প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সেই যাত্রার কয়েক বছর পর ক্যারিয়ারের অন্যতম বড় আন্তর্জাতিক স্বীকৃতির সামনে দাঁড়িয়ে তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা জায়গা করে নিয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব –এর অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে।
এটি শুধু সুনেরাহর ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ, এটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো।
২০১৯ সালে ন ডরাই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম ছবিতেই অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান। এরপর দাগি ও এটা আমাদেরই গল্প -এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজস্ব অবস্থান আরও শক্ত করেন।
এবার সেই যাত্রায় যুক্ত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের মঞ্চ। রহস্য আর মনস্তত্ত্বের গল্প ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন
সিনেমার কেন্দ্রীয় চরিত্র নোভেরা—ঢাকার এক তরুণী, যিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, বিয়ের নানা সামাজিক আচার ও মানসিক চাপে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকেন। সেই সংকটের মাঝেই তাঁর কল্পনায় আবির্ভূত হয় রহস্যময় এক নারীর উপস্থিতি, যা গল্পকে নিয়ে যায় ভিন্ন এক মনস্তাত্ত্বিক জগতে।
১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব। অস্কারের দৌড়েও এই উৎসবকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়। এখান থেকে আত্মপ্রকাশ করা বহু চলচ্চিত্র পরবর্তীতে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে সাফল্য পেয়েছে।