রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হবে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ সার্ভিস চালু করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ এহতেশামুল হক। এছাড়া অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়া (অতিরিক্ত সচিব) উপস্থিত থাকবেন।
নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার উদ্যোগটি গণপরিবহন খাতে নারীর কর্মসংস্থান ও অংশগ্রহণ বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।