নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া মোটেও ভালো কথা নয়। কিন্তু একসঙ্গে অনেক কাজ জমে গেলে ঠিক এই ব্যাপারটিই তৈরি হয়।
অনেক কাজ একসঙ্গে জমে গেলে কোনটি আগে করবেন, আর কোনটি পরে—তা ঠিক করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব কাজ একসঙ্গে শেষ করার চেষ্টা করলে বরং সময় ও মনোযোগ দুটোই ছড়িয়ে যায়। তাই কাজের তালিকা তৈরি করে আগে বুঝে নেওয়া জরুরি—কোন কাজটি জরুরি, কোনটি গুরুত্বপূর্ণ এবং কোনটি কিছুটা পরে করলেও চলবে।
কাজের অগ্রাধিকার নির্ধারণ করলে ব্যস্ততা যেমন কমে, তেমনি গুরুত্বপূর্ণ কাজ সময়মতো শেষ করাও সহজ হয়।
প্রথমে সব কাজ লিখে ফেলুন
মাথায় ধরে রাখার বদলে ছোট-বড় সব কাজ একটি তালিকায় লিখুন। এরপর প্রতিটি কাজের পাশে তার শেষ করার সময় বা ডেডলাইন উল্লেখ করুন।
জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আলাদা করুন
যে কাজটি একই সঙ্গে জরুরি ও গুরুত্বপূর্ণ, সেটিই আগে করুন। গুরুত্বপূর্ণ কিন্তু এখনই জরুরি নয়—এমন কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন। জরুরি হলেও তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হলে অন্যের সাহায্যে করুন। আর যেসব কাজ জরুরি বা গুরুত্বপূর্ণ কোনোটিই নয়, সেগুলো বাদ দেওয়া বা পরে করার তালিকায় রাখা যায়।
একসঙ্গে একটি কাজেই মন দিন
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নিয়ে সেটি শেষ করার দিকে মনোযোগ দিন। বড় কাজ হলে সেটিকে ছোট ছোট ধাপে ভাগ করুন—তাহলে কাজটি কম কঠিন মনে হবে এবং কোথা থেকে শুরু করবেন, সেই দ্বিধাও থাকবে না।
কাজের মাঝে বিরতি নিন
একটানা কাজ না করে মাঝেমধ্যে কয়েক মিনিটের বিরতি নিন। একটু হাঁটা, গভীর শ্বাস নেওয়া বা এক কাপ চা পান করার মতো ছোট বিরতিও মনকে সতেজ করতে পারে।
অপ্রয়োজনীয় কাজ বাদ দিন
সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। যেসব কাজ এখনই করার প্রয়োজন নেই, সেগুলো পরে করার তালিকায় রাখুন। প্রয়োজন হলে অন্যের সাহায্যও নিন।