শিশু সারাদিন কাঁদে কেন, জেনে নিন ‘কলিক বেবি’ সম্পর্কে


ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি ছোট্ট শিশু, অথচ তার কান্না যেন থামতেই চায় না। দুধ খাওয়ানো হয়েছে, ডায়াপার বদলানো হয়েছে, কোলে নিয়ে আদরও করা হচ্ছে তবু কান্না থামছে না। কখনো মুখ লাল করে কাঁদছে,কখনো হাত মুঠো করে পা দুটো পেটের দিকে গুটিয়ে নিচ্ছে। রাতের পর রাত শিশুর কান্নায় মা-বাবার ঘুম উধাও।


এমন পরিস্থিতিতে অনেক মা-বাবাই দুশ্চিন্তায় পড়ে যান। ভাবতে থাকেন, শিশুর কি পেটে ব্যথা হচ্ছে, গ্যাস হয়েছে, নাকি অন্য কোনো সমস্যা। শিশুর এমন দীর্ঘস্থায়ী কান্নার একটি সম্ভাব্য কারণ হলো ইনফ্যান্টাইল কলিক (Infantile Colic), যাকে সাধারণভাবে ‘কলিক বেবি’ বলা হয়। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কান্না মানেই কলিক নয়।



কলিক বেবি আসলে কী:

কলিক হলো এমন একটি অবস্থা, যেখানে অন্যভাবে সুস্থ মনে হওয়া শিশু কোনো স্পষ্ট কারণ ছাড়াই দীর্ঘ সময় ধরে কাঁদে এবং সহজে শান্ত হতে চায় না। সাধারণত জন্মের প্রথম কয়েক সপ্তাহে এটি শুরু হয়।প্রায় ছয় সপ্তাহ বয়সে কান্না বেশি হতে পারে এবং অধিকাংশ শিশুর ক্ষেত্রে তিন থেকে চার মাস বয়সের মধ্যে ধীরে ধীরে কমে আসে। আগে কলিক চেনার জন্য দিনে তিন ঘণ্টার বেশি, সপ্তাহে তিন দিন বা তার বেশি এবং অন্তত তিন সপ্তাহ কান্নার একটি নিয়ম ব্যবহার করা হতো। তবে বর্তমানে চিকিৎসকেরা শিশুর বয়স, কান্নার ধরন, অন্যান্য উপসর্গ ও সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করে বিষয়টি মূল্যায়ন করেন।



কেন শিশু এত কান্না করে।

কলিকের সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে কয়েকটি বিষয় শিশুর কান্না ও অস্থিরতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।


১. পরিপাকতন্ত্রের অপরিপক্বতা:

জন্মের পর শিশুর পরিপাকতন্ত্র ধীরে ধীরে পরিণত হয়।এ সময় কিছু শিশুর খাওয়ানো ও হজমের সঙ্গে সম্পর্কিত অস্বস্তি দেখা দিতে পারে। তবে হজমের সমস্যাই সব কলিকের কারণ এমন কারন সবসময় সব শিশুর ক্ষেত্রে না ও হতে পারে।


২. পেটে গ্যাসের অস্বস্তি:

দুধ খাওয়ার সময় শিশু বাতাস গিলে ফেলতে পারে। এতে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তবে শিশুর পা গুটিয়ে নেওয়া বা পেট ফাঁপা দেখেই ধরে নেওয়া ঠিক নয় যে কান্নার মূল কারণ গ্যাস।


৩. অতিরিক্ত আলো, শব্দ ও উদ্দীপনা:

নবজাতক বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে। অনেক মানুষের কোলে যাওয়া, উচ্চ শব্দ, উজ্জ্বল আলো কিংবা অতিরিক্ত নড়াচড়া কিছু শিশুকে অস্থির করে তুলতে পারে।


৪. ঘুমের প্রয়োজন ও ক্লান্তি:

শিশুর ঘুমের প্রয়োজন অনেক বেশি। কিন্তু অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে কখনো কখনো ঘুমাতে যাওয়ার পরিবর্তে আরও বেশি কান্না করতে পারে।


৫. খাওয়ানোর সমস্যা বা অ্যালার্জি:

দুধ ঠিকমতো মুখে নিতে না পারা, খাওয়ানোর সময় অস্বস্তি কিংবা কিছু ক্ষেত্রে ফরমুলা দুধের প্রোটিনে অ্যালার্জির কারণে কান্না হতে পারে। বিশেষ করে পায়খানায় রক্ত, বারবার বমি, একজিমা বা ওজন না বাড়ার মতো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ জরুরি।



কীভাবে বুঝবেন আপনার শিশু কলিকে ভুগছে। কলিকের ক্ষেত্রে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়।


লক্ষন:

*শিশু দীর্ঘ সময় ধরে কাঁদে, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে।


*কান্নার সময় মুখ লাল হয়ে যায়।


*হাত মুঠো করে এবং পা পেটের দিকে গুটিয়ে নেয়।


*শরীর শক্ত করে বা পিঠ বাঁকিয়ে ফেলে।


*কোলে নেওয়া, দুধ খাওয়ানো কিংবা ডায়াপার পরিবর্তন করেও সহজে শান্ত হয় না।


*কান্নার মধ্যবর্তী সময়ে শিশুকে স্বাভাবিক ও সুস্থ মনে হতে পারে।


তবে এসব লক্ষণ অন্য সমস্যাতেও দেখা যায়।তাই শিশুর বয়স কম হলে, কান্না নতুনভাবে শুরু হলে কিংবা কান্নার ধরন অস্বাভাবিক মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।



কলিক বেবিকে শান্ত করবেন কীভাবে।

শিশু কাঁদলে মা-বাবার মন অস্থির হয়ে ওঠে।

কিন্তু এ সময় আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে শিশুর প্রয়োজনগুলো খেয়াল করা জরুরি।


১. দুধ খাওয়ানোর পদ্ধতি ঠিক রাখুন

শিশু বুকের দুধ বা ফর্মুলা

যেটিই খাক,খাওয়ানোর সময় তার অবস্থান আরামদায়ক রাখুন। খাওয়ানোর বিরতিতে বা শেষে আলতো করে ঢেঁকুর তোলানোর চেষ্টা করতে করুন।


২. কোলে নিয়ে আদর করুন:

শিশুকে বুকের কাছে ধরে আলতোভাবে দোলানো, ধীরে হাঁটা কিংবা মৃদু স্বরে কথা বলা তাকে শান্ত করতে সাহায্য করতে পারে অনেক সময়। 


৩. শান্ত পরিবেশ তৈরি করুন:

ঘরের আলো কমিয়ে দিন, উচ্চ শব্দ এড়িয়ে চলুন এবং একই সময়ে অনেক মানুষ শিশুকে কোলে নেওয়া থেকে বিরত থাকুন।


৪. শিশুর ঘুমের সংকেত বুঝুন:

চোখ ঘষা, হাই তোলা, বিরক্ত হওয়া কিংবা মুখ ফিরিয়ে নেওয়ার মতো লক্ষণ দেখলে শিশুকে ঘুমের জন্য প্রস্তুত করুন।


৫. নিরাপদভাবে ঘুম পাড়ান:

শিশুকে সবসময় চিৎ করে শক্ত ও সমতল বিছানায় শোয়ান। বমি করার সম্ভাবনা থাকলে পাতলা নরম বালিশ ব্যবহার করুন যাতে মাথা সামান্য উচু থাকে। নরম খেলনা শব্দ করে যা, তা বিছানা থেকে সরিয়ে রাখুন। দোলনায় বা কোলে ঘুমিয়ে পড়লে নিরাপদ ঘুমের জায়গায় নিয়ে যান।


৬. নিজের যত্নও নিন

শিশুর একটানা কান্না মা-বাবার মানসিক ও শারীরিক শক্তি কমিয়ে দিতে পারে। খুব অসহায় লাগলে শিশুকে নিরাপদ বিছানায় চিৎ করে রেখে কিছুক্ষণ নিজেকে শান্ত করুন এবং পরিবারের কারও সাহায্য নিন। মনে রাখবেন, শিশুকে কখনোই ঝাঁকাবেন না। এতে মস্তিষ্কে গুরুতর আঘাত লাগতে পারে।



কলিক হলে কি ওষুধ দিতে হবে:

অধিকাংশ ক্ষেত্রে কলিকের জন্য নির্দিষ্ট কোনো ওষুধের প্রয়োজন হয় না। শিশুকে শান্ত রাখা, খাওয়ানোর পদ্ধতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাসের ওষুধ, গ্রাইপ ওয়াটার, হারবাল ড্রপ বা অন্য কোনো ঘরোয়া উপাদান দেবেন না। এসব পণ্যের কার্যকারিতা ও নিরাপত্তার প্রমাণ একরকম নয়।একেক শিশুর জন্য একেক সমস্যা এবং একেক সমাধান থাকে। শুধু কলিকের সন্দেহে মায়ের খাবার বন্ধ করা বা শিশুর ফর্মুলা পরিবর্তন করাও উচিত নয়। অ্যালার্জির সন্দেহ থাকলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন।



কখন শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে:

শিশুর কান্নাকে সবসময় কলিক ভেবে উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। নিচের লক্ষণগুলোর কোনোটি থাকলে দ্রুত চিকিৎসা নিন,


১.তিন মাসের কম বয়সী শিশুর তাপমাত্রা ১০৪° ফারেনহাইট বা তার বেশি।

শ্বাসকষ্ট, খিঁচুনি, অস্বাভাবিক নিস্তেজতা বা জাগাতে অসুবিধা।


২.বারবার জোরে বমি, সবুজ বমি কিংবা পায়খানায় রক্ত।


৩.দুধ খেতে না চাওয়া, প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া বা পানিশূন্যতার লক্ষণ।


৪.পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া।


৫.হঠাৎ শুরু হওয়া তীব্র কান্না, আঘাতের সন্দেহ কিংবা শিশুকে স্পর্শ করলে অস্বাভাবিক প্রতিক্রিয়া।

বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে কান্নার ধরন বদলে গেলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।



সারমর্ম : একটি শিশুর কান্নার পেছনে থাকতে পারে ক্ষুধা, ঘুম, অস্বস্তি, অতিরিক্ত উদ্দীপনা কিংবা কোনো শারীরিক সমস্যা। আবার কখনো সুস্থ শিশুরও কলিক হতে পারে। তাই কান্না হলেই নিজেকে দোষ দেওয়া কিংবা শিশুকে অসুস্থ ধরে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কলিক সাধারণত সাময়িক। অধিকাংশ শিশুর ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি কমে আসে। এই সময়ে প্রয়োজন ধৈর্য, নিরাপদ পরিচর্যা এবং শিশুর প্রয়োজন বোঝার চেষ্টা।


মনে রাখবেন,শিশুর কান্না তার যোগাযোগের ভাষা। সে কথা বলে নিজের কষ্ট বোঝাতে পারে না, তাই কান্নার মধ্য দিয়েই জানায় যে তার কিছু একটা প্রয়োজন। মা-বাবার দায়িত্ব শুধু কান্না থামানো নয়, বরং শিশুর নিরাপত্তা, স্বস্তি ও সুস্থতা নিশ্চিত করা।



তথ্যসূত্রের ভিত্তি: শিশুস্বাস্থ্যবিষয়ক প্রচলিত চিকিৎসা নির্দেশনা ও শিশুরোগ বিশেষজ্ঞদের সাধারণ সুপারিশ।

sidebar ad