একটি শিশুর জন্মের পর ঘরজুড়ে যেন নতুন এক ব্যস্ততা শুরু হয়। ছোট্ট মানুষটির কান্না, ঘুম, খাওয়ানো—সবকিছু ঘিরেই তখন পরিবারের সবার মনোযোগ। এই ব্যস্ততার মাঝেও সবচেয়ে বেশি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় মাকে। প্রসবের পর শারীরিক দুর্বলতা, ঘুমের ঘাটতি, নতুন দায়িত্বের চাপ—সব মিলিয়ে একজন মায়ের জন্য সময়টা সহজ নয়। এর সঙ্গে যুক্ত হয় শিশুকে নিয়মিত মায়ের দুধ খাওয়ানোর দায়িত্ব।
শিশুকে মায়ের দুধ খাওয়ানো স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হলেও মায়ের জন্য এটি সব সময় সহজ হয় না। শিশুর চাহিদা অনুযায়ী বারবার দুধ খাওয়াতে গিয়ে মায়ের বিশ্রামের সময় কমে যেতে পারে। কখনো ক্লান্তি, কখনো ঘুমের অভাব, আবার কখনো ঘরের নানা কাজের চাপ তাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। এমন সময়ে পরিবারের সহযোগিতা হয়ে উঠতে পারে মায়ের সবচেয়ে বড় ভরসা।
তাড়াহুড়া নয়
একজন মা যখন শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তখন তাকে একটু সময় দেওয়া জরুরি। শিশুকে দুধ খাওয়ানোর সময় যেন তাকে তাড়াহুড়া করতে না হয়, অন্য কাজের কথা মনে করিয়ে চাপ দেওয়া না হয়—পরিবারের মানুষ এ বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। মায়ের প্রয়োজন বুঝে পাশে বসা, শিশুর প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেওয়া কিংবা শুধু কিছুক্ষণ তার সঙ্গে থাকা—ছোট মনে হলেও এসব সহযোগিতা মায়ের জন্য অনেক স্বস্তির হতে পারে।
পর্যাপ্ত বিশ্রাম
এর পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম। শিশুর ঘুমের সঙ্গে মায়ের ঘুম সব সময় মেলে না। ফলে রাতের পর রাত ঘুমের ঘাটতি তৈরি হতে পারে। পরিবারের কেউ যদি শিশুকে কিছু সময় দেখাশোনা করেন, তাহলে মা সেই সময়টুকু বিশ্রাম নিতে পারেন। শিশুর যত্নের দায়িত্ব ভাগ করে নেওয়া তাই শুধু মাকে স্বস্তি দেয় না, তার নিজের সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।
ঘরের কাজে সহযোগিতা
ঘরের কাজেও পরিবারের সহযোগিতা প্রয়োজন। রান্না, ঘর গোছানো, বাজার করা কিংবা শিশুর কাপড়চোপড় সামলানোর মতো কাজগুলো পরিবারের অন্য সদস্যরা ভাগ করে নিতে পারেন। একজন মাকে সবকিছু একা সামলানোর চাপ থেকে মুক্তি দিলে তিনি শিশুর দিকে আরও মনোযোগ দিতে পারবেন।
শুধু কাজের সহযোগিতাই নয়, মানসিক সমর্থনও একজন মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে দুধ খাওয়ানো নিয়ে নানা ধরনের উদ্বেগ বা অনিশ্চয়তা তৈরি হতে পারে। সে সময় সমালোচনা না করে মায়ের কথা শোনা, তাকে উৎসাহ দেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসক বা স্তন্যদান-বিষয়ক বিশেষজ্ঞের পরামর্শ নিতে সহযোগিতা করা পরিবারের দায়িত্বের অংশ হতে পারে।
মনে রাখতে হবে, একটি শিশুকে মায়ের দুধ খাওয়ানো শুধু মায়ের একার বিষয় নয়; এটি পুরো পরিবারের অংশগ্রহণেরও একটি সুযোগ। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, আর পরিবারের অন্যরা তাকে সময়, বিশ্রাম, খাবার ও মানসিক স্বস্তি দেওয়ার পরিবেশ তৈরি করছেন—এভাবেই গড়ে উঠতে পারে একটি সহায়ক পরিবার।
পরিবারের এই ছোট ছোট সহযোগিতা হয়তো প্রতিদিনের চোখে খুব সাধারণ। কিন্তু একজন নতুন মায়ের কাছে এগুলোই হয়ে উঠতে পারে বড় আশ্বাস। মায়ের পাশে থাকা মানে শুধু তার কাজ কমিয়ে দেওয়া নয়; তাকে জানানো—এই নতুন যাত্রায় তিনি একা নন।
আর একজন মা যখন নিশ্চিন্তে, স্বস্তিতে ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে শিশুর যত্ন নিতে পারেন, তখন তার নিজের সুস্থতার পাশাপাশি শিশুর বেড়ে ওঠার পথটিও আরও সুন্দরভাবে এগিয়ে যায়। একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যতের শুরু তাই শুধু মায়ের বুকের দুধে নয়, সেই মায়ের পাশে থাকা ভালোবাসাপূর্ণ পরিবার থেকেও।
তথ্যসূত্র: ইউনিসেফ