বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের বর্ণাঢ্য পথচলা, অসামান্য অভিনয় দক্ষতা ও দর্শকপ্রিয়তায় নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। এবার সংগীতাঙ্গনের কিংবদন্তি প্রয়াত বশির আহমেদের নামে প্রবর্তিত ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি।
আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত হবে এবারের সম্মাননা অনুষ্ঠান। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে আয়োজনটি।
বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি, জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে ২০১৯ সালে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’।
তাঁর দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে প্রবর্তিত এই সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর প্রদান করা হয়। তিন বছরের বিরতি শেষে এবার আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী শবনম বলেন, তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যার মধ্যে অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হওয়ার স্মৃতিও রয়েছে অভিনেত্রীর। বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননা পেতে যাচ্ছেন ভেবে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
এদিকে শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তাঁদের ভাষ্য, শবনম বাংলাদেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। বশির আহমেদকে ছাড়া যেমন দেশের সংগীতের ইতিহাস অসম্পূর্ণ, তেমনি শবনমকে বাদ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করাও অসম্ভব। কিংবদন্তি এই অভিনেত্রীর হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, বশির আহমেদ ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে। ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’ তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে অন্যতম।
চলচ্চিত্র ও সংগীতের দুই কিংবদন্তির স্মৃতিকে এক সুতোয় গাঁথতে যাচ্ছে এবারের ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’। শবনমের এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তাঁর দীর্ঘ অবদানের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য হয়ে থাকবে।