বিয়ে, সংসার, সন্তান—প্রচলিত জীবনের ছক ভাঙছে নতুন প্রজন্ম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬

ছবি: এআই/রোদসী
ছবি: এআই/রোদসী

প্রকৃতিতে শীতের হিমেল হাওয়ার দোলা লাগতে শুরু করেছে। সাথে শুরু হতে যাচ্ছে বিয়ের মৌসুমও। শীত ঋতুর সাথে বিয়ের আনুষ্ঠানিকতার এক যোগসূত্র রয়েছে। আর এটাকে কেন্দ্র করেই চলে বিয়ের পিঁড়ি সাজানোর প্রস্তুতি, নতুন সংসারের কেনাকাটা, ভবিষ্যৎ পরিবার নিয়ে নানা পরিকল্পনা। প্রতিটি মানুষের জীবনের একটি পরিচিত ছক আছে—পড়াশোনা শেষ করে চাকরি, তারপর বিয়ে, সংসার, সন্তান। কিন্তু পৃথিবীর সব প্রান্তে কি জীবনের এই ছক একই রকম?


বিশ্বের কোথাও অনেক নারী বিয়ে ও মাতৃত্ব নিয়ে নতুন করে ভাবছেন। কেউবা একা থাকাকে জীবনযাপনের স্বাভাবিক পছন্দ হিসেবে গ্রহণ করছেন। অর্থাৎ চেনা ছন্দ কে পাশ কাটিয়ে বদলে দিচ্ছেন জীবনের হিসাব-নিকাশ। এসব প্রবণতা কেবল বিচিত্র কোনো ফ্যাশন বা সাময়িক শখ নয়। এর পেছনে রয়েছে বদলে যাওয়া সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ, ব্যক্তিস্বাধীনতা, কর্মজীবনের প্রতিযোগিতা এবং সুখের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবনা। জীবনের প্রচলিত ছকের বাইরে গিয়ে নতুন প্রজন্ম আসলে কেমন জীবন চাইছে?


বিয়ে ও মাতৃত্বের বাইরে দক্ষিণ কোরিয়ার নারীরা


দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের নারীদের মধ্যে বিয়ে এবং মাতৃত্বের বাইরে স্বাধীন, একা বা বিকল্প জীবনযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে। দেশটির সমাজে দীর্ঘদিন ধরে বিয়ে, পরিবার ও সন্তান জন্মদানকে জীবনের স্বাভাবিক ধাপ হিসেবে দেখা হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণায় পরিবর্তন আসছে। 


এ প্রসঙ্গে আলোচনায় আসে 'ফোর বি আন্দোলন' (4B Movement)। কোরিয়ান ভাষায় 'বি' (Bi / 비) শব্দের অর্থ 'না'। এই চারটি 'না' হলো:


- বিহন, বিয়ে না করা।

- বিচুলসান, সন্তান জন্ম না দেওয়া।

- বিয়োনে, পুরুষদের সাথে প্রেম বা রোমান্টিক সম্পর্কে না জড়ানো।

- বিসেক্সু, পুরুষদের সাথে কোনো ধরনের যৌন সম্পর্কে না জড়ানো।


এটি মূলত একটি নারীবাদী অবস্থান, যার সঙ্গে লিঙ্গবৈষম্য ও সহিংসতা এবং পিতৃতান্ত্রিক সমাজে বিয়ে বা সম্পর্ক নারীদের স্বাধীনতা কেড়ে নেয়া ও তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া প্রচলিত প্রত্যাশার বিরোধিতার সম্পর্ক রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার সব নারীই এই আন্দোলনের উদ্দেশ্যকে সমর্থন করেন না। অনেকেই পরিবার গঠন, প্রেম এবং মাতৃত্বে বিশ্বাসী এবং তাঁরা সামাজিক সংস্কারের মাধ্যমেই লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে চান, পুরুষদের পুরোপুরি বর্জন করে নয়।


দেশটিতে সন্তান লালন-পালনের উচ্চ ব্যয়, অর্থনৈতিক চাপ, উচ্চ আবাসন ব্যয় এবং সন্তান জন্মের পর নারীর ক্যারিয়ারে বিরতি বা বৈষম্যের আশঙ্কাও বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফলে, নারীদের একটি বড় অংশ স্বেচ্ছায় দেরিতে বিয়ে করা বা সন্তান না নেয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক নারী এখন প্রশ্ন তুলছেন—শুধু সামাজিক প্রত্যাশা পূরণের জন্যই কি বিয়ে বা মা হতে হবে?


একা থাকাতেই স্বাচ্ছন্দ্য খুঁজছেন জাপানের নারীরা


জাপানের তরুণীদের মধ্যেও বিয়ে ও সংসারের চেয়ে একা থাকা বা স্বাধীন জীবনযাপনের প্রবণতা দ্রুত বাড়ছে। দক্ষিণ কোরিয়ার 'ফোর বি' মতো সরাসরি কোনো আন্দোলন না থাকলেও, জাপানে এর পেছনে মূলত অর্থনৈতিক বাস্তবতা, কর্মসংস্কৃতি এবং প্রথাগত পারিবারিক কাঠামোর চাপ কাজ করছে। 


বিয়ে না করে একা থাকা, একা রেস্টুরেন্টে খাওয়া কিংবা নিজের মতো করে ঘুরে বেড়ানো—একসময় এসবের সঙ্গে সামাজিক সংকোচ জড়িয়ে থাকলেও জাপানে একা থাকার সংস্কৃতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। দেশটিতে হিতোরিগুরাশি' (Hitorigurashi) এবং 'ওহিতোরিসামা' (Ohitorisama) দুটি পরিচিত শব্দ, যা মূলত একাকী জীবনযাপন এবং একা সময় কাটানোর সংস্কৃতিকে বোঝায়। ‘হিতোরিগুরাশি’ বলতে একা বসবাস করাকে বোঝায়। অন্যদিকে ‘ওহিতোরিসামা’ ধারণাটি একা নিজের মতো করে বিভিন্ন কাজ উপভোগ করার সংস্কৃতিকে তুলে ধরে। এই নিজের মতো করে থাকা কারও কাছে এটি স্বাধীনতার আনন্দ, কারও কাছে নিজের পছন্দ ও সময়ের ওপর নিয়ন্ত্রণ। আবার কারও ক্ষেত্রে একা থাকা বিয়ে না করার সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।


জাপানের জনসংখ্যা ও পরিবার কাঠামোর পরিবর্তনও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেশটিতে একক ব্যক্তির পরিবার 'সোলো হাউসহোল্ড' আরও বাড়ার নতুন রেকর্ড তৈরি হয়েছে। 


জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় জীবনযাত্রা জরিপ অনুযায়ী, মোট পরিবারের ৩৫.৪ শতাংশই ছিল একক ব্যক্তির পরিবার। 


তবে একা থাকার অর্থ সব সময় একাকিত্ব নয়, আবার একা থাকা মানেই যে সবাই স্বেচ্ছায় এমন জীবন বেছে নিয়েছেন, তাও নয়। এর নেপথ্যে রয়েছে বহুবিধ কারণ। ব্যক্তিগত পছন্দের পাশাপাশি বিয়ে কমে যাওয়া, তরুণদের পাশাপাশি বয়স্কদের সংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক কাঠামোর পরিবর্তনও এর সঙ্গে যুক্ত। জাপানের এই প্রবণতা তাই একদিকে যেমন ব্যক্তিস্বাধীনতার গল্প, অন্যদিকে বদলে যাওয়া পরিবারব্যবস্থারও প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। 


সাফল্যের দৌড় থেকে বিরতি চাইছে চীনের তরুণেরা


দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো চীনের তরুণ প্রজন্মের (জেন জি ও মিলেনিয়াল) মধ্যেও প্রচলিত সাফল্যের ইঁদুরদৌড় থেকে সরে এসে স্বল্পচাহিদা ও চাপমুক্ত জীবনযাপনের প্রবণতা প্রবল হয়ে উঠেছ।  ভালো ফল, ভালো চাকরি, বেশি বেতন, নিজের বাড়ি, বিয়ে, সন্তান—জীবনের প্রতিটি ধাপে যেন একটি প্রতিযোগিতা। কে কত দ্রুত এগিয়ে যেতে পারছেন, কে কত বেশি অর্জন করছেন, তার ওপরই অনেক সময় সাফল্যের মাপকাঠি নির্ধারিত হয়। আর এই অসুস্থ  প্রতিযোগিতা থেকে মুক্ত হতে আলোচিত হয়েছে ‘লাইং ফ্ল্যাট’ বা ‘ট্যাং পিং’ (Tang Ping) প্রবণতা।


এর অর্থ আক্ষরিকভাবে শুয়ে থাকা হলেও সামাজিক প্রেক্ষাপটে এর তাৎপর্য ভিন্ন। চীনের তরুণ প্রজন্মের মধ্যে গড়ে ওঠা এটি একটি সামাজিক প্রবণতা ও নীরব প্রতিবাদ, যেখানে তারা অতিরিক্ত পরিশ্রম এবং প্রচলিত সাফল্যের ইঁদুরদৌড় বর্জন করে ন্যূনতম চাহিদা নিয়ে চাপমুক্ত জীবনযাপন বেছে নিচ্ছেন। ২০২১ সালে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে লাইং ফ্ল্যাট (Lying Flat) শব্দবন্ধটি ব্যাপক আলোচনায় আসে।


চীনে দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির প্রতিযোগিতা, বাড়ি কেনার উচ্চ ব্যয়, বিয়ে ও সন্তান লালন-পালনের অর্থনৈতিক চাপ—এসবের মধ্যে অনেক তরুণ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনুভব করেন। বিশেষ করে কর্মক্ষেত্রে ‘৯৯৬’ সংস্কৃতি—সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহে ছয় দিন কাজ করার প্রবণতা—তরুণদের কর্মজীবনের চাপ নিয়ে আলোচনায় এসেছে। তবে এটি কোনো একক সংগঠিত আন্দোলন নয়; বরং প্রচলিত সাফল্যের ধারণা নিয়ে তরুণদের অসন্তোষ ও বিকল্প জীবনদর্শনের প্রকাশ। কেউ একে প্রতিবাদ হিসেবে দেখেন, কেউ আবার মানসিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় বিরতি হিসেবে বিবেচনা করেন।


সন্তান নয়, পোষা প্রাণীই হয়ে উঠছে পরিবারের সদস্য


পরিবারের সদস্য বলতে আমাদের চোখে সাধারণত বাবা-মা, সন্তান, ভাইবোন কিংবা আত্মীয়স্বজনের ছবিই ভেসে ওঠে। কিন্তু চীনের শহুরে তরুণদের মধ্যে পরিবার সম্পর্কে ধারণায় আরেকটি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অনেকেই কুকুর, বিড়ালসহ পোষা প্রাণীকে শুধু শখের সঙ্গী হিসেবে নয়, পরিবারের সদস্য বা সন্তানের মতো করে বড় করছেন। চীনা সমাজে এই পোষা প্রাণীগুলোকে আদর করে 'মাও হাইজি' (Mao Haizi) বলা হয়। 


পোষা প্রাণীর জন্য বিশেষ খাবার, পোশাক, খেলনা, জন্মদিনের আয়োজন, চিকিৎসা এবং ভ্রমণের ব্যবস্থা—সবকিছুতেই বাড়ছে মানুষের আগ্রহ আর সাথে করছেন বিপুল অর্থ ব্যয়। ২০২৫ সালে চীনের শহুরে পোষা প্রাণীর বাজার ৩১২.৬ বিলিয়ন ইউয়ানে (প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। অর্থাৎ এটি কেবল আবেগের বিষয় নয়, বড় একটি অর্থনৈতিক বাজারেও পরিণত হয়েছে। তাদের সঙ্গে সময় কাটানো, ছবি তোলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে নিয়মিত পোস্ট করাও এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ।


তবে পোষা প্রাণী পালন করছেন মানেই কেউ সন্তান নিতে চান না, এমন কথা ঢালাওভাবে বলা ঠিক হবে না। অনেকেই সন্তানসহ পোষা প্রাণী লালন করেন। বরং পেট প্যারেন্টিংয়ের জনপ্রিয়তা পরিবার, ভালোবাসা ও দায়িত্বের ধারণা যে নতুনভাবে প্রকাশ পাচ্ছে, সেটিই সামনে নিয়ে আসে।


বিয়ে, সংসার, সন্তান, কর্মজীবনে সাফল্য—এসবের গুরুত্ব নিশ্চয়ই কমে যায়নি। তবে নতুন প্রজন্মের একটি অংশ এখন জীবনের এই পরিচিত ছক নিয়ে নতুন করে ভাবছে। তাদের কাছে বদলে যাচ্ছে সুখের সংজ্ঞা। কারও কাছে বিয়ে না করেও ভালো থাকা সম্ভব, কারও কাছে একা থাকার মধ্যেই স্বাধীনতা, কেউ আবার প্রতিযোগিতার বাইরে গিয়ে সাধারণ জীবন বেছে নিতে চান। আবার কেউ পোষা প্রাণীর মধ্যেই খুঁজে পান পরিবারের উষ্ণতা ও ভালোবাসা।


হয়তো এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন প্রজন্ম এখন নিজেদের মতো করে জীবন সাজানোর সাহস করছে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আর শুধু ‘জীবনে কী কী অর্জন করতে হবে’ নয়, বরং ‘যেভাবে বাঁচছি, তাতে কি সত্যিই ভালো আছি?’


sidebar ad