধমান চাহিদা, হোটেল-রেস্তোরাঁ শিল্পের বিস্তার, পর্যটন খাতের বিকাশ এবং অনলাইনভিত্তিক খাদ্য ব্যবসার প্রসারের ফলে এটি সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে উঠছে। বিশেষ করে নারীদের জন্য আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে রন্ধনশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তবে এ খাতে রয়েছে নানা চ্যালেঞ্জ। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব, দক্ষতার যথাযথ মূল্যায়ন না হওয়া, পেশাগত স্বীকৃতির সংকট, কর্মপরিবেশ, আর্থিক সীমাবদ্ধতা এবং উদ্যোক্তা হিসেবে ব্যবসা সম্প্রসারণের প্রতিবন্ধকতা রন্ধনশিল্পীদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।


গোলটেবিল বৈঠকে রন্ধনশিল্পকে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠার উপায়, কারিগরি ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, দক্ষ জনবল তৈরি, পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থানের সুযোগ এবং নারী রন্ধনশিল্পীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি রন্ধনশিল্পীদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আয়োজকদের প্রত্যাশা, এ আলোচনা রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবী, প্রশিক্ষক, উদ্যোক্তা ও আগ্রহীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে রন্ধনশিল্পের বিকাশে প্রয়োজনীয় প্রশিক্ষণ, নীতিগত সহায়তা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়ে নতুন ভাবনার ক্ষেত্র তৈরি হবে।


রোদসী মনে করে, রান্নার দক্ষতাকে যথাযথ প্রশিক্ষণ, পেশাগত মর্যাদা ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে যুক্ত করা গেলে এই শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ আরও প্রসারিত হবে।


আলোচনার ভিডিও লিঙ্ক লাইভ: https://www.facebook.com/rodoshee/videos/1043602592096529

sidebar ad