রাত
নিজের অপঘাত
লুকিয়ে ফেলার বাহানায়
নিজেরই উঠোনে
দিন ডেকে আনে
বানে-প্রস্থে তার আকার
মানে না
জানে না নিরাকার
নিজেরই আগল
কতটুকু অন্ধকারের পিয়ানো
পদ্মপুকুরের রোশনাই
মাখে পাপড়িতে
কালো কুঠুরিতে
ভ্রমরের নবীন মুণ্ডুপাত
দেখে ঝিরিঝিরি ঝিনুকের দল
যাত্রা শুরু করে
মাত্রাহীন মমতায়
যদিও সমতাভিত্তিক আদরকুঞ্জ
নিরুপায়
আজকের ভোর
ক্যাপিটালিজমকে ছাপিয়ে
সমাজতান্ত্রিক মোচার পালকিতে
হামাগুড়ি খায়...
চিহি চিহি সুরে একটি বক
ঘুম ভেঙে যায়
বিস্ময়সূচক দরপতনের কবলে দুনিয়ার ঘুম
এসব ঠিক
রাতের দোষ নয়...
গুণ
তাকে রোজ নুন বলে গিলে ফেলতে হয়
বাজারে, দোকানে
এমনকি নদীতেও...
কবি পরিচিতি: সাকিরা পারভীন- এর জন্ম ১৯৭৮ সালের ২৪ জানুয়ারিতে। তিনি পেশায় শিক্ষক। সাকিরা পারভীন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষকতা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও বইগুলোর মধ্যে রয়েছে 'এক মুঠো কর্পূর', 'ক্রমাগত ঝিনুকজ্বর', 'বৃষ্টির মাতলামি' ইত্যাদি। তার কবিতায় প্রেম, বিরহ ও জীবনের নানা সূক্ষ্ম অনুভূতির প্রকাশ ঘটে।