বিনোদন জগতের তারকাদের মধ্যে দিলারা জামান যেন অন্য এক নাম। যিনি নিজের আলোয় আলোকিত করে রাখতে পারেন চারপাশ। এই সমাজে কিছু মানুষ বয়সের সঙ্গে বদলে যান না, বরং বয়সকে সঙ্গে নিয়েই আরও দৃঢ় হয়ে ওঠেন। অভিনেত্রী দিলারা জামান তেমনই একজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলারা জামানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে তাঁকে দেখা যাচ্ছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। পরনে ছাপা শাড়ি, চুলে সাদা-ধূসর রঙের স্বাভাবিক ছাপ, চোখে চশমা, কানে ছোট্ট দুল। চুলে গোঁজা সাদা ফুলটিও যেন সাজের চেয়ে বেশি তাঁর নিজস্ব রুচির প্রকাশ। দিলারা জামানের মুখের অভিব্যক্তিতে নেই কৃত্রিমতা; আছে স্থিরতা। আর সেই স্থিরতার মধ্যেই যেন ধরা পড়ে আত্মবিশ্বাসের সবচেয়ে সুন্দর রূপ।
দিলারা জামান যেন নিরবে বার্তা দিয়ে যাচ্ছেন, বয়সের পরিবর্তনকে লুকিয়ে না রেখে স্বাভাবিকভাবে গ্রহণ করার মধ্যে। আবার কখনো নিজের পরিচয়টুকু অন্য কারও স্বীকৃতির ওপর নির্ভর না করার মধ্যেও আত্মবিশ্বাস থাকে।
আমাদের সমাজে একজন নারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত এক ধরনের অস্বস্তি তৈরি করা হয়। চুলে পাক ধরলে তা ঢেকে ফেলতে হবে, মুখে বয়সের ছাপ পড়লে তা আড়াল করতে হবে, পোশাকে বা আচরণে যেন বয়সের ‘নিয়ম’ অমান্য না হয়—এমন অসংখ্য সামাজিক প্রত্যাশা নারীর চারপাশে তৈরি করা হয়েছে।