একজন উদ্যোক্তার পথচলা কেবল একটি ব্যবসায়িক ধারণা দিয়ে শুরু হয় না; এর পেছনে থাকে স্বপ্ন, সাহস, অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার প্রত্যয়। আর কখনো কখনো সেই অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে গণমাধ্যম। ব্যবসায়ীদের সম্ভাবনা তুলে ধরা, নতুন উদ্যোগকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজের উদ্যোক্তা হয়ে ওঠার ভাবনার পেছনে দৈনিক বিজনেস ফাইলের অনুপ্রেরণার কথা এভাবেই তুলে ধরেছেন প্রোচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নারী ও পরিবারকেন্দ্রিক ম্যাগাজিন রোদসীর প্রকাশক ও সম্পাদক সাবিনা ইয়াসমীন।
দৈনিক বিজনেস ফাইলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, এই শতকের শুরুর দিকে যখন তাঁর মনে ব্যবসা শুরু করার ভাবনা আসে, তখন সেই চিন্তাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছিল বিজনেস ফাইল। তাঁর ভাষায়, ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যান, আর সেই উদ্যোক্তাদের উৎসাহিত ও আলোকিত করার কাজটি করে গণমাধ্যম। এ ক্ষেত্রে বিজনেস ফাইলকে তিনি ব্যবসায়ীদের পাশে থাকা প্রথম সারির একটি গণমাধ্যম হিসেবে বিবেচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতিও শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি। তাঁর প্রত্যাশা, বিজনেস ফাইলের সঙ্গে উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। কারণ ব্যবসার জগতে নতুন উদ্যোগের পাশাপাশি প্রয়োজন এমন একটি সহায়ক পরিবেশ, যেখানে উদ্যোক্তারা তাঁদের স্বপ্ন, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ফজলুল হক, ডা. পারভেজ সাজ্জাদ আকতার, মোহা, বজলুর রহমান প্রমুখ।