বিশাল অ্যানাকোন্ডাকে স্পর্শ মালতির, মেয়ের সাহস দেখে মুগ্ধ হলেন প্রিয়াঙ্কা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় বিশাল আকৃতির অ্যানাকোন্ডাকে নির্ভয়ে স্পর্শ করে সবার নজর কেড়েছে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মেয়ে মালতি মেরি। মেয়ের এমন সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে ‘সবচেয়ে সাহসী মেয়ে’ বলে অভিহিত করেছেন অভিনেত্রী।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মা-মেয়ের চিড়িয়াখানা ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। প্রকাশের পর থেকেই সেসব মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।


শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে বিশাল অ্যানাকোন্ডার পাশে বসে সেটিকে স্পর্শ করছে ছোট্ট মালতি। এ সময় তার পরনে ছিল সাদা ফুলের নকশা করা পোশাক ও গোলাপি জুতা। মেয়ের এই সাহসী মুহূর্তের ছবি প্রকাশ করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, ‘সবচেয়ে সাহসী মেয়ে।’


শুধু অ্যানাকোন্ডা নয়, চিড়িয়াখানায় আরও বেশ কিছু বন্যপ্রাণীর সঙ্গে সময় কাটিয়েছে মা-মেয়ে। একটি ছবিতে গণ্ডারের পাশে মালতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। অন্য একটি ছবিতে মেয়ের সঙ্গে জিরাফকে খাবার দিতেও দেখা গেছে তাকে।


এ ছাড়া ছোট একটি সরীসৃপের সঙ্গে সময় কাটানো, লেমুরের সঙ্গে ছবি তোলা এবং ক্যাঙ্গারুর পাশে বসে থাকার মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে বন্যপ্রাণীদের সান্নিধ্যে মা-মেয়ের দিনটি ছিল বেশ আনন্দময় ও স্মরণীয়।


এই বিশেষ ভ্রমণের আয়োজন করে দেওয়ার জন্য অভিনেতা রাসেল ক্রোকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি চিড়িয়াখানায় উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টেরি আরউইনের প্রতি। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে প্রয়াত স্টিভ আরউইনের অসামান্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। প্রিয়াঙ্কার মতে, চিড়িয়াখানার প্রতিটি জায়গায় এখনও প্রাণীদের প্রতি স্টিভের ভালোবাসা ও গভীর আগ্রহের ছাপ স্পষ্ট।


এদিকে, বর্তমানে অস্ট্রেলিয়ায় নিজের নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। নিমরোদ আন্তাল পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন হলিউড অভিনেতা রাসেল ক্রো। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে এমন আনন্দঘন সময় কাটাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

sidebar ad