প্রতিবছর মেট গালাতেই কেন অদ্ভুতুড়ে সাজ পোশাকে উপস্থিত হন তারকারা?

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬

প্রতিবছর মেট গালাতেই কেন অদ্ভুতুড়ে সাজ পোশাকে উপস্থিত হন তারকারা?

লেখা- শায়লা জাহান


সাল ২০১৯, মেট গালা ইভেন্টের পর্দা উন্মোচিত হলো। এই ইভেন্টে উপস্থিত বলি-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অদ্ভূত সাজপোশাকের লুকের কথা মনে আছে? পুরো নেট দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ে। দিন দিন আপগ্রেড হওয়া ফ্যাশন সেন্স নিয়ে সকলের প্রশংসা কুড়ানো এই জনপ্রিয় তারকার অদ্ভুতুড়ে অবতার দেখে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। শুধু প্রিয়াঙ্কা চোপড়া নয়, ফ্যাশন শো’র এই আসরে লেডি গাগা, কেটি পেরি, কিম কার্দেশিয়ান সহ বিশ্বের নামকরা সব তারকারা একে একে হাজির হয়েছিলো এমনই সাজে। তাদের সাজপোশাক দেখে মনে হচ্ছিলো যেমন খুশি তেমন সাজো’র প্রতিযোগিতা চলছে যেন। কী এই মেট গালা? আর কেনইবা তাদের এই অদ্ভূত দর্শন? সবকিছুই জানবো আজ। 


আর আট-দশটা ফ্যাশন শো থেকে ভিন্ন, মেট গালা বেশ অসামান্য এক শো। ফ্যাশন জগতের অস্কারের সমতুল্য, ইভেন্টটি সর্বদা এর থিম এবং পোশাকের জন্য সবাইকে অবাক করে দেয়। ১৯৪৮ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়া মেট গালা প্রথম কয়েক দশক ধরে নিউ ইয়র্ক দাতব্য প্রতিষ্ঠানের জন্য অনুষ্ঠিত অনেক বার্ষিক সুবিধার মধ্যে একটি ছিল। পরবর্তীতে ১৯৯৫ সাল থেকে অ্যানা উইনটর দ্বারা সংগঠিত এবং সভাপতিত্ব করা, মেট গালা বর্তমানে বিশ্বের সবচেয়ে বিশিষ্ঠ ও একচেটিয়া সামাজিক অনুষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। এটি নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় তহবিল সংগ্রহের মধ্যে একটি। ২০১৩ সালে ৯ মিলিয়ন মার্কিন ডলার, তার পরের বছর ১২ মিলিয়ন ডলার, ২০২২ সালে ১৭.৪ মিলিয়ন এবং সম্প্রতি ২০২৬ সালে রেকর্ড ৪২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। মেট গালা বা মেট বল, যাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা বা কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট বলা হয়; প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ অনুষ্ঠিত হয়। 


কারা আমন্ত্রিত হন?


ফ্যাশন ম্যাগাজিন ভোগ এর প্রধান সম্পাদক এই পুরো ইভেন্টের মূল হোতা। কমিটি গঠন করা থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করা সবই হয় তার তত্ত্বাবধানে। এই ইভেন্টে ফ্যাশন, ফিল্ম, টেলিভিশন, থিয়েটার, সঙ্গীত, ব্যবসা, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া এবং রাজনীতি সহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রের সেলিব্রেটিদের আমন্ত্রণ জানানো হয়। প্রতি বছর অতিথি তালিকা প্রায় ৪৫০ থেকে ৬০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অতিথি এবং হোস্টদের তালিকা দৃশ্যত প্রতি বছর পরিবর্তিত হয়ে থাকে। ব্লেক লাইভলি, সারা জেসিকা পার্কার, রিহানা সহ পরিচিত দীর্ঘদিনের মেট গালা অংশগ্রহণকারী ছাড়াও এখানে প্রতি বছর তরুণ সৃজনশীল ব্যক্তি এবং ইন্ড্রাস্ট্রি প্যারাগনকে স্বাগত জানানো হয়। 


২০২৬ সালের মেট গালার একক টিকেটের মূল্য ধরা হয়েছিলো ১ লক্ষ ডলার এবং ১০ জনের একটি টেবিলের মূল্য ৩ লক্ষ ৫০ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছিলো। তারকা বা সেলিব্রেটিরা সাধারণত নিজেদের পকেট থেকে এই অর্থ প্রদান করেন না। বিভিন্ন বড় বড় ফ্যাশন ব্র্যান্ড বা কর্পোরেট স্পন্সররা সাধারণত পুরো টেবিল কিনে তারকাদের তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে যায়। মেট গালার অতিথিরা নৈশভোজ এবং বিনোদনের জন্য ডাক পাওয়ার আগে প্রদর্শনীটি ঘুরে দেখার সুযোগ পান। কিন্তু সন্ধ্যার এই অংশটি বেশ গোপন থাকে। শুধুমাত্র গালার যে অংশটি নথিভুক্ত করা হয় তা হলো বহুল আলোচিত রেড-কার্পেট আগমন। 


থিম

এই ইভেন্টের সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যা থাকে তা হলো থিম। প্রত্যেক বছরই একটা করে থিম থাকে, আমন্ত্রিত অতিথিরা এই থিম অনুসরণ করে নিজেদের উপস্থাপন করে থাকে তবে তা কিন্তু বাধ্যতামুলক নয়। এতে ককটেল আওয়ার এবং একটি আনুষ্ঠানিক ডিনার অন্তর্ভুক্ত। ককটেল আওয়ারের সময় অতিথিরা রেড কার্পেটে হেঁটে আসেন এবং পৃথিবীর বিখ্যাত সব আলোকচিত্রীদের ক্যামেরাবন্দী হোন। ফ্যাশনের পরিপ্রেক্ষিতে ডিজাইনারদের জন্য এটি একটি সুযোগ এবং সেলিব্রেটিদের সাথে পোশাক নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য একটি উপায়। তারকাদের সাধারণত নিয়ম মেনে চলার পরিবর্তে উদ্ভাবনী পোশাক পরতে উৎসাহিত করা হয় এখানে। নির্বাচিত থিম একটি গল্প বলে বা ইতিহাস থেকে কিছু শেখায়। উদাহরণস্বরুপ, ২০১৮ সালের মেট গালা ইভেন্টের থিম ছিলো “স্বর্গীয় সংস্থাঃ ফ্যাশন এবং ক্যাথলিক কল্পনা’’। এটি ভ্যাটিকান থেকে শতাধিক পবিত্র জিনিসপত্র প্রদর্শন করে। রিহানা পোপের পোশাক পরে, ক্যাটি পেরি ডানা সহ দেবদূত অবতারে নিজেকে উপস্থাপন করেছিলেন। 


এবারের মেটগালা ২০২৬ এর থিম ছিলো “কস্টিউম আর্ট’’ এবং পোশাকবিধি বা ড্রেস কোড ছিলো “ফ্যাশন ইজ আর্ট”। এই থিমের মূল লক্ষ্য ছিলো পোশাক ও শরীরি অবয়বের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক এবং ফ্যাশনকে একটি শিল্পকর্ম হিসেবে তুলে ধরা। রেড কার্পেটে তো অনেকেই হেঁটেছেন, তবে কিছু তারকা তাঁদের পোশাকের অভিনবত্ব, ব্যক্তিত্ব দিয়ে দিয়ে পুরো লাইমলাইট কেড়ে নিয়েছেন। ফ্যাশনের কথা আসলেই জেনডায়া নামটি আসবেই। তিনি রেড কার্পেটে পা রাখা মাত্রই ক্যামেরার ফ্লাশলাইটের গতি যেনো বেড়েই যায়। তিনি একটি ভিন্টেজ ও ফিউচারিস্টিক থিমের ফিউশন পোশাক পরেছিলেন। তার নাটকীয় মেকআপ ও রাজকীয় আভিজাত্যের এক নিখুঁত মেলবন্ধন সবাইকে মুগ্ধ করেছে। 


অন্যদিকে দেরিতে হাজির হয়েও রিয়ানা পুরো লাইম লাইট তার দিকে টেনে নিয়েছিলো। এক বিশাল ট্রেইন ও কেপযুক্ত পোশাক পরে এসেছিলেন তিনি। শুধু তারাই নন, এবার আসরে এশিয়ার তারকারাও নজর কেড়েছিলেন। বিশেষ করে গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংক এর সদস্য সহ বেশ কয়েকজন কোরিয়ান ও ভারতীয় তারকা তাঁদের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া রেখে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সাথে মেলবন্ধন ঘটিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন। 



sidebar ad