ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার
বোলের আদলে আয়োজিত হাফটাইম শো ফাইনালের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার
মধ্যকার ফাইনালের প্রথমার্ধ শেষে প্রায় ১১ মিনিটের এই পরিবেশনায় সংগীত, বিনোদন,
ফুটবল ঐতিহ্য এবং জনপ্রিয় সংস্কৃতির অনন্য সমন্বয় দেখা যায়।
হাফটাইম শোর জন্য মাঠে বিশেষভাবে নির্মিত বিশাল
মঞ্চ স্থাপন ও অপসারণের কারণে বিরতির সময়ও স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ করা
হয়। প্রথমার্ধ শেষ হওয়ার পর পুরো মাঠজুড়ে বসানো হয় বহুরঙা মঞ্চ। এর কেন্দ্রজুড়ে
ফুটিয়ে তোলা হয় বিশ্বের মানচিত্রের বিশাল নকশা, যার ওপর শুরু হয় বর্ণিল আয়োজন।
হাফটাইম শোর সূচনা করেন মার্কিন পপসংগীতের
কিংবদন্তি ম্যাডোনা। তাকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ও
রোনালদিনিয়োর চালানো একটি বিশেষ বাগিতে চড়ে মঞ্চে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি
নিজের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।
এরপর একে একে মঞ্চে ওঠেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়
কে-পপ ব্যান্ড বিটিএস, কলম্বিয়ার বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং কানাডীয় পপ তারকা
জাস্টিন বিবার। নিজেদের জনপ্রিয় গান পরিবেশন করে তারা স্টেডিয়ামে উপস্থিত হাজারো
দর্শককে মুগ্ধ করেন।
বিনোদনের পাশাপাশি ফুটবল ইতিহাসকেও বিশেষভাবে
তুলে ধরা হয় এই আয়োজনে। বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি পেলের স্মরণে
স্টেডিয়ামের বড় পর্দায় প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও। এরপর একদল শিশু সমবেত
কণ্ঠে গান পরিবেশন করলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিশু-কিশোরদের জনপ্রিয় চরিত্রগুলোকেও অনুষ্ঠানের
অংশ করা হয়। ‘দ্য মাপেট শো’-এর কারমিট ও মিস পিগি নৃত্য পরিবেশন করেন। পরে ‘সেসেমি স্ট্রিট’-এর চরিত্ররা মঞ্চে উঠে জনপ্রিয় গান গান সেভেন ন্যাশন আর্মি
পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন।
অনুষ্ঠানে ছিল আরেকটি চমকও। জনপ্রিয় টেলিভিশন
সিরিজ টেড ল্যাসোর-এর প্রধান চরিত্র টেড ল্যাসো ও কোচ বিয়ার্ড মঞ্চে উপস্থিত হয়ে
দর্শকদের শুভেচ্ছা জানান। পরে টেড ল্যাসোর পরিচয়ের মধ্য দিয়ে মঞ্চে আসেন জাস্টিন
বিবার, যিনি হাতে গিটার নিয়ে একক পরিবেশনা করেন।
বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো এমন আয়োজনকে
ফুটবল ও বৈশ্বিক বিনোদন সংস্কৃতির নতুন এক মাইলফলক হিসেবে দেখছে ফিফা। মাঠের
উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি হাফটাইম শোও কোটি কোটি দর্শকের কাছে ফাইনালের
অন্যতম আকর্ষণে পরিণত হয়।