প্রত্যাখ্যান থেকে ‘লেডি সুপারস্টার’ এখন ৩০০ কোটির মালিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জগৎ মানেই বড় বাজেট, ব্যতিক্রমী গল্প আর বক্স অফিসে একের পর এক চমক। তামিল ও তেলেগু সিনেমার এই দুনিয়ায় পুরুষ অভিনেতাদের দাপট বরাবরই বেশি। নারী চরিত্রও অনেক সময় সীমাবদ্ধ থেকেছে নায়কনির্ভর গল্পের গণ্ডিতে। তবে সেই প্রচলিত ধারণা ভেঙে নিজের জন্য আলাদা এক সাম্রাজ্য গড়ে নিয়েছেন এক অভিনেত্রী। কখনো রোমান্টিক নায়িকা, কখনো অ্যাকশনধর্মী চরিত্র, আবার কখনো এককভাবে সিনেমার গল্প টেনে নেওয়া নারী—বিভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।


আজ ১৮ নভেম্বর, তাঁর জন্মদিন। জীবনের ৪২ বছরে পা রাখা এই অভিনেত্রীর পথচলা শুধু সাফল্যের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যাখ্যান, সংগ্রাম, প্রেম, বিচ্ছেদ, বিতর্ক এবং নিজের শর্তে বাঁচার সাহস।


ডায়ানা থেকে নয়নতারা


১৯৮৪ সালের ১৮ নভেম্বর কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম তাঁর। জন্মের সময় নাম রাখা হয়েছিল ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবা ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা হওয়ায় ছোটবেলা থেকেই ভারতের বিভিন্ন শহরে কাটাতে হয়েছে তাঁকে। জামনগর, গুজরাট ও দিল্লিতে পড়াশোনা করেছেন। পরে কেরালার তিরুবল্লের একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন।


ছোটবেলায় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন ছিল না তাঁর। বরং পড়াশোনার পাশাপাশি পার্টটাইম মডেলিং করতেন। সেখান থেকেই পরিচয় হয় মালয়ালম পরিচালক সাথিয়ান আনথিক্কাড়ের সঙ্গে। তাঁর হাত ধরেই ২০০৩ সালে ‘মানাশিনাকারে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক।


মজার ব্যাপার হলো, প্রথমে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নয়নতারা। অভিনয়ে তখন তাঁর বিশেষ আগ্রহ ছিল না। শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন একটি শর্তে—এই একটি সিনেমাই করবেন। কিন্তু প্রথম সিনেমার সাফল্য তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। একের পর এক প্রস্তাব আসতে থাকে। ২০০৪ সালে মুক্তি পায় ‘নাট্টুরাজাভু’ ও ‘বিশমায়াথুমবাথু’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।


সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে


২০০৫ সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় নিয়মিত প্রধান নায়িকা হিসেবে কাজ শুরু করেন নয়নতারা। ‘আইয়া’ ও ‘চন্দ্রমুখী’ তাঁকে পরিচিতি এনে দেয়। বিশেষ করে রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পায়। সিনেমাটি দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল।


এরপর ‘গজনি’, ‘বিল্লা’, ‘ইয়ারাডি নী মোহিনি’সহ একাধিক সিনেমায় নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। অন্যদিকে ‘তুলাসী’ তাঁকে তেলেগু সিনেমায়ও পুরস্কারের মনোনয়ন এনে দেয়।


২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ইয়ারাডি নী মোহিনি’তে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। ২০১০ সাল ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল বছর। ওই বছর ‘আধুরাস’, ‘বডিগার্ড’, ‘সিমহা’, ‘বস এনগিরা ভাস্করন’ ও ‘সুপার’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন।


২০১১ সালে মুক্তি পাওয়া ‘শ্রী রামা রাজয়াম’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার ও নান্দী পুরস্কার অর্জন করেন। সমালোচকদের কাছেও তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পায়।


নায়িকার গণ্ডি ভেঙে নতুন পরিচয়


একসময় বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিত ছিলেন নয়নতারা। তবে শুধু রোমান্টিক কিংবা গ্ল্যামারনির্ভর চরিত্রে আটকে থাকতে চাননি তিনি। ক্যারিয়ারের পরবর্তী সময়ে বেছে নিতে শুরু করেন বৈচিত্র্যময় চরিত্র।


২০১৪ সালের পর দক্ষিণ ভারতীয় সিনেমায় নারীকেন্দ্রিক গল্পের অন্যতম নির্ভরযোগ্য মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া হরর সিনেমা ‘মায়া’ ছিল তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক। একজন একক মায়ের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান।


এরপর ‘ডোরা’, ‘আরাম’, ‘কোলামাভু কোকিলা’, ‘ইমিক্কা নোডিগাল’, ‘ও টু’সহ বিভিন্ন সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। ২০১৬ সালের ‘পুথিয়া নিয়ামাম’ সিনেমায় ধর্ষণের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান।


নয়নতারা বুঝিয়ে দিয়েছেন, একজন অভিনেত্রীর জনপ্রিয়তা শুধু নায়কের বিপরীতে পর্দায় উপস্থিত থাকার ওপর নির্ভর করে না। নিজের অভিনয়ক্ষমতা দিয়েও একটি সিনেমার মূল আকর্ষণ হয়ে ওঠা যায়।


দুই দশক পর বলিউডে অভিষেক


দক্ষিণ ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর বলিউডে অভিষেক হয় নয়নতারার। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের প্রায় দুই দশক পর হিন্দি সিনেমায় পা রেখেই বড় পর্দায় নিজের অবস্থান জানান দেন।


‘জওয়ান’ শুধু বক্স অফিসেই সফল হয়নি, হিন্দি সিনেমার দর্শকদের কাছেও নতুন করে পরিচিত করে তোলে নয়নতারাকে। এরপর কাজের ক্ষেত্রে কিছুটা বেছে চলেছেন তিনি। চলতি বছর মুক্তি পাওয়া ‘টেস্ট’ সিনেমায় আর মাধবন ও সিদ্ধার্থের সঙ্গে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। সেখানে স্কুলশিক্ষিকার চরিত্রে দেখা গেছে তাঁকে।


প্রেম, বিচ্ছেদ ও আলোচিত বিতর্ক


পর্দার বাইরের জীবন নিয়েও কম আলোচনায় আসেননি নয়নতারা। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে চর্চা হয়েছে।


২০০৬ সালে অভিনেতা সিলাম্বরাসানের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে অভিনেতা ও পরিচালক প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নয়নতারা। তাঁদের প্রেম ছিল দক্ষিণ ভারতীয় বিনোদনজগতের অন্যতম আলোচিত ঘটনা।


২০০৯ সালে ‘ভিল্লু’ সিনেমার শুটিং ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে। একসময় বিয়ের কথাও সামনে আসে। তবে সম্পর্কের শেষটা সুখের হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার শর্ত নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে অভিনয় ছাড়তে রাজি ছিলেন না নয়নতারা। শেষ পর্যন্ত ভেঙে যায় তাঁদের সম্পর্ক।


এরপর ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেন পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে। তবে তাঁর জীবনের আলোচিত বিতর্কগুলোর একটি তৈরি হয় অভিনেতা ধানুশের সঙ্গে।


‘নানুম রাউডি ধান’ সিনেমার কিছু দৃশ্য ও গান নয়নতারার জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধানুশকে উদ্দেশ করে খোলাচিঠি লেখেন নয়নতারা। তাঁর অভিযোগ ছিল, দীর্ঘ সময় চেষ্টা করেও অনুমতি পাননি তিনি। পরে সিনেমাটির কয়েক সেকেন্ডের দৃশ্য ব্যবহারের অভিযোগে ধানুশের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয় এবং ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয় বলে জানা যায়। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি আইনি পদক্ষেপও নেন দুপক্ষ।


সংসার, মাতৃত্ব ও নতুন জীবন


প্রেমের নানা উত্থান-পতনের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নয়নতারা। মহাবলিপুরমের এক অভিজাত রিসোর্টে তাঁদের বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, বিজয়সহ দক্ষিণ ভারত ও বলিউডের অনেক তারকা।


বিয়ের চার মাস পর, ৯ অক্টোবর যমজ সন্তানের মা-বাবা হওয়ার খবর জানান তাঁরা। সারোগেসি পদ্ধতিতে সন্তান নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় নতুন আলোচনা। এ নিয়ে তামিলনাড়ু সরকার তদন্তের নির্দেশও দিয়েছিল। পরে দম্পতি জানান, প্রচলিত নিয়ম মেনেই তাঁরা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।


মাতৃত্বের পর অভিনয়ে কিছুটা বিরতি ও কাজের ক্ষেত্রে বাছবিচার করলেও নিজের অবস্থান ধরে রেখেছেন নয়নতারা। সংসার, সন্তান ও অভিনয়—তিনটি ক্ষেত্রেই ভারসাম্য রাখার চেষ্টা করছেন তিনি।


যে কারণে আলাদা নয়নতারা


দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারী অভিনয়শিল্পীদের জন্য দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতা ছিল। সেই বাস্তবতায় নয়নতারার ক্যারিয়ার এক ব্যতিক্রমী উদাহরণ। তিনি শুধু জনপ্রিয় নায়িকা হয়ে থাকেননি; বরং নারীকেন্দ্রিক সিনেমার বাণিজ্যিক সম্ভাবনাও প্রমাণ করেছেন।


প্রথম সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এক তরুণী আজ দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। পর্দায় নিজের চরিত্রের গুরুত্ব প্রতিষ্ঠা করেছেন, ব্যক্তিগত জীবনেও নানা ঝড় সামলে এগিয়ে গেছেন। তাই নয়নতারা কেবল একজন তারকা নন, তিনি দক্ষিণের চলচ্চিত্রজগতে নারী অভিনয়শিল্পীদের অবস্থান বদলে দেওয়ার গল্পেরও গুরুত্বপূর্ণ অংশ।


জন্মদিনে তাঁকে ঘিরে ভক্তদের উদ্‌যাপন তাই শুধু একজন অভিনেত্রীর বয়স বাড়ার আনন্দ নয়; বরং দুই দশকের বেশি সময় ধরে নিজের প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তৈরি করা এক দীর্ঘ যাত্রার উদ্‌যাপন।

sidebar ad