পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলতে আমরা অনেক সময় সংকোচ বোধ করি। বিশেষ করে প্রস্রাবের সমস্যা, যৌনস্বাস্থ্য কিংবা প্রোস্টেটের অসুস্থতা নিয়ে অনেকেই চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। অথচ এই সংকোচ কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ প্রোস্টেট ক্যান্সার। সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকটাই মোকাবিলা করা সম্ভব। প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাথমিক পর্যায়ে অনেক রোগীর কোনো লক্ষণই থাকে না। তাই শুধু শারীরিক উপসর্গের অপেক্ষায় থাকলে চলবে না। বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় সচেতন হতে হবে।
প্রোস্টেট কী এবং কেন ক্যান্সার হয়:
প্রোস্টেট হলো পুরুষের শরীরের একটি ছোট গ্রন্থি, যা মূত্রথলির ঠিক নিচে এবং মূত্রনালির চারপাশে অবস্থিত। এর প্রধান কাজ বীর্যের তরলের একটি অংশ তৈরি করা, যা শুক্রাণুর স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।কোষের স্বাভাবিক বৃদ্ধি ও বিভাজনের প্রক্রিয়ায় অস্বাভাবিকতা তৈরি হলে প্রোস্টেটের কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে। এভাবেই সৃষ্টি হয় প্রোস্টেট ক্যান্সার। এই ক্যান্সার সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে সব ক্ষেত্রে তা নয়। কিছু প্রোস্টেট ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং হাড়সহ শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে।
কোন বয়সে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি:
প্রোস্টেট ক্যান্সারের অন্যতম বড় ঝুঁকির কারণ বয়স।
৪০ বছরের নিচে এই রোগ তুলনামূলকভাবে বিরল।
৫০ বছর বয়সের পর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে।
৬৫ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে রোগটি বেশি শনাক্ত হয়।
পরিবারের নিকটাত্মীয়ের প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকলে তুলনামূলক কম বয়সেও ঝুঁকি বাড়তে পারে।
বিশেষ করে বাবা বা ভাইয়ের প্রোস্টেট ক্যান্সার থাকলে নিজের ঝুঁকি সম্পর্কে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি।
একাধিক নিকটাত্মীয় আক্রান্ত হলে কিংবা তাঁদের অল্প বয়সে রোগ শনাক্ত হলে সতর্কতা আরও গুরুত্বপূর্ণ।
প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ নাও থাকতে পারে। রোগটি বড় হলে বা আশপাশের টিস্যুতে প্রভাব ফেললে কিছু উপসর্গ দেখা দিতে পারে।
প্রস্রাবের সমস্যাগুলো:
*বারবার প্রস্রাবের বেগ হওয়া, বিশেষ করে রাতে।
*প্রস্রাব শুরু করতে অসুবিধা বা দেরি হওয়া।
*প্রস্রাবের প্রবাহ দুর্বল হয়ে যাওয়া।
*প্রস্রাব করার পরও মূত্রথলি পুরোপুরি খালি হয়নি বলে মনে হওয়া।
*প্রস্রাবের মাঝখানে প্রবাহ বন্ধ হয়ে যাওয়া।
*প্রস্রাব বা বীর্যের সঙ্গে রক্ত দেখা যাওয়া।
অন্যান্য সম্ভাব্য লক্ষণ:
ইরেকশনে সমস্যা বা যৌন সক্ষমতায় পরিবর্তন।
কোমর, নিতম্ব বা পিঠের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা।
হাড়ে ব্যথা, বিশেষ করে রোগ ছড়িয়ে পড়লে।
অকারণে ওজন কমে যাওয়া ও শারীরিক দুর্বলতা, বিশেষত অগ্রসর পর্যায়ে।
তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ থাকলেই প্রোস্টেট ক্যান্সার হয়েছে, এমন নয়।
প্রোস্টেট বড় হয়ে যাওয়া (BPH)বিপিএইচ , প্রোস্টেটের প্রদাহ কিংবা মূত্রনালির সংক্রমণেও একই ধরনের সমস্যা হতে পারে।
তাই নিজে নিজে রোগ নির্ণয় না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কীভাবে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা যায়:
প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করার জন্য চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হয়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসার সুযোগ ও ফলাফল সাধারণত ভালো হয়।
১.পিএসএ ব্লাড টেস্ট :
এটি একটি রক্ত পরীক্ষা। PSA বা (Prostate-Specific Antigen) প্রোস্টেট স্পেসিফিক এন্টিজেন নামের প্রোটিনের মাত্রা পরিমাপ করা হয়। PSA বেড়ে গেলে প্রোস্টেট ক্যান্সারের সন্দেহ হতে পারে। তবে প্রোস্টেট বড় হওয়া বা সংক্রমণেও PSA বাড়তে পারে। তাই শুধু এই পরীক্ষার ফল দিয়ে ক্যান্সার নিশ্চিত করা যায় না।
২.ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন :
চিকিৎসক গ্লাভস পরা আঙুলের সাহায্যে মলদ্বার দিয়ে প্রোস্টেটের আকার, গঠন ও অস্বাভাবিক শক্ত অংশ পরীক্ষা করেন। এটি রোগ মূল্যায়নে সহায়ক হতে পারে, তবে একে এককভাবে নির্ভরযোগ্য স্ক্রিনিং পরীক্ষা হিসেবে ব্যবহার করা উচিত নয়।
৩.প্রোস্টেট এমআরআই :
পিএসএ অস্বাভাবিক হলে বা চিকিৎসকের সন্দেহ থাকলে এম আর আই করে প্রোস্টেটের ভেতরে সন্দেহজনক অংশ শনাক্ত করা হয়। বায়োপসি প্রয়োজন কি না, তা নির্ধারণেও এটি সাহায্য করে।
৪. প্রোস্টেট বায়োপসি:
সন্দেহজনক টিস্যুর ছোট নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। প্রোস্টেট ক্যান্সার নিশ্চিত করার প্রধান পরীক্ষা এটি। ক্যান্সারের ধরন ও আগ্রাসী হওয়ার মাত্রা বুঝতে গ্লিসন স্কোর বা গ্রেড গ্রুপ নির্ণয় করা হয়।
প্রয়োজনে ক্যান্সার কতটা ছড়িয়েছে তা জানতে চিকিৎসক পি এস এম এ পেট /সিটি সিটি স্ক্যান বোন স্ক্যান -সহ অন্যান্য পরীক্ষা দিতে পারেন।
বিশেষজ্ঞদের মতামত: কখন পরীক্ষা করা উচিত
প্রোস্টেট ক্যান্সার,এমন প্রশ্ন শনাক্তকরণে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব পুরুষের জন্য একই বয়সে একই নিয়মে পরীক্ষা করা ঠিক নয়। ব্যক্তির বয়স, পারিবারিক ইতিহাস, সামগ্রিক স্বাস্থ্য এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।আমেরিকান ক্যান্সার সোসাইটি -এর ২০২৬ সালের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী:
সাধারণ ঝুঁকির পুরুষদের ৫০–৬৯ বছর বয়সে প্রতি দুই বছর অন্তর পিএসএ ভিত্তিক স্ক্রিনিংয়ের সুপারিশ করা হয়েছে। যাঁদের নিকটাত্মীয়ের প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে ৪৫ বছর বয়স থেকে স্ক্রিনিং নিয়ে আলোচনা করা উচিত।উচ্চ ঝুঁকির কিছু পুরুষের ক্ষেত্রে ৪৫–৬৯ বছর বয়সে প্রতি বছর PSA পরীক্ষার সুপারিশ রয়েছে।
৭০–৭৪ বছর বয়সে ব্যক্তির স্বাস্থ্য ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
৭৫ বছর বা তার বেশি বয়সে নিয়মিত স্ক্রিনিং সাধারণভাবে সুপারিশ করা হয় না।বিশেষজ্ঞদের আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, পিএসএ বেশি মানেই ক্যান্সার নয়। অপ্রয়োজনীয় বায়োপসি এবং চিকিৎসা এড়াতে প্রয়োজনে পুনরায় পিএসএ পরীক্ষা, এমআরআই ও অন্যান্য মূল্যায়ন করা উচিত। ধীরে বাড়তে থাকা কম ঝুঁকির ক্যান্সারের ক্ষেত্রে সবসময় তাৎক্ষণিক অস্ত্রোপচার বা চিকিৎসা প্রয়োজন হয় না চিকিৎসকের তত্ত্বাবধানে আ্যকটিভ সার্ভেইলেন্স করা যেতে পারে।
প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরিতে করণীয়:
প্রোস্টেট ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধ করার নিশ্চিত কোনো পদ্ধতি এখনো নেই। তবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং ঝুঁকি সম্পর্কে সচেতনতা রোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
★ বয়স অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা:
৫০ বছর পার হলে চিকিৎসকের সঙ্গে PSA পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা উচিত। পারিবারিক ইতিহাস থাকলে আরও আগে পরামর্শ নিতে হবে।
★ প্রস্রাবের সমস্যা অবহেলা নয়:
বারবার প্রস্রাব, প্রস্রাবের ধারা দুর্বল হওয়া কিংবা রক্ত দেখা গেলে দ্রুত ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে।
★প্রস্রাবের সমস্যা অবহেলা নয়:
বারবার প্রস্রাব, প্রস্রাবের ধারা দুর্বল হওয়া কিংবা রক্ত দেখা গেলে দ্রুত ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে।
★স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: শাকসবজি, ফলমূল, ডাল, পূর্ণ শস্য এবং সুষম খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।
★নিয়মিত শরীরচর্চা:
হাঁটা, সাঁতার, সাইক্লিং বা অন্যান্য ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
★ধূমপান পরিহার: ধূমপানসহ ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে হবে।
★পরিবারে স্বাস্থ্য সচেতনতা:
বাবা, ভাই বা পরিবারের অন্য কারও প্রোস্টেট ক্যান্সার হলে পরিবারের পুরুষ সদস্যদের ঝুঁকি সম্পর্কে জানাতে হবে।
★সংকোচ ভেঙে চিকিৎসা নেওয়া:
প্রস্রাব ও যৌনস্বাস্থ্য নিয়ে লজ্জা না পেয়ে চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে।
প্রোস্টেট ক্যান্সার হলে কি সুস্থ হওয়া সম্ভব:
অবশ্যই। প্রোস্টেট ক্যান্সার মানেই মৃত্যু নয়। রোগটি কোন পর্যায়ে শনাক্ত হয়েছে, ক্যান্সার কতটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্য কেমন
এসবের ওপর চিকিৎসা নির্ভর করে।
চিকিৎসার সম্ভাব্য পদ্ধতিগুলো হলো,
অ্যাকটিভ সারভেইলেন্স:
কম ঝুঁকির ক্যান্সার নিয়মিত পর্যবেক্ষণে রাখা।
সার্জারী: প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে প্রোস্টেট অপসারণ।
রেডিয়েশন থেরাপি : রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা।
হরমোন থেরাপি : পুরুষ হরমোনের প্রভাব কমিয়ে ক্যান্সারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।
কেমোথেরাপি ও অন্যান্য আধুনিক চিকিৎসা: রোগের অগ্রগতি ও বিস্তার অনুযায়ী প্রয়োগ করা।
আমাদের সমাজে সচেতনতা কেন জরুরি:
বাংলাদেশে পুরুষদের স্বাস্থ্য নিয়ে আলোচনা এখনো অনেক ক্ষেত্রে সীমিত। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে প্রস্রাবের সমস্যা দেখা দিলে অনেকেই সেটিকে স্বাভাবিক বার্ধক্য ভেবে এড়িয়ে যান। কেউ কেউ ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, আবার কেউ লজ্জায় চিকিৎসকের কাছে যেতে চান না।কিন্তু মনে রাখতে হবে, প্রস্রাবের সমস্যা সবসময় বয়সের স্বাভাবিক পরিবর্তন নয়। এর পেছনে প্রোস্টেটের সাধারণ বৃদ্ধি থেকে শুরু করে ক্যান্সারের মতো গুরুতর কারণও থাকতে পারে।পরিবারের নারীদেরও এ বিষয়ে সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। স্বামী, বাবা, ভাই কিংবা পরিবারের বয়স্ক পুরুষ সদস্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উৎসাহিত করা যেতে পারে।
পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলা লজ্জার নয়, বরং দায়িত্বশীলতার পরিচয়।
প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হাতিয়ারগুলোর একটি হলো সচেতনতা। বয়স ও ঝুঁকি বুঝে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা করা এবং উপসর্গ অবহেলা না করাই পারে একটি জীবনকে বড় বিপদ থেকে রক্ষা করতে।
তথ্যসূত্র: আমেরিকান ক্যানসার সোসাইটি (২০২৬), গাইডলাইন ফর দ্য আর্লি ডিটেকশন অব প্রস্টেট ক্যানসার।