বয়স ৫২। জীবনের প্রায় তিন দশক কাটিয়েছেন একটি সংসারে। দুটি সন্তানকে বড়
করেছেন, তাদের পড়াশোনা, অসুখ-বিসুখ, ভবিষ্যৎ সবকিছুর পেছনে নিজের ইচ্ছা, স্বপ্ন আর
ভালো৷ লাগাগুলোকে একে একে বিসর্জন দিয়েছেন। বাইরে থেকে দেখলে শিউলির সংসারে কোনো অভাব
ছিল না। স্বামী, সন্তান, বাড়ি, সামাজিক পরিচিতি সবই ছিল। শুধু ছিল না মনের কথা বলার
মতো একজন মানুষ।একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের পৃথিবী ছিল দুই রকম। কোথাও মনের
মিল হয়নি, কোথাও ভালোবাসার প্রকাশ ছিল না, কোথাও ছিল না পারস্পরিক সম্মান। ঝগড়াঝাটি
বিবাদ ছিল তাদের নিত্য সঙ্গী। অবহেলা অবজ্ঞা ছিল মাসিক মাইনে।আর শারীরিক নির্যাতন ছিল
তার বাৎসরিক বোনাস। সংসার নামের একটা বিনে বেতনের চাকরি করে গেছেন যুগের পর যুগ ধরে।
বছরের পর বছর সম্পর্কের নামটুকু টিকিয়ে রাখতে গিয়ে শিউলি ভুলেই গিয়েছিলেন, তাঁরও আলাদা
একটা মন আছে।

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছেন। কখনো মানসিক
অপমান, কখনো শারীরিক নির্যাতন, কখনো নিজের অস্তিত্বকে ছোট করে দেখার যন্ত্রণা। একটা
সময় তাকে তালাকের ট্যাগ ঝুলিয়ে দেয়া হল গলায়।আর সাথে দুইটা বাচ্চা একা মানুষ করার দায়িত্ব।
মেনে নিলেন। ওদের মানুষ করতে লাগলেন। একসময় সন্তানরা বড় হলো। নিজেদের পড়াশোনা শেষ করে
প্রতিষ্ঠিত হলো। তাদের জীবন, তাদের ব্যস্ততা, তাদের নিজস্ব পৃথিবী তৈরি হলো।
আর শিউলি?
হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আবিষ্কার করলেন, জীবনের এতগুলো বছর পার
হয়ে গেছে। নিজের পছন্দের একটা শাড়ি কেনা, প্রিয় খাবার খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া কিংবা
বিকেলে কারও সঙ্গে এক কাপ চা খেয়ে মনের কথা বলার মতো ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করা হয়নি।
চুলে পাক ধরেছে ,চোখের নিচের কালি কত রাত জাগার সাক্ষি হয়ে বসে গিয়েছে। তাঁর জীবনের
চাওয়া-পাওয়ার খাতাটা প্রায় শূন্য। তখনই প্রথমবার নিজের কাছে প্রশ্ন করলেন, বাকি জীবনটাও
কি এভাবেই কাটিয়ে দেব? আমার নিজের জন্য কি কিছুই করার নেই?
অনেক ভাবনা, দ্বিধা, সামাজিক ভয় আর সন্তানদের সঙ্গে আলোচনার পর শিউলি সিদ্ধান্ত
নিলেন, তিনি আবার বিয়ে করবেন। দুই সন্তানই মায়ের সিদ্ধান্তকে সম্মান করল। তাঁর জীবনে এমন একজন মানুষ
এলেন, যিনি তাঁকে পরিবর্তন করতে চাননি, অতীত নিয়ে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাননি, বরং
বুঝতে চেষ্টা করেছেন। যিনি তাঁকে নিজের জীবনের একজন প্রয়োজনীয় মানুষ হিসেবে গ্রহণ করেছেন।
এই মানুষটি শিউলিকে ভালোবেসেছেন কোনো স্বার্থে নয়, তাঁকে আপন করে নেওয়ার
আন্তরিক ইচ্ছা থেকে।শিউলি আবার নতুন করে সংসার শুরু করলেন। এবার তাঁর জীবনের লক্ষ্য
শুধু সংসার টিকিয়ে রাখা নয়, বরং ভালো থাকা। এটি কোনো রূপকথার গল্প নয়। আমাদের সমাজে
এমন গল্পের বাস্তব সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনাটুকুই অনেক নারীর জীবনে নতুন আশার দরজা
খুলে দিতে পারে।
দ্বিতীয় বিয়ে কি শুধু একাকিত্ব দূর করার উপায়। একেবারেই নয়। দ্বিতীয় বিয়ে
মানে শুধু একজন সঙ্গী পাওয়া নয় বরং এমন একজন মানুষ পাওয়া, যার কাছে নিজের অনুভূতি প্রকাশ
করতে ভয় লাগে না। আমাদের সমাজে বিয়েকে অনেক সময় আজীবন টিকে থাকার একটি চুক্তি হিসেবে
দেখা হয়। কিন্তু একটি সম্পর্ক শুধু টিকে থাকলেই কি সফল হয়?
যে সংসারে দুজন মানুষ বছরের পর বছর একসঙ্গে থেকেও একে অপরের কাছে অপরিচিত
থেকে যান, সেখানে সম্পর্কের অস্তিত্ব থাকলেও মানসিক ঘনিষ্ঠতা থাকে না। এরেঞ্জ ম্যারেজ
হোক কিংবা লাভ ম্যারেজ শুরুটা যেভাবেই হোক, মনের মিল না হলে, সম্মান ও দায়িত্ববোধ না
থাকলে একটি সম্পর্ক ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠতে পারে। কেউ বিয়ের পর প্রতারণার শিকার হন,
কেউ আবিষ্কার করেন জীবনসঙ্গীর সঙ্গে তাঁর মূল্যবোধের কোনো মিল নেই। কেউ মানসিক নির্যাতনের
শিকার হন, কেউ শারীরিক নির্যাতনের মধ্যেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর
সংসার করেন। আবার কেউ আইনগতভাবে বিবাহিত থেকেও মানসিকভাবে সম্পূর্ণ একা। তাঁদের সবার
গল্প এক নয়। কিন্তু একটি জায়গায় মিল আছে তাঁদের অনেকেই নিজের জীবনের আনন্দ, ইচ্ছা ও
ব্যক্তিসত্তাকে দীর্ঘদিন অবহেলা করে এসেছেন।
কোন নারীর জন্য দ্বিতীয় বিয়ে নতুন সম্ভাবনা হতে পারে?
একজন ডিভোর্সি নারী: বিচ্ছেদ মানেই একজন নারীর জীবনে ভালোবাসার দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। একটি
বিয়ে ব্যর্থ হতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে তিনি ব্যর্থ নন।অতীতের অভিজ্ঞতা তাঁকে
হয়তো আরও পরিণত করেছে। এবার তিনি জানেন, সম্পর্কে শুধু ভালোবাসা নয়, সম্মান, বিশ্বাস,
দায়িত্ব এবং মানসিক নিরাপত্তাও জরুরি।
একজন বিধবা বা একা নারী: জীবনসঙ্গী হারানোর পর অনেক নারী দীর্ঘদিন একাকিত্বের সঙ্গে বসবাস করেন।
সন্তান থাকলেও তাদের নিজস্ব জীবন তৈরি হয়। কিন্তু মায়েরও তো একজন আপন মানুষ প্রয়োজন
হতে পারে! সন্তানদের ভালোবাসা এবং একজন জীবনসঙ্গীর সান্নিধ্য এক বিষয় নয়। একজন নারী
চাইলে আবার ভালোবাসতে পারেন, নতুন করে সংসার করতে পারেন।
বিবাহিত হয়েও মানসিকভাবে নিঃসঙ্গ নারী: একই বাড়িতে বসবাস করেও যাঁরা প্রতিদিন অবহেলা, অপমান, মানসিক নির্যাতন
কিংবা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের জন্য প্রথম প্রয়োজন নিরাপত্তা ও সহায়তা।কোনো
নির্যাতন সহ্য করে যাওয়াকে সংসার রক্ষার মহৎ দায়িত্ব হিসেবে দেখা উচিত নয়। প্রয়োজনে
সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং নিজের জীবন পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া আত্মসম্মানের অংশ।
তবে একটি বিষয় মনে রাখতে হবে, বিদ্যমান বিবাহের আইনগত ও ধর্মীয় অবস্থান
পরিষ্কার না করে নতুন বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাবে না। ৪০ কিংবা ৫০ পেরিয়ে গেলে কি ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে যায়:
আমাদের সমাজে একটি অদ্ভুত ধারণা আছে একটি নির্দিষ্ট বয়সের পর নারীর জীবনে
আর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কোনো মূল্য নেই।বিশেষ করে মা হওয়ার পর যেন একজন নারীর পরিচয়
শুধু মা, স্ত্রী কিংবা পরিবারের দায়িত্বশীল সদস্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়।
কিন্তু একজন নারী ৫০ বছর বয়সেও ভালোবাসা চাইতে পারেন। কারও সঙ্গে হাত ধরে
হাঁটতে চাইতে পারেন। অসুস্থ হলে একজন মানুষের যত্ন পেতে চাইতে পারেন। বিকেলে দুজনে
মিলে চা খেতে খেতে গল্প করতে চাইতে পারেন।
এসব কোনো বিলাসিতা নয়। এগুলো মানুষের স্বাভাবিক আবেগীয় চাহিদা।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গ, বন্ধুত্ব, আবেগীয় সংযোগ ও পারস্পরিক
যত্নের প্রয়োজনও থাকতে পারে। বরং জীবনের পরিণত সময়ে একজন উপযুক্ত সঙ্গী মানসিক সুস্থতা
ও জীবনযাপনের মান উন্নত করতে সহায়ক হতে পারেন।
দ্বিতীয় বিয়ের ইতিবাচক ফলাফল কী হতে পারে?
দীর্ঘদিনের একাকিত্ব কমতে পারে।মানসিক নিরাপত্তা ও আত্মবিশ্বাস ফিরে আসতে
পারে।নিজের পছন্দ, শখ ও আনন্দগুলো নতুন করে আবিষ্কার করা যায়। অসুস্থতা কিংবা বিপদের সময়ে একজন দায়িত্বশীল সঙ্গী পাওয়া যেতে পারে। জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একজন মানুষ পাওয়া যায়।
নিজের অস্তিত্বকে নতুন করে মূল্যায়ন করার সুযোগ তৈরি হয়।তবে দ্বিতীয় বিয়ে
মানেই সুখের নিশ্চয়তা নয়। ভুল মানুষকে বেছে নিলে পুরোনো কষ্ট নতুনভাবে ফিরে আসতে পারে।তাই শুধু একাকিত্ব দূর করার জন্য নয়, বরং মানুষটিকে বুঝে, তাঁর মূল্যবোধ,
দায়িত্ববোধ, আচরণ, আর্থিক স্বচ্ছতা এবং অতীত সম্পর্কে জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সন্তানদের সঙ্গে সম্পর্ক, সম্পত্তি, আর্থিক নিরাপত্তা, বসবাসের ব্যবস্থা
এবং পারস্পরিক প্রত্যাশা নিয়েও বিয়ের আগে পরিষ্কার আলোচনা থাকা প্রয়োজন।
সন্তানদেরও বুঝতে হবে, মায়েরও একটি ব্যক্তিগত জীবন আছে।
একটি প্রশ্ন প্রায়ই সামনে আসে—মা-বাবার বয়স হয়ে গেলে তাঁদের আবার বিয়ে
করার প্রয়োজন কী?
সন্তানদের প্রতি ভালোবাসা থেকে একজন নারী হয়তো নিজের পুরো জীবন উৎসর্গ
করেছেন। কিন্তু সেই ত্যাগের বিনিময়ে কি তিনি নিজের বাকি জীবনটুকু একাকিত্বে কাটাতে
বাধ্য?
সন্তানদের দায়িত্ব মায়ের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা নয়। বরং
তাঁর সিদ্ধান্তের পেছনের অনুভূতিটুকু বোঝার চেষ্টা করা।মা শুধু সন্তানদের মা নন, তিনি
একজন স্বতন্ত্র মানুষও। তাঁরও ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এবং
নিজের মতো করে বেঁচে থাকার অধিকার রয়েছে।
অবশ্যই নতুন সম্পর্কের ক্ষেত্রে সন্তানদের নিরাপত্তা, আবেগ ও পারিবারিক
বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। কিন্তু মায়ের সুখের সম্ভাবনাটুকু শুধু সামাজিক ভয় কিংবা
লোকলজ্জার কারণে কেড়ে নেওয়া উচিত নয়।প্রথম বিয়েটি হয়তো ভুল মানুষের সঙ্গে হয়েছিল। হয়তো
দুজনের মানসিকতা মেলেনি। হয়তো একজন নিজের সবটুকু দিয়ে সম্পর্কটি বাঁচাতে চেয়েছেন, অন্যজন
কখনো সেই চেষ্টার মূল্য দেননি।
কিন্তু জীবনের একটি সিদ্ধান্ত ভুল হয়েছিল বলে বাকি সব সিদ্ধান্তও ভুল হবে,
এমন কোনো কথা নেই।
দ্বিতীয় বিয়ে হতে পারে জীবনের সেকেন্ড ইনিংস। তবে সেটি প্রথম ইনিংসের ক্ষত
ঢাকার প্রতিযোগিতা নয়। এটি নতুন করে বিশ্বাস করতে শেখার, নিজের প্রয়োজন বুঝতে শেখার
এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলার সুযোগ।
এখানে নারী কিংবা পুরুষ কারও অতীতই অপরাধ নয়। দুজন মানুষেরই আগের সম্পর্ক,
সন্তান, দায়িত্ব ও জীবনের অভিজ্ঞতা থাকতে পারে। পরিণত ভালোবাসা মানে একে অপরের অতীত
মুছে ফেলা নয়, বরং সেই অতীতকে সম্মান করেই বর্তমানকে সুন্দর করা।
বরং দীর্ঘদিনের অবহেলা, অপমান আর একাকিত্ব পেরিয়ে নিজের সুখের দায়িত্ব
নিজে নেওয়ার সিদ্ধান্তটি হতে পারে ভীষণ সাহসের।তবে দ্বিতীয় বিয়ের সবচেয়ে সুন্দর দিকটি
তখনই প্রকাশ পায়, যখন দুজন মানুষ একে অপরকে প্রয়োজনের মানুষ হিসেবে নয়, সম্মানের মানুষ
হিসেবে গ্রহণ করেন।যেখানে একজন আরেকজনকে বলেন না, তোমার অতীত ভুলে যাও। বরং বলেন, তোমার
অতীতসহ তোমাকে গ্রহণ করলাম। এবার চলো, বাকি পথটা একসঙ্গে সুন্দর করে বাঁচি।
কারণ জীবনের প্রথম অধ্যায়টি কেমন ছিল, তার ওপর বাকি অধ্যায়ের সৌন্দর্য
নির্ভর করে না। ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই। আর সুখী হওয়ার জন্য জীবনে দ্বিতীয় সুযোগ
নেওয়াও কোনো অপরাধ নয়।