অধিকার কাগজে কলমে প্রতিষ্ঠিত হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না। সেই অধিকার প্রয়োগের সুযোগ, নিরাপদ পরিবেশ, ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতিও থাকতে হয়। বাংলাদেশে নারীর অগ্রযাত্রায় সাংবিধানিক স্বীকৃতি ও একাধিক আইন থাকলেও বাস্তব জীবনে আইনি সুরক্ষার ঘাটতি, বিচারপ্রাপ্তির দীর্ঘসূত্রতা, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং সামাজিক প্রতিবন্ধকতা এখনো বড় চ্যালেঞ্জ।
উন্নয়নের অর্ধেক শক্তিকে পিছিয়ে রেখে সমৃদ্ধি সম্ভব নয়। একটি দেশের উন্নয়ন কেবল মাথাপিছু আয়, অবকাঠামো কিংবা শিল্পকারখানার সংখ্যায় পরিমাপ করা যায় না। উন্নয়নের প্রকৃত মানদণ্ড হল দেশটির প্রতিটি নাগরিক কতটা মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমান সুযোগ নিয়ে বেঁচে থাকতে পারছেন। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। পরিবার, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোক্তা কার্যক্রম এবং জাতীয় অর্থনীতিতে নারীর অবদান অপরিসীম। তৈরি পোশাকশিল্পের শ্রমিক থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, উদ্যোক্তা, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও জনপ্রতিনিধি প্রতিটি ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কর্মক্ষেত্রে প্রবেশ করলেই কি একজন নারী ক্ষমতায়িত হন। নিজের উপার্জনের অর্থ ব্যবহারের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, বৈবাহিক জীবনে সিদ্ধান্ত গ্রহণ, সহিংসতার বিরুদ্ধে আইনি প্রতিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা কি তিনি পাচ্ছেন।
বাস্তবতা বলছে, নারীর অগ্রযাত্রার পাশাপাশি বৈষম্য ও নিরাপত্তাহীনতার নানা স্তর এখনো বিদ্যমান। নারীর ক্ষমতায়ন তাই শুধু নারীকে শিক্ষা দেওয়া কিংবা কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয় নয় বরং এমন একটি আইনি ও সামাজিক কাঠামো গড়ে তোলা, যেখানে নারী নিজের জীবন সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অধিকার লঙ্ঘিত হলে কার্যকর প্রতিকার পাবেন।
১. নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার:
বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার সুস্পষ্ট ভিত্তি তৈরি করেছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের আওতায় নারী-পুরুষের সমতা ও বৈষম্যহীনতার কথা বলা হয়েছে।
নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ কয়েকটি সাংবিধানিক অনুচ্ছেদ হলো—
অনুচ্ছেদ আইনি বিধান ও গুরুত্ব:
১৯(১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার রাষ্ট্রীয় অঙ্গীকার।
১৯(৩) জাতীয় জীবনের সর্বস্তরে নারীর সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
২৭ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
২৮(১) নারী-পুরুষসহ নির্দিষ্ট পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ।
(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীর পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।
২৮(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীর পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।
২৮(৪) নারী ও শিশুদের অগ্রগতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
বিশেষ করে ২৮(২) অনুচ্ছেদটি নারীর ক্ষমতায়নের সাংবিধানিক ভিত্তি। অন্যদিকে ২৮(৪) অনুচ্ছেদ রাষ্ট্রকে নারীর অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ দিয়েছে। অর্থাৎ, নারীর ক্ষমতায়ন কেবল সরকারের সদিচ্ছার বিষয় নয় এটি সাংবিধানিক দায়িত্বেরও অংশ। তবে সাংবিধানিক স্বীকৃতি থাকা আর বাস্তবে সেই অধিকার ভোগ করতে পারা এক বিষয় নয়। আইনগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে সামাজিক বাধা, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা অনেক নারীকে পিছিয়ে রাখে।
২. নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রচলিত গুরুত্বপূর্ণ আইন:
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন এবং বৈবাহিক অধিকার রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন রয়েছে। এগুলোর উদ্দেশ্য নারীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা প্রতিষ্ঠা করা।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০:
নারীর প্রতি গুরুতর সহিংসতা প্রতিরোধে এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ষণ, অপহরণ, যৌতুকের কারণে মৃত্যু বা গুরুতর জখমসহ আইনে নির্ধারিত বিভিন্ন অপরাধের বিচার ও শাস্তির বিধান এতে রয়েছে। আইনটির ৯ ধারায় ধর্ষণসংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান রয়েছে। ২০২০ সালে আইনটির সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালের ১০ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬-ও প্রকাশিত হয়েছে।
পারিবারিক সহিংসতা : (প্রতিরোধ ও সুরক্ষা)২০১০:
অনেক নারী নিজের ঘরেই শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হন। অথচ সামাজিক বাস্তবতায় পারিবারিক নির্যাতনকে অনেক সময় ব্যক্তিগত বা পারিবারিক বিষয় বলে আড়াল করা হয়।এই আইনের বিশেষ গুরুত্ব হলো, পারিবারিক সহিংসতাকে শুধু শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি।
আইনটির আওতায়—
*শারীরিক নির্যাতন থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ রয়েছে।
*মানসিক নির্যাতন ও অপমানজনক আচরণের বিরুদ্ধে প্রতিকার চাওয়া যায়।
*যৌন নির্যাতন এবং অর্থনৈতিক বঞ্চনাও পারিবারিক সহিংসতার অন্তর্ভুক্ত।
*আদালতের কাছে সুরক্ষা আদেশ, বসবাসের অধিকার এবং প্রযোজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ রয়েছে।
এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, নির্যাতিত নারীকে নিরাপত্তার জন্য সব সময় সংসার ছেড়ে চলে যেতে হবে এমন ধারণাকে এটি সমর্থন করে না। বরং আইন নির্দিষ্ট পরিস্থিতিতে যৌথ বাসস্থানে থাকার অধিকারসহ সুরক্ষার ব্যবস্থা করেছে। কিন্তু সমস্যা হলো, অনেক নারী জানেনই না যে স্বামীর হাতে মারধর ছাড়াও অর্থনৈতিক নিয়ন্ত্রণ, নিয়মিত অপমান, ভয় দেখানো কিংবা প্রয়োজনীয় খরচ থেকে বঞ্চিত করাও আইনি প্রতিকারের বিষয় হতে পারে।
যৌতুক নিরোধ আইন, ২০১৮:
যৌতুক বাংলাদেশের সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। বিয়ের সময় কিংবা বিয়ের পর অর্থ, সম্পদ বা মূল্যবান সামগ্রী দাবি করার কারণে বহু নারী নির্যাতনের শিকার হন। যৌতুক নিরোধ আইন, ২০১৮ অনুযায়ী যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু আইনের অস্তিত্ব সত্ত্বেও যৌতুকের সামাজিক প্রচলন বন্ধ হয়নি। অনেক ক্ষেত্রে বিয়ের পর স্বামী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে নতুন নতুন দাবি তৈরি হয়। নারী নির্যাতনের শিকার হলেও সংসার ভেঙে যাওয়ার ভয়, সন্তানদের ভবিষ্যৎ এবং আর্থিক অনিশ্চয়তার কারণে অভিযোগ করতে পারেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে আইন অপরাধকে শাস্তিযোগ্য ঘোষণা করলেই কি অপরাধ বন্ধ হয়। নাকি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার এবং ভুক্তভোগীর নিরাপত্তাও নিশ্চিত করতে হয়।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭:
বাল্যবিবাহ নারীর শিক্ষা, স্বাস্থ্য, ব্যক্তিস্বাধীনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে বড় বাধা। এই আইনে বিয়ের ক্ষেত্রে নারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষের ২১ বছর নির্ধারণ করা হয়েছে। বাল্যবিবাহ আয়োজন, সম্পাদন ও নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য শাস্তির বিধান রয়েছে। তবে এই আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ ও অভিভাবকের সম্মতিসহ বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়ায় অপ্রাপ্তবয়স্কের বিয়ের একটি বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। এ বিধান নিয়ে শিশু অধিকার ও নারী অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ, বিশেষ বিধানটির অপব্যবহার হলে বাল্যবিবাহ প্রতিরোধের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
পারিবারিক আদালত আইন, ২০২৩:
নারীর বৈবাহিক ও পারিবারিক অধিকার প্রতিষ্ঠায় এই আইন গুরুত্বপূর্ণ। পারিবারিক আদালতের মাধ্যমে যেসব বিষয়ে প্রতিকার চাওয়া যায়, তার মধ্যে রয়েছে—
*বিবাহবিচ্ছেদ।
*দেনমোহর।
*ভরণপোষণ।
*শিশু সন্তানের
অভিভাবকত্ব।
*সন্তানের হেফাজত।
তবে আদালতে অধিকার চাওয়ার সুযোগ থাকলেও মামলা পরিচালনার খরচ, দীর্ঘ বিচারপ্রক্রিয়া, আইনি পরামর্শের অভাব এবং সামাজিক চাপ অনেক নারীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১:
মুসলিম নারীর বৈবাহিক অধিকার সুরক্ষায় এই অধ্যাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে। এর ৬ ধারায় বহুবিবাহের ক্ষেত্রে সালিশি পরিষদের পূর্বানুমতির বিধান রয়েছে। ৭ ধারায় তালাকের লিখিত নোটিশ ও নির্দিষ্ট প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ৮ ধারায় স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণের বিষয়টিও অন্তর্ভুক্ত। ৯ ধারায় ভরণপোষণসংক্রান্ত বিধান রয়েছে। অন্যদিকে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী বিবাহ ও তালাক নিবন্ধনের আইনি কাঠামো রয়েছে। তবে বাস্তবে অনেক নারী কাবিননামার শর্ত, দেনমোহরের অধিকার, তালাকের প্রক্রিয়া কিংবা ভরণপোষণসংক্রান্ত আইন সম্পর্কে জানেন না। ফলে বৈবাহিক সম্পর্ক ভেঙে গেলে তারা নানা ধরনের আইনি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েন।
কর্মক্ষেত্রে নারীর অধিকার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬:
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শ্রম আইনের বিভিন্ন ধারায় নারী শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন সুবিধা এবং কর্মক্ষেত্রে মর্যাদা রক্ষার বিধান রয়েছে।
বিশেষভাবে—
* ধারা ৪৫ ও সংশ্লিষ্ট বিধানে মাতৃত্বকালীন সুবিধার বিষয়টি রয়েছে।
* ধারা ৪৬-এ মাতৃত্বকালীন সুবিধা পাওয়ার শর্ত ও সময়সীমা নির্ধারিত হয়েছে।
* ধারা ৩৩২-এ নারী শ্রমিকের প্রতি অশোভন বা মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ২০১৫ সালের শ্রম বিধিমালায় ২০২২ সালের সংশোধনের মাধ্যমে বিধি ৩৬১ক যুক্ত করে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়।
তবে শ্রম আইনের আওতার বাইরে থাকা বিপুলসংখ্যক অনানুষ্ঠানিক খাতের নারী শ্রমিকের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়।
৩. আইনের বাইরে যে বাস্তবতা: নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায়
আইনগুলো পর্যালোচনা করলে বোঝা যায়, নারীর অধিকার সুরক্ষায় বাংলাদেশে আইনি কাঠামো একেবারে অনুপস্থিত নয়। বরং সমস্যা অনেক ক্ষেত্রে আইনের প্রয়োগ, আইনের সীমাবদ্ধতা এবং সামাজিক বাস্তবতার সঙ্গে আইনের অসামঞ্জস্যে।
* পারিবারিক নির্যাতনকে ব্যক্তিগত বিষয় মনে করা
বাংলাদেশের সমাজে এখনো একটি প্রচলিত ধারণা রয়েছে স্বামী-স্ত্রীর পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই সমাধান করা উচিত। এই ধারণার কারণে অনেক নারী শারীরিক নির্যাতন, মানসিক নিপীড়ন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ কিংবা হুমকির শিকার হয়েও আইনের আশ্রয় নিতে ভয় পান।
অনেক ক্ষেত্রে পরিবার থেকেও বলা হয়, সংসার টিকিয়ে রাখতে হলে এসব সহ্য করতে হবে। ফলে নির্যাতনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নারীকে আপস করতে বাধ্য করা হয়। এই সামাজিক সংস্কৃতি অপরাধীকে পরোক্ষভাবে উৎসাহিত করে এবং ভুক্তভোগীকে আরও অসহায় করে তোলে।
* যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইনের ঘাটতি
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, গণপরিবহন কিংবা অনলাইন সব জায়গাতেই নারীর যৌন হয়রানির ঝুঁকি রয়েছে।
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনায় যৌন হয়রানির সংজ্ঞা, অভিযোগ গ্রহণ এবং অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠনের কথা বলা হয়। পরবর্তীতে শ্রম বিধিমালায়ও এ বিষয়ে বিধান যুক্ত হয়েছে। কিন্তু সব কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর অভিযোগ কমিটি নেই। অভিযোগ করলে চাকরি হারানো, সামাজিক অপমান কিংবা প্রতিশোধমূলক আচরণের আশঙ্কাও থাকে।
UN Women-এর ২০২৪ সালের গবেষণা প্রতিবেদনে (প্রকাশিত ২০২৬ সালের মার্চে জাতিসংঘের বাংলাদেশ ওয়েবসাইটে) কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক, পূর্ণাঙ্গ আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ, কেবল নির্দেশনা থাকলেই হবে না অভিযোগকারীর নিরাপত্তা, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
* সম্পত্তি ও উত্তরাধিকারে বৈষম্য:
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম ভিত্তি হলো সম্পত্তির ওপর তার স্বাধীন অধিকার।কিন্তু বাংলাদেশে উত্তরাধিকার আইন ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন অনুযায়ী পরিচালিত হওয়ায় নারী-পুরুষের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। উদাহরণ হিসেবে মুসলিম উত্তরাধিকার আইনে সাধারণ নিয়মে ছেলে ও মেয়ের অংশের অনুপাত ২:১। তবে সব উত্তরাধিকার পরিস্থিতিতে এই অনুপাত প্রযোজ্য নয় উত্তরাধিকারীর ধরন ও পারিবারিক অবস্থার ওপর অংশ নির্ভর করে।
অন্যদিকে হিন্দু উত্তরাধিকার আইনের ক্ষেত্রেও নারীর সম্পত্তির অধিকার নিয়ে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে।
অনেক নারী সামাজিক চাপে বাবার বাড়ির সম্পত্তির অংশ দাবি করেন না। আবার কেউ উত্তরাধিকার দাবি করলে পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার ভয় দেখানো হয়।
ফলে নারীর অর্থনৈতিক স্বাধীনতা অনেক সময় নিজের আয় থাকা সত্ত্বেও সীমিত থেকে যায়। এখানে মনে রাখতে হবে,
সংবিধানের সমতার নীতি এবং ব্যক্তিগত উত্তরাধিকার আইনের বাস্তব প্রয়োগের মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটি আইন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
* বিবাহবিচ্ছেদের পর নারীর অর্থনৈতিক অনিশ্চয়তা:
বিবাহবিচ্ছেদের পর অনেক নারী সন্তানদের দায়িত্ব, বাসস্থান, জীবিকা ও ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
মুসলিম পারিবারিক আইনে তালাকের পর ইদ্দতকালীন ভরণপোষণের বিধান থাকলেও ইদ্দতকাল অতিক্রমের পর নারীর নিজস্ব ভরণপোষণ নিয়ে আইনি সীমাবদ্ধতা রয়েছে।
UN Women-এর গবেষণায় মুসলিম নারীর বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের জন্য পৃথক আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। একই প্রতিবেদনে হিন্দু নারীর বিবাহবিচ্ছেদের অধিকার প্রতিষ্ঠায় আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ রয়েছে। এখানে মূল প্রশ্ন হলো একজন নারী দীর্ঘদিন সংসার পরিচালনা, সন্তান লালন-পালন এবং স্বামীর পেশাগত জীবনে সহযোগিতা করার পর বিবাহবিচ্ছেদের কারণে কেন সম্পূর্ণ অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়বেন।
বিবাহবিচ্ছেদের পর নারীর পুনর্বাসন, আর্থিক নিরাপত্তা ও সন্তানের দায়িত্ব নিশ্চিত করা তাই নারীর ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ অংশ।
* বৈবাহিক ধর্ষণ ও সম্মতির প্রশ্ন:
নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও শারীরিক স্বায়ত্তশাসন ক্ষমতায়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের সংজ্ঞার মধ্যে বৈবাহিক সম্পর্কসংক্রান্ত একটি ব্যতিক্রম রয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে স্বামীর দ্বারা জোরপূর্বক যৌনসম্পর্ককে সাধারণ ধর্ষণের সংজ্ঞায় অপরাধ হিসেবে গণ্য করার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে।
UN Women-এর গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এটি নারীর শারীরিক অধিকার, সম্মতি এবং ব্যক্তিস্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আইন সংস্কারের বিষয়।
* অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীর আইনি সুরক্ষার অভাব:
বাংলাদেশের অর্থনীতিতে অসংখ্য নারী গৃহকর্মী, কৃষিশ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা, হস্তশিল্পী, বাসাবাড়িভিত্তিক শ্রমিক এবং অনানুষ্ঠানিক ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু তাঁদের বড় একটি অংশ প্রচলিত শ্রম আইনের পূর্ণ সুরক্ষার আওতায় পড়েন না। UN Women-এর ২০২৪ সালের গবেষণা প্রতিবেদনে উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের নারী কর্মীদের ৯০.৩ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
এই খাতের নারীদের অনেকেই
*নির্ধারিত কর্মঘণ্টা পান না।
নিয়মিত বেতন বা মজুরি পান না।
*মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত হন।
*কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলে প্রতিকার পান না।
*চাকরি হারানোর ভয়ে নির্যাতনের প্রতিবাদ করতে পারেন না।
অর্থাৎ, একজন নারী অর্থ উপার্জন করলেও যদি তাঁর শ্রমের স্বীকৃতি, নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক না থাকে, তাহলে সেই কর্মসংস্থান প্রকৃত অর্থে ক্ষমতায়নে রূপ নেয় না।
* আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে আর্থিক ও সামাজিক বাধা:
একজন নারী নির্যাতনের শিকার হওয়ার পর আইনের আশ্রয় নিতে চাইলে প্রথমেই কয়েকটি সমস্যার মুখোমুখি হন।
আইনজীবীর খরচ, আদালতে যাতায়াত, মামলা পরিচালনার সময়, প্রমাণ সংগ্রহ এবং পরিবারের চাপ সবকিছু মিলিয়ে বিচারপ্রাপ্তি কঠিন হয়ে ওঠে।বিশেষ করে গ্রামীণ এলাকার দরিদ্র নারী, প্রতিবন্ধী নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী এবং স্বামী বা পরিবারের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল নারীদের জন্য সমস্যাটি আরও জটিল। ফলে আইন থাকলেও আইনের সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না।
৪. ২০২৬ সালের UN Women গবেষণা:
বাংলাদেশের আইনি কাঠামোতে কোথায় ঘাটতি।নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য।
অ্যাচিভিং ইকুয়ালিটি বিফোর দ্য ল’ ইন বাংলাদেশ: অ্যান অ্যাসেসমেন্ট অব দ্য ল’ ফ্রম আ জেন্ডার পার্সপেক্টিভ। প্রণেতা: ড. তাসলিমা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক।
গবেষণায় ১৯টি আইন সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে।পাশাপাশি ১৮৯০ সালের Guardians and Wards Act বাতিল করে নতুন আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। গবেষণায় নতুন চারটি আইন বা আইনি কাঠামোর প্রস্তাবও রয়েছে—
* কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক পূর্ণাঙ্গ আইন।
* বৈষম্যবিরোধী আইন।
* মুসলিম নারীর বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণ নিশ্চিত করার আইন এবং হিন্দু নারীর বিবাহবিচ্ছেদের অধিকার প্রতিষ্ঠার আইনগত সংস্কার।
* অভিভাবকত্ব বিষয়ে ১৮৯০ সালের পুরোনো আইনের পরিবর্তে নতুন আইন।
এ গবেষণার বিশেষ তাৎপর্য হলো, এটি শুধু নারীর প্রতি সহিংসতার বিষয়টি পর্যালোচনা করেনি বরং পরিবার, সম্পত্তি, নাগরিকত্ব, কর্মসংস্থান, বিবাহ, মাতৃত্ব এবং সন্তানের অভিভাবকত্ব সব ক্ষেত্রেই আইনের মধ্যে থাকা বৈষম্য ও সীমাবদ্ধতা চিহ্নিত করেছে। গবেষণাটি স্পষ্ট করে দেয়, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু নতুন প্রকল্প গ্রহণ যথেষ্ট নয় প্রচলিত আইনগুলোর মধ্যেও প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
৫. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কী ধরনের আইনি সংস্কার প্রয়োজন:
নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় শুধু বিদ্যমান আইনের তালিকা তুলে ধরলে চলবে না। বরং আইনগুলো কীভাবে আরও কার্যকর, আধুনিক ও বৈষম্যহীন করা যায়, সেই বিষয়েও গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞ গবেষণা ও বিদ্যমান আইনি কাঠামো বিবেচনায় কয়েকটি পদক্ষেপ জরুরি।
* পারিবারিক আইন সংস্কার: ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের বৈষম্যমূলক বিধানগুলো পর্যালোচনা করে নারীর সম্পত্তি, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ ও অভিভাবকত্বের অধিকার আরও কার্যকরভাবে নিশ্চিত করতে হবে।
* যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইন: কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন এবং অনলাইন প্ল্যাটফর্মে যৌন হয়রানি প্রতিরোধে সুস্পষ্ট আইন ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
* বিবাহবিচ্ছেদের পর আর্থিক নিরাপত্তা: বিবাহবিচ্ছেদের পর নারীর পুনর্বাসন, ভরণপোষণ এবং সন্তানদের আর্থিক দায়িত্ব নিশ্চিত করার জন্য কার্যকর আইনি কাঠামো প্রয়োজন।
* সম্পত্তিতে নারীর অধিকার: উত্তরাধিকার ও সম্পত্তির ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগত আইন পর্যালোচনা ও সংস্কার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন।
* অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা: গৃহকর্মী, কৃষিশ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা ও বাসাবাড়িভিত্তিক নারী শ্রমিকদের জন্য শ্রম অধিকার, নিরাপত্তা এবং মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে।
* দ্রুত বিচার ও আইনি সহায়তা: নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি, সাক্ষীর নিরাপত্তা, ভুক্তভোগীর গোপনীয়তা এবং বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।
* নারী ও মেয়েদের আইনি শিক্ষার প্রসার: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় পর্যায়ে নারীর অধিকার, বাল্যবিবাহ, যৌতুক, সম্পত্তি ও পারিবারিক আইন বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
আইন প্রয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা
নারীর আইনি নিরাপত্তা নিশ্চিত করা শুধু আদালত কিংবা পুলিশের দায়িত্ব নয়। এর সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক সংগঠন জড়িত।
*পুলিশ প্রশাসন: নারী নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ, ভুক্তভোগীর নিরাপত্তা এবং যথাযথ তদন্ত নিশ্চিত করা।
বিচার বিভাগ: দ্রুত, নিরপেক্ষ ও ভুক্তভোগীবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠা।
*জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা: আর্থিকভাবে অসচ্ছল নারীদের আইনি সহায়তা সহজলভ্য করা।
*নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: নারীর নিরাপত্তা, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং আইনি সচেতনতা বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন।
*স্থানীয় সরকার: বাল্যবিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন।
*শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র: যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
এখানে বেসরকারি উন্নয়ন সংস্থা ও নারী উদ্যোক্তা সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের আইনি সচেতনতা, আর্থিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে এসব সংগঠন কার্যকর ভূমিকা রাখতে পারে।
* আন্তর্জাতিক অঙ্গীকার ও বাংলাদেশের দায়বদ্ধতা:
নারীর অধিকার শুধু জাতীয় বিষয় নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোরও গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (CEDAW) অনুসমর্থন করেছে। এই সনদে শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ, স্বাস্থ্য, বিবাহ ও পারিবারিক জীবনে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ সনদের কয়েকটি ধারায় সংরক্ষণ রেখেছে। বিশেষ করে ধারা ২ এবং ১৬(১)(গ)-এর ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে। এই সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইনি বাস্তবতা নিয়ে দীর্ঘদিন ধরে নারী অধিকারকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
অন্যদিকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG-এর ৫ নম্বর লক্ষ্য হলো—লিঙ্গসমতা অর্জন এবং সব নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করা। অর্থাৎ, নারীর ক্ষমতায়ন বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গীকার পূরণেরও গুরুত্বপূর্ণ অংশ।
আইনের স্বীকৃতি নয়, অধিকার বাস্তবায়নই হোক ক্ষমতায়নের মাপকাঠি
বাংলাদেশের নারী আজ ঘরে, বাইরে, অর্থনীতিতে, রাজনীতিতে এবং নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন। একজন নারী উদ্যোক্তা নিজের প্রতিষ্ঠান পরিচালনা করছেন, একজন শ্রমিক দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, একজন মা সন্তানদের ভবিষ্যৎ নির্মাণ করছেন, আবার একজন পেশাজীবী রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণে ভূমিকা রাখছেন। কিন্তু এই অগ্রযাত্রা তখনই পূর্ণতা পাবে, যখন একজন নারী নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের কাছে অসহায় বোধ করবেন না। যখন একজন নারী নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে গেলে তাঁকে চরিত্রের প্রশ্নের মুখোমুখি হতে হবে না যখন একজন কর্মজীবী নারী মাতৃত্বের কারণে চাকরি হারানোর ভয় পাবেন না যখন একজন তালাকপ্রাপ্ত নারী সন্তান নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়বেন না যখন একজন কন্যাসন্তান উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার চাইতে গিয়ে পারিবারিক সম্পর্ক হারানোর আশঙ্কা করবেন না তখনই নারীর ক্ষমতায়ন প্রকৃত অর্থে দৃশ্যমান হবে।
মনে রাখতে হবে, নারীর ক্ষমতায়ন পুরুষের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতা নয়। এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়া।
একজন নারীকে ক্ষমতায়িত করার অর্থ শুধু একজন ব্যক্তিকে এগিয়ে দেওয়া নয় বরং একটি পরিবার, একটি প্রজন্ম এবং একটি জাতির সম্ভাবনাকে এগিয়ে নেওয়া।
সুতরাং বাংলাদেশের উন্নয়নকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে নারীর জন্য শুধু আইন প্রণয়ন নয়, আইনের কার্যকর প্রয়োগ, বৈষম্যহীন বিচারব্যবস্থা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ, যে রাষ্ট্র তার নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের উন্নয়ন কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না।
গবেষণা ও তথ্যসূত্র :
* বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ১৯, ২৭, ২৮,২৯,৩১,৩২
* ইউ এন ওম্যান -এর গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা।
* বাংলাদেশ বিচার বিভাগের নারী সুরক্ষাসংক্রান্ত আইননারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইনসমূহ।
* বাংলাদেশের সংবিধান
হিউম্যান রাইট এর
গবেষণা।