সব সময় শক্ত থাকার দরকার নেই

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন মানুষ কী সব সময় হাসিমুখে থাকতে পারেন?— না। কিন্তু আধুনিক জীবন ব্যবস্থা আমাদের কান্না লুকাতে শিখিয়েছে। কান্না মানেই যেন, সে দুর্বল মানুষ। এখন জীবন মানেই সব সময় হাসিমুখে থাকা, প্রতিটি সমস্যার উত্তর জানা কিংবা প্রতিকূলতার সামনে নিজেকে অটুট প্রমাণ করা—এমন ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে গেঁথে আছে। 


বাস্তবতা তা বলে না। কোনো মানুষ সব সময় শক্ত থাকতে পারেন না, আর সব সময় শক্ত থাকার প্রয়োজনও নেই। কখনো ক্লান্ত হওয়া, থেমে যাওয়া, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া কিংবা অন্যের কাছে সাহায্য চাওয়াও জীবনের স্বাভাবিক অংশ।


সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে না জানাকে ব্যর্থতা হিসেবে দেখার কারণ নেই

আমরা প্রায়ই ভাবি, জীবনের প্রতিটি সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে খুঁজে বের করতে হবে। অথচ সব সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে জানা জরুরি নয়। কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে আসে, কিছু পরিস্থিতি বুঝতে দূরত্ব প্রয়োজন হয়। তাই কোনো সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে না জানাকে ব্যর্থতা হিসেবে দেখার কারণ নেই। বরং নিজেকে সময় দেওয়া অনেক সময় সমস্যাকে নতুনভাবে দেখতে সাহায্য করে।


কষ্ট, দুঃখ বা হতাশাকে স্বীকার করা দুর্বলতা নয়

সব সময় ভালো থাকার অভিনয় করাও মানসিকভাবে ক্লান্তিকর। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দৈনন্দিন জীবন—সবখানেই যেন আমাদের হাসিখুশি ও সফল থাকার একটি অদৃশ্য চাপ রয়েছে। মন খারাপ হলেও হাসতে হবে, ভেতরে অস্থিরতা থাকলেও বলতে হবে ‘আমি ভালো আছি’। কিন্তু অনুভূতি লুকিয়ে রাখলেই তা অদৃশ্য হয়ে যায় না। নিজের কষ্ট, দুঃখ বা হতাশাকে স্বীকার করা দুর্বলতা নয়; এটি নিজের প্রতি সৎ থাকার একটি গুরুত্বপূর্ণ দিক।


ভালো না লাগলে তা স্বীকার করা আত্মযত্নেরই অংশ


নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়াও শক্ত থাকার অংশ। আমরা অনেক সময় অন্যের প্রয়োজন, প্রত্যাশা কিংবা মতামতকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের মনের কথাই শুনতে ভুলে যাই। অথচ মন খারাপ হলে সেটিকে বোঝার চেষ্টা করা, ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া এবং কোনো কিছু ভালো না লাগলে তা স্বীকার করা আত্মযত্নেরই অংশ। নিজের অনুভূতিকে জায়গা দেওয়া মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া।


সাহায্য চাওয়াকেও দুর্বলতার লক্ষণ নয়


একইভাবে, সাহায্য চাওয়াকেও দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা উচিত নয়। মানুষ সামাজিক প্রাণী; জীবনের কঠিন সময়ে অন্যের সহযোগিতা প্রয়োজন হতেই পারে। কোনো বন্ধু, পরিবারের সদস্য কিংবা বিশ্বাসযোগ্য মানুষের কাছে নিজের কথা বলা কখনো কখনো মানসিক ভার অনেকটাই কমিয়ে দেয়। সবকিছু একা সামলাতে না পারা মানে আপনি দুর্বল—এ ধারণাটি বদলানো জরুরি।


মাঝে মাঝে থেমে দাঁড়ানোই প্রয়োজন

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনের গতি সব সময় একই থাকে না। কখনো আমরা দ্রুত এগিয়ে যাই, আবার কখনো কিছুদিন ধীরে চলি। সেই ধীর গতিকেও স্বাভাবিকভাবে গ্রহণ করা দরকার। বিশ্রাম, বিরতি কিংবা নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো জীবনের অপচয় নয়। বরং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য মাঝে মাঝে থেমে দাঁড়ানোই প্রয়োজন।


শেষ পর্যন্ত শক্ত থাকা মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। প্রকৃত শক্তি হলো নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা, প্রয়োজন হলে সাহায্য চাওয়া, নিজের অনুভূতিকে সম্মান করা এবং প্রয়োজনের সময় নিজেকে একটু বিশ্রাম দেওয়া। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে শক্ত প্রমাণ করার প্রয়োজন নেই। কখনো একটু থামুন, নিজের যত্ন নিন, অনুভূতিকে গুরুত্ব দিন—কারণ ধীরে চলাও স্বাভাবিক, আর দুর্বল মনে হওয়াও মানুষ হওয়ারই অংশ।

sidebar ad