একসময় বলিউডের রোমান্টিক ও কমেডি সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। আমির খান, শাহরুখ খান কিংবা অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। অথচ সময়ের সঙ্গে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে নিজেকে যুক্ত করেছেন ব্যবসার জগতে। আজ তার সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি রুপি। বলছি অভিনেত্রী জুহি চাওলার কথা। জন্মদিনে ফিরে দেখা যাক পর্দার তারকা থেকে ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম অংশীদার হয়ে ওঠার গল্প।
বলিউডে তার পরিচিতি তৈরি হয়েছিল হাসিমাখা মুখ, প্রাণবন্ত অভিনয় আর সহজাত কমেডি দক্ষতায়। নব্বইয়ের দশকে দর্শকের কাছে জুহি চাওলা ছিলেন ভীষণ জনপ্রিয় এক নাম। ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’, ‘ডার’, ‘ইয়েস বস’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ কিংবা ‘ইশক’—একাধিক সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের সাফল্যকে শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি এই অভিনেত্রী। সময়ের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
১৩ নভেম্বর ছিল জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণ করেন তিনি। এ বছর ৫৯ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে তার অভিনয়জীবনের পাশাপাশি আলোচনায় এসেছে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার গল্প। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, জুহি চাওলা ও তার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। ভারতের ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। তার ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।
প্রেম, সংসার ও ব্যবসায়ী স্বামী
জুহির সম্পদের গল্পে তার স্বামী জয় মেহতার প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন জয়। মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা বিস্তৃত চারটি মহাদেশে। সিমেন্ট, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে তাদের ব্যবসায়িক কার্যক্রম।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করেছেন জয়। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।
জুহি ও জয়ের পরিচয় হয়েছিল অভিনেত্রীর সিনেমায় অভিষেকের আগেই। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় দুজনের। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। জুহিকে মুগ্ধ করতে জয় নানা রকম চেষ্টা চালিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, জয় প্রতিদিন তাকে চিঠি, ফুল ও উপহার পাঠাতেন। এমনকি এক জন্মদিনে এক ট্রাকভর্তি লাল গোলাপ পাঠিয়েছিলেন।
প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন জুহি। ১৯৯৫ সালে বিয়ে করেন তারা। তবে ক্যারিয়ারের কথা ভেবে দীর্ঘদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন অভিনেত্রী। তখন বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করছিলেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও ছিল। ২০০১ সালে প্রথম সন্তান জন্মের সময় তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।
শাহরুখের সঙ্গে ক্রিকেটের ব্যবসায় বড় বিনিয়োগ
জুহি চাওলার সম্পদের অন্যতম বড় ভিত্তি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। শাহরুখ খানের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারত্বে রূপ নেয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের আগে দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ, জুহি ও জয় মেহতা।
শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থ একত্র হয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় অংশীদার হয়। প্রায় ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে দলটি কেনেন তারা।
শুরুতে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। এমনকি এত বড় অঙ্কের অর্থ ক্রিকেটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে কেকেআর হয়ে ওঠে বিশ্বের পরিচিত ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।
তিনবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। সর্বশেষ ২০২৪ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় কলকাতা। নাইট রাইডার্সের ব্যবসা অবশ্য শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজিও রয়েছে এই গ্রুপের অধীনে।
২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ বেড়েছে প্রায় ৬৯ শতাংশ। ২০২৪ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন এই সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কেকেআরের শুরুর দিনগুলো অবশ্য খুব একটা সুখকর ছিল না। প্রথম দিকের আসরগুলোয় দলটির ধারাবাহিক পরাজয়ে হতাশ হতে হয়েছে সমর্থকদের। এমনকি জুহির সন্তানদেরও স্কুলে সহপাঠীদের কাছ থেকে শুনতে হয়েছে কেকেআরের হার নিয়ে নানা ঠাট্টা। ‘দ্য কাপিল শর্মা শো’তে জুহি জানিয়েছিলেন, দল হারতে বসলে তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। দীর্ঘদিনের সেই অপেক্ষার পর দলটির সাফল্য যেন তাদের বিনিয়োগের সিদ্ধান্তকেও সার্থক করে তুলেছে।
সিনেমার বাইরেও শাহরুখের সঙ্গে পথচলা
শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরবর্তী সময়ে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি।
সিনেমার সেটে শুরু হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে পর্দার বাইরেও গভীর হয়েছে। ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘ডার’, ‘ইয়েস বস’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সেই সম্পর্কই পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারত্বের ভিত্তি তৈরি করে।
যেভাবে শুরু হয়েছিল তারকাখ্যাতির গল্প
জুহির বিনোদনজগতে পথচলা শুরু হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে। ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কার অর্জন করেন।
১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে প্রকৃত জনপ্রিয়তা আসে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’ সিনেমায় অভিনয়ের পর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
নব্বইয়ের দশকে ‘লুটেরে’, ‘ডার’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার সাবলীল অভিনয় ছিল আলাদা আকর্ষণ। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিনি।
একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিল তার নাম। বিয়ের পরও অভিনয় চালিয়ে গেছেন। তবে ধীরে ধীরে কাজের সংখ্যা কমিয়ে নিজের পছন্দ অনুযায়ী চরিত্র বেছে নিতে শুরু করেন।
পরিবেশের প্রতিও দায়বদ্ধতা
অভিনয় ও ব্যবসার বাইরে পরিবেশ সংরক্ষণ নিয়েও সক্রিয় জুহি। শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের বিষয়ে বিভিন্ন সময় সচেতনতা তৈরির চেষ্টা করেছেন তিনি। বিশেষ করে শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তার আগ্রহ রয়েছে।
তার কাছে জনপ্রিয়তা কেবল পর্দার আলোয় সীমাবদ্ধ নয়, সমাজের জন্য ইতিবাচক কিছু করার সুযোগও বটে। পরিবেশ নিয়ে তার এই অবস্থান ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও পরিচয় দেয়।
ওটিটিতেও সরব উপস্থিতি
নিয়মিত সিনেমায় দেখা না গেলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি।
২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’-এ অভিনয় করেন। একই বছর ‘শার্মাজি নামকিন’ সিনেমায় মিসেস মানচান্দার চরিত্রে দেখা যায় তাকে। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজ এবং ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
সব মিলিয়ে জুহি চাওলার জীবন যেন সাফল্যের এক ভিন্ন পাঠ। একসময় অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের হৃদয়, আর পরবর্তী সময়ে ব্যবসায়িক দূরদর্শিতা ও সঠিক অংশীদারত্বের মাধ্যমে গড়ে তুলেছেন বিপুল সম্পদের ভিত্তি। তার গল্প শুধু একজন অভিনেত্রীর জনপ্রিয়তার গল্প নয়, বরং বিনোদনজগতের পরিচিতিকে কাজে লাগিয়ে ব্যবসার জগতে নিজের অবস্থান তৈরিরও গল্প।
পর্দার সেই প্রাণবন্ত অভিনেত্রী আজও আলোচনায়। তবে এখন তার পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় অধ্যায়—ক্রিকেট ও বিনোদন ব্যবসার সফল অংশীদার হিসেবে হাজার কোটি টাকার সম্পদের মালিক জুহি চাওলা।