বিয়ের গুঞ্জন, নিমন্ত্রণপত্র আর হবু স্বামীকে ঘিরে নানা আলোচনার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ২৬ নভেম্বর কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। পাত্র সিদ্ধার্থ দত্ত। তবে আইনি বিয়ের পর এবার পাহাড়ের কোলে বসতে যাচ্ছে তাঁদের মূল বিয়ের আসর। ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে বিয়ের নানা আনুষ্ঠানিকতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন মিমি। ছবিতে সাদা ও সোনালি রঙের পোশাকে দেখা গেছে নবদম্পতিকে। কোথাও আংটি বদল, কোথাও বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষর, আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। ছবির ক্যাপশনে ছিল কয়েকটি লাল হৃদয়ের ইমোজি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তাই বিয়ের ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
কালিম্পংয়ে তিন দিনের আয়োজন
কলকাতায় আইনি বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থের মূল সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে কালিম্পংয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের উৎসব।
আয়োজনের প্রথম দিন, ৩ ডিসেম্বর অতিথিদের জন্য থাকছে ককটেল পার্টি ও নৈশভোজ। ৪ ডিসেম্বর হবে মেহেদি ও সংগীত অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর সম্পন্ন হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। মালাবদল, সাত পাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন মিমি ও সিদ্ধার্থ। এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর কলকাতায় একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের কথাও জানা গেছে। সেখানে টালিউডের বন্ধু, সহকর্মী ও পরিচিতজনদের উপস্থিত থাকার কথা।
ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ের আয়োজন
বিয়ের অনুষ্ঠান ঘিরে অতিথিদের তালিকা খুব বেশি দীর্ঘ করতে চান না দুই পরিবার। মিমির মামা রাম চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় পরিবারের সদস্যরাও ভাগ হয়ে অংশ নেবেন। কালিম্পংয়ের আয়োজনে আত্মীয়স্বজনের পাশাপাশি চলচ্চিত্রজগতের মিমির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও থাকতে পারেন। তবে অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাইছে না পরিবার।
মামাবাড়িতে উৎসবের আমেজ, থাকছে সোনার উপহার
মিমির বিয়ে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়ার মামাবাড়িতেও। আদরের ভাগনির বিয়েকে স্মরণীয় করে রাখতে নানা প্রস্তুতি নিচ্ছেন পরিবারের সদস্যরা। উপহার হিসেবে মিমিকে সোনার গয়না দেওয়ার পরিকল্পনাও করেছেন মামারা।
মিমির ছোটবেলার একটি বড় অংশ কেটেছে এই মামাবাড়িতেই। বাবা সোমেশ চক্রবর্তীর কর্মসূত্রে অরুণাচলে কিন্ডারগার্টেনে পড়াশোনা শুরু হলেও চার বছর বয়সে জলপাইগুড়িতে ফিরে হলিচাইল্ড স্কুলে ভর্তি হন তিনি। সেখানে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে বিন্নাগুড়ি সেন্ট মেরি কনভেন্ট থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি শেষ করে কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
মিমির মেজ মামা শ্যাম চক্রবর্তী জানিয়েছেন, মাসখানেক ধরেই পরিবারে বিয়ের আলোচনা চলছিল। কেনাকাটাও শুরু হয়েছিল বেশ আগে থেকে। পরিবারের কে কী উপহার দেবেন, সেটিও চূড়ান্ত করা হয়েছে। বড় উপহার দেওয়ার দায়িত্ব পড়েছে ছোট মামার ওপর। পাশাপাশি ভাগনির জন্য থাকছে সোনার গয়নাও।
সব মিলিয়ে কলকাতার ঘরোয়া আইনি বিয়ে থেকে কালিম্পংয়ের পাহাড়ি আয়োজন, আর জলপাইগুড়ির মামাবাড়ির উৎসব—মিমি চক্রবর্তীর বিয়েকে ঘিরে এখন দুই পরিবারেই আনন্দের আবহ। ব্যক্তিগত জীবন আড়ালে রাখা এই অভিনেত্রীর নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।