শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, উদ্বিগ্ন ভক্তরা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬

শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, উদ্বিগ্ন ভক্তরা

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল বিরল এক স্বাস্থ্যগত সমস্যার কারণে ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে জানিয়েছেন।


এক পোস্টে আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ নামের একটি সমস্যায় ভুগছেন। এর কারণে তার কানের ভেতরে সব সময় এক ধরনের শব্দ হয়, যা ধীরে ধীরে তার শ্রবণক্ষমতায় প্রভাব ফেলছে। একই সঙ্গে উচ্চ শব্দও এখন তার জন্য অসহনীয় হয়ে উঠেছে।


গান থেকে দূরে থাকার কারণ জানিয়ে আনুশেহ লেখেন, আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। আর কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।


তিনি আরও জানান, চিকিৎসকেরা তাকে হিয়ারিং এইড ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে সেটি ব্যবহারের পর তার সমস্যার আরও অবনতি হয়েছে বলে মনে করছেন তিনি।


আনুশেহ লেখেন, ডাক্তাররা আমাকে হিয়ারিং এইড পরতে বলেছিলেন, কিন্তু সেটার ওপর নির্ভরশীলতা আমাকে আরও কম শুনতে সাহায্য করছে এবং আমার টিনিটাস আরও খারাপ করছে। তাই আমি সেটি ব্যবহার বন্ধ করে দিয়েছি।


বর্তমান জীবনযাপনের কথা জানিয়ে তিনি বলেন, শান্ত পরিবেশের কারণেই এখন গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার সৃষ্ট সরলবাড়ি ইকো রিসোর্টেই তিনি বর্তমানে বসবাস করছেন। রিসোর্ট হলেও বাউল-শিল্পীদের জন্য সেটি একটি আশ্রম বলেও বিবেচিত হচ্ছে।


তিনি লেখেন, এই কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত এবং আমার কানের জন্যও সেটি সহজ।


আনুশেহর এই খবরে তার ভক্ত, সহশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন এবং এই কঠিন সময়ে তার পাশে থাকার অঙ্গীকার করছেন।


বাংলাদেশের লোকসংগীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলতে আনুশেহ আনাদিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কণ্ঠে পরিবেশিত অসংখ্য লোকগান দেশ-বিদেশে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এমন একজন শিল্পীর অসুস্থতার খবর সংগীতপ্রেমীদের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।


ঢাকা/টিএ

sidebar ad