পেটের ওপরের দিকে হালকা ব্যথা, খাবারে অরুচি, হজমের সমস্যা কিংবা অকারণে ওজন কমে যাওয়া—এমন উপসর্গকে আমরা অনেক সময় সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু কখনো কখনো শরীরের এই ছোট ছোট পরিবর্তন বড় কোনো অসুস্থতার সংকেতও হতে পারে। অগ্ন্যাশয় আমাদের পাকস্থলীর ঠিক পেছনে অবস্থিত হওয়ায় এর প্রাথমিক সমস্যাগুলো হুবহু গ্যাস্ট্রিক বা বদহজমের মতো অনুভূত হয়। শুরুর দিকে অনেকেরই উল্লেখযোগ্য কোনো উপসর্গ থাকে না বিধায় অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা বেশ কঠিন। আবার যখন লক্ষণ প্রকাশ পায়, তত দিনে রোগটি আশপাশের অঙ্গ বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
অগ্ন্যাশয় কী এবং এর কাজ কী?
অগ্ন্যাশয় (Pancreas) হলো মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি বা অঙ্গ, যা একাধারে খাবার হজম করতে এবং রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি দেখতে অনেকটা নাশপাতি বা মাছের মতো চ্যাপ্টা, যা প্রায় ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) লম্বা হয়। এটি আমাদের পেটের বেশ গভীরে, পাকস্থলীর ঠিক পেছনে এবং মেরুদণ্ডের সামনে অবস্থিত। এর প্রধানত দুটি কাজ রয়েছে:
প্রথমত, খাবার হজমে সহায়তা করা। আমরা প্রতিদিন যা খাই, তা হজম করার জন্য অগ্ন্যাশয় বিশেষ ধরনের রস বা এনজাইম তৈরি করে। এগুলো ক্ষুদ্রান্ত্রে গিয়ে খাবারের শর্করা, প্রোটিন ও চর্বি ভাঙতে সাহায্য করে।
দ্বিতীয়ত, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। অগ্ন্যাশয় ইনসুলিন ও গ্লুকাগনের মতো হরমোন তৈরি করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে এবং গ্লুকাগন প্রয়োজন অনুযায়ী তা বাড়াতে সাহায্য করে।
অগ্ন্যাশয়ের ক্যানসার কেন এত বিপজ্জনক?
অগ্ন্যাশয়ের কোষে অস্বাভাবিক পরিবর্তন ও অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে ক্যানসার তৈরি হয়। অগ্ন্যাশয়ের ক্যান্সার পুরুষ ও মহিলা উভয়কেই আক্রান্ত করে এবং প্রধান ক্যান্সারগুলোর মধ্যে এটি বিশ্বব্যাপী ক্যান্সারজনিত মৃত্যুর ষষ্ঠ প্রধান কারণ। এর বিভিন্ন অংশে ক্যানসার হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ এবং আক্রমণাত্মক ধরন হলো প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা (Pancreatic Ductal Adenocarcinoma বা PDAC)। চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, আক্রান্ত রোগীদের প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রেই এই ধরনের ক্যান্সার দেখা যায়। এটি অগ্ন্যাশয়ের নালিকাসংক্রান্ত কোষ থেকে তৈরি হয়।
অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস ক্যান্সারকে বলা হয় ‘ক্যান্সারের রাজা’ বা ‘নীরব ঘাতক’ — কারণ প্রাথমিক পর্যায়ে এর কোনো স্পষ্ট উপসর্গ থাকে না, আর ধরা পড়ার সময় দেখা যায় অধিকাংশ রোগীর ক্যান্সার দ্রুত শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই ক্যানসার এত ভয়াবহ হওয়ার পেছনে পাঁচটি প্রধান কারণ রয়েছে:
১. অগ্ন্যাশয় শরীরের গভীরে অবস্থানের কারণে সাধারণ শারীরিক পরীক্ষায় টিউমারের উপস্থিতি টের পাওয়া যায় না। প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা বা অস্বস্তি না থাকায় প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ক্ষেত্রেই রোগটি শেষ ধাপে পৌঁছানোর পর ধরা পড়ে।
২. স্তন ক্যানসারের জন্য যেমন ম্যামোগ্রাম বা জরায়ুমুখ ক্যানসারের জন্য প্যাপ স্মিয়ার টেস্ট রয়েছে, অগ্ন্যাশয় ক্যানসার আগেভাগে শনাক্ত করার মতো সহজ কোনো রুটিন পরীক্ষা এখনো প্রচলিত নয়।
৩. এই ক্যানসার কোষগুলো খুব আক্রমণাত্মক প্রকৃতির হয়। অগ্ন্যাশয়ের চারপাশে অসংখ্য রক্তনালি ও লসিকা গ্রন্থি থাকায় টিউমারটি খুব দ্রুত লিভার (যকৃৎ), ফুসফুস এবং পেটের অন্যান্য অঙ্গে অত্যন্ত দ্রুত ছড়িয়ে ছড়িয়ে পড়ে।
৪.অগ্ন্যাশয় শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কিছু রক্তনালি ও পরিপাকতন্ত্রের অংশ দিয়ে ঘেরা থাকে। টিউমারটি এসব রক্তনালির সাথে জড়িয়ে গেলে অস্ত্রোপচার বা সার্জারি করে তা পুরোপুরি অপসারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাত্র ১০ শতাংশ রোগী এমন পর্যায়ে শনাক্ত হন যখন সার্জারি করা সম্ভব হয়।
৫. স্ট্যানফোর্ড এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্যমতে, অগ্ন্যাশয়ের টিউমারের চারপাশে এক ধরনের শক্ত আবরণ বা স্কার টিস্যু (Scar tissue) তৈরি হয়। এই আবরণের কারণে কেমোথেরাপির ওষুধ টিউমার কোষের ভেতরে ঠিকমতো পৌঁছাতে পারে না। এছাড়া এই ক্যানসার কোষগুলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও (Immune system) সহজে ফাঁকি দিতে সক্ষম।
কোন লক্ষণগুলো অবহেলা করবেন না?
দুর্ভাগ্যজনক সত্য হলো, সব ধরনের ক্যান্সারের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যান্সারে বেঁচে থাকার হার সবচেয়ে কম। তার উপর এর প্রাথমিক লক্ষণ অস্পষ্ট হয়, তাই এর ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তবে কিছু শারীরিক সংকেত আছে যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি:
- পেটের ওপরের দিকে বা মাঝামাঝি অংশে ব্যথা হতে পারে। অনেক সময় এই ব্যথা পিঠের দিকেও ছড়িয়ে পড়ে। এই ব্যথা চিৎ হয়ে শুয়ে থাকলে বা খাবার খাওয়ার পর বাড়ে এবং সামনের দিকে ঝুঁকে বসলে কিছুটা আরাম পাওয়া যায়।
- ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি শরীরের ওজন দ্রুত কমতে থাকে, তবে তা একটি বড় সতর্ক সংকেত। বিশেষ করে ১ মাসে শরীরের মোট ওজনের ৫ শতাংশ বা তার বেশি, অথবা ৩ থেকে ৬ মাসের মধ্যে ৪-৫ কেজির বেশি ওজন কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- অগ্ন্যাশয় খাবার হজমের এনজাইম তৈরি করে। টিউমারের কারণে এই এনজাইম প্রবাহ বাধাগ্রস্ত হলে খাবার ঠিকমতো হজম হয় না। ফলে মল ফ্যাকাশে রঙের, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত বা তৈলাক্ত (চর্বিযুক্ত) হতে পারে, যা অনেক সময় পানিতে ভেসে থাকে।
- হঠাৎ করে খাবারের প্রতি তীব্র অনীহা তৈরি হওয়া বা সামান্য খাবার খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হওয়া অগ্ন্যাশয় বা পাকস্থলীর সমস্যার লক্ষণ হতে পারে।
- চোখের সাদা অংশ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া এবং ত্বকে চুলকানি দেখা দিতে পারে। বিশেষ করে অগ্ন্যাশয়ের মাথার দিকে টিউমার হলে পিত্তনালিতে বাধা সৃষ্টি হয়ে জন্ডিস হতে পারে।
- বিশেষ করে যাদের আগে ডায়াবেটিসের ঝুঁকি ছিল না, তাদের মধ্যবয়স বা বেশি বয়সে হঠাৎ নতুন করে ডায়াবেটিস ধরা পড়লে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ, কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয়ের ক্যানসার ইনসুলিন তৈরির স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে নতুন করে ডায়াবেটিস হলেই ক্যানসার হয়েছে, এমনটা ভাবার কারণ নেই।
কারা বেশি ঝুঁকিতে থাকেন?
অগ্ন্যাশয় ক্যান্সারের সুনির্দিষ্ট কোনো একক কারণ নেই। তবে কিছু বিষয় এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। যেমন—
- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্যানসারের ঝুঁকি বাড়ে। আক্রান্ত রোগীদের প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ৬৫ বছর বা তার বেশি এবং গড় বয়স প্রায় ৭০ বছর। ৪৫ বছরের নিচে এই রোগ খুব কম দেখা যায়।
- ধূমপান অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। 'আমেরিকান ক্যান্সার সোসাইটি' এর তথ্যমতে ধূমপায়ীদের এই ক্যান্সার হওয়ার আশঙ্কা অ-ধূমপায়ীদের তুলনায় প্রায় দ্বিগুণ। বিজ্ঞানীদের মতে, প্রায় ২৫% অগ্ন্যাশয় ক্যান্সারের জন্য ধূমপান দায়ী।
- যাদের বিএমআই (BMI) ৩০ বা তার বেশি, তাদের এই ক্যান্সারের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে পেটের চারপাশে অতিরিক্ত মেদ জমলে ঝুঁকি আরও বাড়ে।
- দীর্ঘদিনের টাইপ-২ ডায়াবেটিস অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি ৫০ বছর বয়সের পর হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়াও অনেক সময় এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
- অগ্ন্যাশয়ে দীর্ঘদিন ধরে প্রদাহ বা ইনফেকশন থাকলে কোষের ক্ষতি হয়ে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত মদ্যপান ও ধূমপান এই প্রদাহের প্রধান কারণ।
- 'ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট' এর মতে এর মতে, প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে অগ্ন্যাশয় ক্যান্সার বংশগত হয়ে থাকে। বাবা-মা, ভাই-বোন বা সন্তানের মধ্যে কারো এই ক্যান্সার থাকলে অথবা পরিবারে BRCA1, BRCA2 জিন মিউটেশন বা লিঞ্চ সিনড্রোম (Lynch syndrome) থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়।
তবে ঝুঁকির কারণ থাকলেই যে কারও ক্যানসার হবে, তা নয়। আবার এসব ঝুঁকির কারণ না থাকলেও কারও অগ্ন্যাশয়ের ক্যানসার হতে পারে।
শনাক্তকরণ ও চিকিৎসা
অগ্ন্যাশয় পেটের অনেক গভীরে থাকায় সাধারণ রক্ত পরীক্ষায় বা শারীরিক পরীক্ষায় এটি সহজে ধরা পড়ে না। রোগটি কোন পর্যায়ে আছে তার ওপর ভিত্তি করে চিকিৎসকরা শনাক্তকরণ ও চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করেন।
অগ্ন্যাশয়ের ভেতরের ছবি দেখার জন্য সিটি স্ক্যান (CT Scan) এবং এমআরআই (MRI) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড (EUS) নামক একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে মুখ দিয়ে সরু নল ঢুকিয়ে পাকস্থলীর ভেতর থেকে অগ্ন্যাশয়ের খুব কাছের ও স্পষ্ট ছবি নেওয়া হয়। রক্তে CA 19-9 নামক এক ধরনের প্রোটিনের মাত্রা পরীক্ষা করা হয়। তবে এটি কেবল রোগের গতিবিধি বা চিকিৎসার কার্যকারিতা বুঝতে সাহায্য করে, এককভাবে ক্যান্সার নিশ্চিত করতে পারে না। ক্যান্সার শতভাগ নিশ্চিত করার একমাত্র উপায় হলো বায়োপসি। সন্দেহজনক টিস্যুর নমুনা নিয়ে পরীক্ষার মাধ্যমে ক্যানসার কোষের উপস্থিতি নিশ্চিত করা হয়।
টিউমারের আকার, অবস্থান এবং তা শরীরের অন্য অঙ্গে ছড়িয়েছে কি না তার ওপর চিকিৎসা নির্ভর করে। ক্যানসার যদি অগ্ন্যাশয়ের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে এবং অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হয়, তাহলে সার্জারি গুরুত্বপূর্ণ চিকিৎসা হতে পারে। টিউমারের অবস্থান অনুযায়ী অগ্ন্যাশয়ের অংশবিশেষ কিংবা প্রয়োজনীয় আশপাশের কিছু অঙ্গ অপসারণ করতে হতে পারে।
শক্তিশালী ওষুধের মাধ্যমে ক্যান্সার কোষ বৃদ্ধি ও বিস্তার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সার্জারির আগে টিউমার ছোট করতে অথবা সার্জারির পরে অবশিষ্ট ক্যান্সার কোষ নির্মূল করতে কেমোথেরাপি দেওয়া হয়। এছাড়া ক্যান্সার ছড়িয়ে পড়লে রোগ নিয়ন্ত্রণে রাখতেও এটি ব্যবহৃত হয়। এছাড়াও রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি, প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হতে পারে।
বিশ্বজুড়ে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিত্র কতটা উদ্বেগজনক?
বিশ্বজুড়ে অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিত্র অত্যন্ত উদ্বেগজনক; প্রতি বছর নতুন করে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় ৪ লাখ ৯০ হাজার মানুষ মৃত্যুবরণ করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ সংস্থা GLOBOCAN-এর তথ্য অনুযায়ী, প্রতি বছর যত মানুষ নতুন করে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, তার প্রায় ৯০ শতাংশেরও বেশি রোগী মারা যাচ্ছেন। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে যে হারে রোগী বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৫% থেকে ১০০% বৃদ্ধি) হয়ে বছরে প্রায় ১০ লাখে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের মতো উন্নত বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো এই অগ্ন্যাশয় ক্যান্সার। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের আগেই এটি কোলোরেক্টাল ক্যান্সারকে ছাড়িয়ে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হয়ে দাঁড়াবে।
' আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজি' (American Journal of Gastroenterology)-এর একটি বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, আগামী দিনগুলোতে আফ্রিকা এবং এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে (যেমন বাংলাদেশ ও ভারত) এই রোগের প্রকোপ ও মৃত্যুহার সবচেয়ে দ্রুতগতিতে বাড়বে। জীবনযাত্রার পরিবর্তন, ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধি এবং দেরিতে রোগ শনাক্ত হওয়াই এর প্রধান কারণ। আগে অগ্ন্যাশয় ক্যান্সারকে কেবল বয়স্কদের রোগ মনে করা হলেও, সাম্প্রতিক গবেষণা বলছে ৫০ বছরের কম বয়সীদের মধ্যেও এই ক্যান্সারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
এত উচ্চ মৃত্যুহার সত্ত্বেও বিশ্বব্যাপী ক্যান্সার গবেষণার মোট বাজেটের মাত্র ২ শতাংশেরও কম অর্থ অগ্ন্যাশয় ক্যান্সার গবেষণায় ব্যয় হয়, যা এই রোগ মোকাবিলায় একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ বৈশ্বিক পরিসংখ্যানই প্রমাণ করে যে, এখনই ব্যাপক জনসচেতনতা তৈরি না করলে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে এই ‘নীরব ঘাতক’ আরও বড় মহামারির রূপ নেবে।
সচেতনতাই হতে পারে আগাম সতর্কতার প্রথম ধাপ
৬০টিরও বেশি সংস্থা নিয়ে গঠিত ওয়ার্ল্ড প্যানক্রিয়াটিক ক্যানসার কোয়ালিশন (WPCC), অগ্ন্যাশয়ের ক্যান্সারের কার্যকর চিকিৎসা ও নিরাময় পদ্ধতি উদ্ভাবনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০১৫ সালে বিশ্ব অগ্ন্যাশয় ক্যান্সার দিবস প্রতিষ্ঠা করে। প্রতি বছর নভেম্বর মাসজুড়ে ‘অগ্ন্যাশয়ের ক্যানসার সচেতনতা মাস' পালিত হয়। এই মাসের অংশ হিসেবে নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড প্যানক্রিয়াটিক ক্যানসার ডে’। এই দিবসের প্রতীকী রং বেগুনি (Purple), যা আক্রান্ত রোগীদের প্রতি সংহতি, আশা এবং গবেষণার মাধ্যমে এই রোগ জয়ের অঙ্গীকার প্রকাশ করে।
২০২৬ সালে এই দিবসের থিম হলো — "দ্রুত স্ক্রিনিং জীবন বাঁচায়: ঝুঁকি জানুন, লক্ষণ চিনুন" (Early screening saves lives: know the risks, recognize the symptoms)। থিমটি সরাসরি ইঙ্গিত করে — এই ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সতর্কতা। ঝুঁকির কারণগুলো জানা এবং শরীরের অস্বাভাবিক পরিবর্তনগুলোকে অবহেলা না করা — এই দুটি অভ্যাসই পারে জীবন রক্ষা করতে।
অগ্ন্যাশয় ক্যান্সার একটি নীরব ঘাতক। গত চার দশকে চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে অন্যান্য বেশিরভাগ ক্যান্সারে গড় বেঁচে থাকার হার প্রায় ৭০ শতাংশে পৌঁছালেও, অগ্ন্যাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে চিত্রটি এখনো ভয়াবহ। সাম্প্রতিক বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, এই রোগে আক্রান্তদের মধ্যে গড়ে মাত্র ১০ থেকে ১৩ শতাংশ রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকেন।
সচেতনতা হতে পারে এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল। ১৯ নভেম্বর বিশ্ব অগ্ন্যাশয় ক্যান্সার দিবসে আমরা প্রতিজ্ঞা করি — লক্ষণগুলো চিনব, ঝুঁকি জানব, আর কারও জীবন যেন অবহেলায় হারিয়ে না যায় সেই বার্তা ছড়িয়ে দেব।
তথ্যসূত্র:
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট
আমেরিকান ক্যান্সার সোসাইটি
ওয়ার্ল্ড প্যানক্রিয়াটিক ক্যান্সার কোয়ালিশন
ন্যাশনাল ডে ক্যালেন্ডার