ব্যবসার শুরুটা হয় একটি ঝলমলে স্বপ্ন দিয়ে। মাথায় আসে নতুন কোনো পণ্যের ধারণা, মনে হয়—‘মানুষ নিশ্চয়ই এটি কিনবে।’ এরপর তাড়াহুড়ো করে পণ্য তৈরি, দোকান নেওয়া, ফেসবুক পেজ খোলা কিংবা বিনিয়োগ শুরু হয়ে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা হয় না—ব্যবসাটি আসলে কীভাবে চলবে? এই জায়গাতেই শুরু হতে পারে বড় ভুল।
মনে রাখা জরুরি, একটি ভালো ব্যবসার আইডিয়া থাকলেই সফলতা নিশ্চিত হয় না। প্রয়োজন সেই আইডিয়াকে বাস্তবায়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা। লক্ষ্য কী, কার কাছে পণ্য বিক্রি হবে, কত টাকা লাগবে, কোথা থেকে অর্থ আসবে, কতদিনে লাভে যাওয়া সম্ভব, প্রতিযোগীরা কারা—এসব প্রশ্নের উত্তর আগে থেকে ভাবা না থাকলে ব্যবসা শুরু হওয়ার পর একের পর এক সমস্যার মুখোমুখি হতে হয়।
স্বপ্ন আছে, কিন্তু পথ নেই
পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করার সবচেয়ে বড় সমস্যা হলো উদ্যোক্তা জানেন না, ঠিক কোন পথে এগোবেন। আজ একটি সিদ্ধান্ত, কাল আরেকটি সিদ্ধান্ত—এভাবে ব্যবসা পরিচালিত হতে থাকে। ফলে সময়, অর্থ ও শ্রম ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। একটি ব্যবসায়িক পরিকল্পনা আসলে ব্যবসার নকশার মতো। সেখানে ব্যবসার লক্ষ্য, পণ্য বা সেবা, সম্ভাব্য ক্রেতা, বিপণন কৌশল, প্রতিযোগিতা, খরচ, সম্ভাব্য আয় ও ভবিষ্যৎ সম্প্রসারণের ধারণা থাকে। সবকিছু ভবিষ্যদ্বাণী করার জন্য নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার একটি কাঠামো তৈরি করার জন্যই এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ।
ভুল জায়গায় টাকা খরচ হতে পারে
পরিকল্পনা না থাকলে উদ্যোক্তারা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলেন। কেউ শুরুতেই বড় অফিস নেন, কেউ অতিরিক্ত পণ্য মজুত করেন, আবার কেউ বিজ্ঞাপনে বড় অঙ্কের টাকা খরচ করেন—কিন্তু কোন খরচটি ব্যবসার জন্য সবচেয়ে জরুরি, সেটি নির্ধারণ করেন না। ফলে ব্যবসা শুরু হওয়ার আগেই মূলধনের বড় অংশ শেষ হয়ে যেতে পারে।
বিশেষ করে ছোট ব্যবসার ক্ষেত্রে নগদ অর্থের প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্রি হচ্ছে কি না, নিয়মিত খরচ কত, হাতে কত টাকা আছে—এসব হিসাব না থাকলে ব্যবসা লাভজনক হওয়ার আগেই অর্থসংকটে পড়তে পারে।
ক্রেতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়
উদ্যোক্তার নিজের কাছে পণ্যটি যতই ভালো মনে হোক, বাজারে তার চাহিদা আছে কি না—সেটি আলাদা প্রশ্ন। পরিকল্পনা তৈরির সময় যদি লক্ষ্য ক্রেতা নির্ধারণ, বাজার যাচাই ও প্রতিযোগীদের বিশ্লেষণ করা হয়, তাহলে অনেক ভুল আগেই ধরা পড়ে। কিন্তু এসব না করে শুধু নিজের পণ্যের ওপর আস্থা রেখে ব্যবসা শুরু করলে দেখা যেতে পারে, যে পণ্য তৈরিতে অনেক টাকা খরচ হয়েছে, সেটির জন্য পর্যাপ্ত ক্রেতাই নেই। তখন পণ্য ভালো হওয়া সত্ত্বেও ব্যবসা ব্যর্থ হতে পারে।
দাম নির্ধারণেও ভুল হয়
পণ্যের দাম কত হবে—এটি ছোট মনে হলেও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কাঁচামাল, উৎপাদন, প্যাকেজিং, পরিবহন, কর্মী, বিপণন এবং অন্যান্য খরচ বিবেচনা না করে শুধু প্রতিযোগীদের দেখে দাম নির্ধারণ করলে সমস্যা তৈরি হতে পারে। খুব কম দাম রাখলে বিক্রি বাড়লেও লাভ নাও হতে পারে। আবার অতিরিক্ত দাম রাখলে ক্রেতা হারানোর আশঙ্কা থাকে। একটি ভালো পরিকল্পনা উদ্যোক্তাকে এই হিসাবগুলো আগে থেকেই বুঝতে সাহায্য করে।
সংকট এলে সিদ্ধান্তহীনতা বাড়ে
ব্যবসায় সমস্যা আসবেই। বিক্রি কমে যেতে পারে, সরবরাহে সমস্যা হতে পারে, কোনো কর্মী চলে যেতে পারেন কিংবা হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। পরিকল্পনা না থাকলে এসব পরিস্থিতিতে উদ্যোক্তাকে প্রতিবার নতুন করে সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে আগে থেকেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা থাকলে বিকল্প ব্যবস্থা রাখা সম্ভব হয়। অর্থাৎ পরিকল্পনা শুধু ভালো সময়ের জন্য নয়; খারাপ সময় সামলানোর প্রস্তুতিও তৈরি করে।
ব্যবসা বড় করার সময় ভুল হতে পারে
ব্যবসা কিছুটা সফল হওয়ার পর অনেক উদ্যোক্তা দ্রুত সম্প্রসারণ করতে চান। নতুন শাখা, নতুন পণ্য, নতুন কর্মী—সবকিছু একসঙ্গে শুরু করে দেন। কিন্তু ব্যবসার মূল কাঠামো সেই সম্প্রসারণের জন্য প্রস্তুত কি না, তা যাচাই না করলে উল্টো ক্ষতি হতে পারে। পরিকল্পনা থাকলে বোঝা যায় কখন ব্যবসা সম্প্রসারণের উপযুক্ত সময়, কতটা বিনিয়োগ করা সম্ভব এবং নতুন উদ্যোগ সামলানোর মতো জনবল ও অর্থ আছে কি না।
বিনিয়োগকারী বা ঋণদাতার আস্থা কমে
ব্যবসার জন্য বাইরের বিনিয়োগ কিংবা ব্যাংকঋণের প্রয়োজন হলে একটি সুস্পষ্ট পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন বিনিয়োগকারী জানতে চাইবেন—ব্যবসাটি কীভাবে আয় করবে, বাজার কত বড়, ঝুঁকি কোথায় এবং বিনিয়োগের অর্থ কীভাবে ব্যবহার করা হবে। এসব প্রশ্নের উত্তর যদি উদ্যোক্তার কাছেই পরিষ্কার না থাকে, তাহলে অন্যকে ব্যবসাটিতে বিনিয়োগে আগ্রহী করানো কঠিন।
তবে পরিকল্পনা মানে শত পৃষ্ঠার কাগজ নয়
পরিকল্পনার কথা শুনে অনেকেই মনে করেন, বিশাল একটি ব্যবসায়িক রিপোর্ট তৈরি করতে হবে। আসলে শুরুতে তা প্রয়োজন নেই। পরিকল্পনা হতে পারে কয়েক পৃষ্ঠার একটি পরিষ্কার নথি—কী বিক্রি করবেন, কাকে বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, কত টাকা লাগবে, মাসিক খরচ কত, সম্ভাব্য আয় কত এবং ঝুঁকি হলে বিকল্প ব্যবস্থা কী।
ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনও ব্যবসায়িক পরিকল্পনাকে অযথা জটিল করার পক্ষপাতী নন। তাঁর ভাষায়, “একটি ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘ ও অত্যন্ত বিস্তারিত প্রস্তাবনা হতে হবে না; এটি নোটবুকে কয়েকটি নোট বা খামের পেছনে লেখা কয়েকটি কথাও হতে পারে।” অর্থাৎ পরিকল্পনার আসল উদ্দেশ্য কাগজপত্র তৈরি করা নয়; ব্যবসার দিকনির্দেশনা পরিষ্কার করা। শুরু করার আগে যে প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি। ব্যবসা শুরুর আগে অন্তত কয়েকটি প্রশ্নের উত্তর লিখে রাখা যেতে পারে—
আমার পণ্য বা সেবার প্রকৃত ক্রেতা কে?
বাজারে এর চাহিদা কতটা?
আমার সবচেয়ে বড় প্রতিযোগী কারা?
ব্যবসা শুরু করতে মোট কত টাকা প্রয়োজন?
প্রতি মাসে স্থায়ী খরচ কত?
কত বিক্রি হলে ব্যবসা টিকে থাকবে?
প্রথম ছয় মাসের জন্য পর্যাপ্ত নগদ অর্থ আছে কি?
ক্রেতার কাছে পৌঁছানোর উপায় কী?
বিক্রি প্রত্যাশামতো না হলে বিকল্প পরিকল্পনা কী?
ব্যবসা সফল হলে পরবর্তী ধাপ কী হবে?
এই প্রশ্নগুলোর উত্তর যত পরিষ্কার হবে, ব্যবসা শুরুর ঝুঁকিও ততটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। মনে রাখবেন, পরিকল্পনা ব্যবসাকে ধীর করে না, বরং ভুল কমায়।