পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথার পেছনে থাকতে পারে যেসব রোগের লক্ষণ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঋতুস্রাব বা পিরিয়ডের সময় তলপেটে ব্যথা, কোমরে অস্বস্তি কিংবা পেশিতে টান অনুভব করা অনেক নারীর জন্য পরিচিত সমস্যা। কারও ক্ষেত্রে ব্যথা সামান্য থাকে, আবার কারও ক্ষেত্রে এতটাই তীব্র হয় যে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পিরিয়ডের এই ব্যথাকে বলা হয় ডিসমেনোরিয়া।


জরায়ুর সংকোচনের কারণে এই ব্যথা হয়। এ সময় শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামের রাসায়নিকের মাত্রা বেড়ে যায়, যা জরায়ুর পেশিকে সংকুচিত করে। তবে অতিরিক্ত ব্যথাকে সব সময় স্বাভাবিক পিরিয়ডের সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়।


ব্যথা কমাতে যা করবেন-


১. তলপেটে গরম সেঁক দিন: হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড কাপড়ে মুড়িয়ে তলপেটে ১৫–২০ মিনিট ধরে রাখতে পারেন। এটি পেশির সংকোচন ও ব্যথা কমাতে সাহায্য করে।



২. হালকা ব্যায়াম করুন: ব্যথা সহনীয় থাকলে ধীরে হাঁটা, হালকা স্ট্রেচিং কিংবা যোগব্যায়াম করতে পারেন।



৩. পর্যাপ্ত বিশ্রাম নিন: পর্যাপ্ত ঘুম এবং আরামদায়ক ভঙ্গিতে শুয়ে থাকা ব্যথার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে।



৪. পর্যাপ্ত পানি পান করুন: শরীরের পানির ঘাটতি এড়াতে নিয়মিত পানি পান করুন। চাইলে উষ্ণ পানীয়ও খেতে পারেন।



৫. ব্যথানাশক ওষুধের বিষয়ে সতর্ক থাকুন: আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেনের মতো ওষুধ পিরিয়ডের ব্যথা কমাতে কার্যকর হতে পারে। তবে গ্যাস্ট্রিক আলসার, কিডনি বা লিভারের সমস্যা, রক্তক্ষরণজনিত অসুস্থতা কিংবা এসব ওষুধে অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।



৬. হালকা পেট ম্যাসাজ করুন: তলপেটে আলতোভাবে হাত বুলিয়ে ম্যাসাজ করলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।



কখন চিকিৎসকের কাছে যাবেন?



পিরিয়ডের ব্যথা অতিরিক্ত হলে কিংবা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না।



- আগের তুলনায় হঠাৎ ব্যথা অনেক বেড়ে যাওয়া।


- ব্যথানাশক ও গরম সেঁকেও ব্যথা না কমা।


- অতিরিক্ত রক্তপাত বা বড় রক্তের চাকা বের হওয়া।

- পিরিয়ড ছাড়াও তলপেটে ব্যথা থাকা।


- জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দেওয়া।


- সহবাসের সময় বা প্রস্রাব-পায়খানার সময় ব্যথা হওয়া।



অতিরিক্ত ব্যথার পেছনে থাকতে পারে যেসব রোগ


সব পিরিয়ডের ব্যথা সাধারণ মাসিকের কারণে হয় না। কখনো কখনো এর পেছনে থাকতে পারে—



- এন্ডোমেট্রিওসিস: জরায়ুর ভেতরের আবরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বেড়ে ওঠে।


- অ্যাডেনোমায়োসিস: জরায়ুর ভেতরের আবরণের মতো টিস্যু জরায়ুর পেশির মধ্যে প্রবেশ করে।


- জরায়ুর ফাইব্রয়েড: জরায়ুতে অস্বাভাবিক মাংসপিণ্ড তৈরি হয়।


- পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ: প্রজনন অঙ্গের সংক্রমণজনিত সমস্যা।



এসব সমস্যায় পিরিয়ডের সময় তীব্র ব্যথা, অতিরিক্ত রক্তপাত কিংবা দীর্ঘস্থায়ী অস্বস্তি হতে পারে। 



তথ্যসূত্র: মায়ো ক্লিনিক

sidebar ad