বন্ধুত্ব থেকে প্রেম,বিষয়টা খুব নরম আর গভীর একটা পরিবর্তন।
যেখানে আগে,
"কেমন আছো?"ছিল অভ্যাস।সেখানে একসময় সেটা হয়ে যায় অনুভূতি।
সবচেয়ে সুন্দর দিক হলো, এখানে মানুষ আগে একে অপরকে চিনে নেয়।
ভালো লাগা শুরু হয় হাসি, অভিমান,কেয়ার আর নির্ভরতার ভেতর দিয়ে। তাই এই সম্পর্কগুলোতে অভিনয় কম,স্বস্তি বেশি থাকে।তবে একটা ভয়ও থাকে,প্রেমটা যদি টিকে না থাকে? বন্ধুত্বটাও হারিয়ে যাবে না তো?
কারণ বন্ধুত্বে মানুষ নিজের সবচেয়ে বাস্তব রূপটা দেখায়।আর সেই বাস্তব মানুষটার প্রেমে পড়ে যাওয়াটা যেমন সুন্দর, তেমনি ভীষণ স্পর্শকাতরও।অনেক সময় বন্ধুত্ব থেকে হওয়া প্রেম সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়।
কারণ সেখানে শুধু ভালোবাসা না,সম্মান, বোঝাপড়া আর "তোমাকে হারাতে চাই না"এই ভয়টাও কাজ করে।
স্বামী স্ত্রী কি কখনো ভাল বন্ধু হতে পারে?
অবশ্যই পারে।বরং অনেক সময় সবচেয়ে সফল দাম্পত্যের ভিতটাই হয় বন্ধুত্ব।যেখানে স্বামী স্ত্রী শুধু দায়িত্ব ভাগ করে না,
একজন আরেকজনের নিরাপদ মানুষ হয়ে ওঠে।
যার কাছে বিচার নয়,শান্তি পাওয়া যায়।বন্ধুত্ব থাকা মানে,কথা বলতে ভয় না পাওয়া।ছোট ছোট বিষয়ও শেয়ার করতে পারা।ঝগড়ার পরেও সম্মানটা ধরে রাখা।একে অপরকে কন্ট্রোল না করে বুঝতে চাওয়া।শুধু সংসারের সঙ্গী না,জীবনের সঙ্গী হওয়া।
অনেক দাম্পত্যে ভালোবাসা থাকে,কিন্তু বন্ধুত্ব থাকে না।তখন সম্পর্কটা ধীরে ধীরে শুধু দায়িত্বে আটকে যায়।
আবার যেখানে বন্ধুত্ব থাকে,সেখানে বয়স বাড়লেও কথা ফুরায় না।
দিন শেষে মানুষ এমন একজনকেই খোঁজে,
যার সাথে হাসা যায়,কাঁদা যায়,চুপ থেকেও শান্তি পাওয়া যায়।স্বামী স্ত্রী যদি সেই জায়গাটা একে অপরের জন্য হতে পারে, তাহলে সম্পর্কটা শুধু টিকে থাকে না,ভেতর থেকে বেঁচেও থাকে।
উদাহরণ :
রিমি আর নাবিলের সংসারটা বাইরে থেকে খুব সুন্দর লাগত।ছবি দেখে সবাই বলত,পারফেক্ট কাপল!কিন্তু ঘরের ভেতরে তাদের কথাগুলো ধীরে ধীরে শুধু প্রয়োজনেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল।
“চা দিবা?”
“বাজার করে আনো।”
“বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসো।”
একসময় যে মানুষটার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, এখন তার পাশেই বসে দুজন আলাদা পৃথিবীতে হারিয়ে থাকত।
নাবিল অফিসের চাপ নিয়ে কিছু বলতে চাইত,কিন্তু ভাবত,বলেই বা লাভ কি? ও বুঝবে না।রিমিরও অনেক কষ্ট হতো।সে মাঝে মাঝে শুধু চাইত কেউ তাকে জিজ্ঞেস করুক,তোমার দিনটা কেমন গেল?কিন্তু সেই প্রশ্নটা আর আসত না।
তাদের মধ্যে ঝগড়া খুব কম হতো।কারণ রাগ করার মতো কাছের সম্পর্কটাই যেন আর বাকি ছিল না।এক ছাদের নিচে থেকেও তারা ধীরে ধীরে রুমমেট হয়ে যাচ্ছিল।
একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল।অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকতে থাকতে রিমি হঠাৎ বলেছিল,আমরা শেষ কবে বন্ধুদের মতো কথা বলেছি মনে আছে?নাবিল উত্তর দিতে পারেনি।কারণ সে বুঝেছিল,ভালোবাসা পুরোপুরি শেষ হয়নি,কিন্তু বন্ধুত্বটা হারিয়ে যাওয়ার পর সম্পর্কটার উষ্ণতা হারিয়ে গেছে।সম্পর্কে বন্ধুত্ব না থাকলে মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতি লুকাতে শিখে যায়।আর যেখানে অনুভূতি বলা যায় না,সেখানে একই ঘরে থেকেও একসময় ভীষণ একা লাগে।
ঝুঁকি আছে কী?
হ্যাঁ, আছে।কারণ এখানে শুধু প্রেম হারানোর ভয় না, বন্ধুত্ব হারানোর ভয়ও থাকে।যে মানুষটা আগে তোমার সবচেয়ে কাছের বন্ধু ছিল,প্রেম ভেঙে গেলে অনেক সময় সেই সহজ সম্পর্কটা আর আগের মতো থাকে না।কথা বললেও দূরত্ব থেকে যায়।আরেকটা ঝুঁকি হলো,
বন্ধুত্বে মানুষ অনেক স্বাভাবিক থাকে, কিন্তু প্রেম শুরু হলে প্রত্যাশা বদলে যায়।অভিমান বাড়ে, সময় চাওয়া বাড়ে, গুরুত্ব পাওয়ার চাহিদাও বাড়ে।
তখন সম্পর্কটা নতুন এক পরীক্ষার মধ্যে পড়ে।
তবে সুন্দর দিকও আছে।
বন্ধু থেকে হওয়া প্রেমে মানুষ আগে থেকেই একে অপরের দুর্বলতা, স্বভাব, খারাপ সময় সব জানে।
তাই এই সম্পর্কগুলোতে অভিনয় কম হয়, বাস্তবতা বেশি থাকে।আসলে ঝুঁকি আছে বলেই হয়তো অনুভূতিটা এত গভীর।কারণ সেখানে মানুষ শুধু প্রেমে পড়ে না…নিজের সবচেয়ে বিশ্বাসের মানুষটার হাতও ধরে।
বাস্তবতা হলো—
বন্ধু থেকে প্রেম সবসময় সফলও না,আবার সবসময় ভুলও না।
এটা পুরোপুরি নির্ভর করে দুজন মানুষ কতটা পরিণতভাবে সম্পর্কটা সামলাতে পারে তার উপর।
যদি শুধু একাকীত্ব,আবেগ বা মুহূর্তের ভালো লাগা থেকে প্রেম শুরু হয়,
তাহলে অনেক সময় বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়।
কিন্তু যদি,আগে থেকেই সম্মান থাকে,একে অপরের সীমাবদ্ধতা মেনে নেওয়ার মানসিকতা থাকে,বন্ধুত্বের স্বচ্ছতাটা প্রেমের পরেও ধরে রাখা যায়,তাহলে এই সম্পর্কগুলো অনেক গভীর হয়।বাস্তবে সবচেয়ে বড় সমস্যা হয় “প্রত্যাশা” থেকে।বন্ধু হিসেবে যে মানুষটাকে সহজ লাগত, প্রেমের সম্পর্কে গিয়ে তার কাছ থেকেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়।
কারণ তখন অনুভূতি জড়িয়ে যায়।তাই বাস্তবতা খুব সোজা।বন্ধুত্ব থেকে প্রেমে যাওয়া ঝুঁকির,কিন্তু সঠিক মানুষ হলে সেই ঝুঁকিটাই জীবনের সবচেয়ে নিরাপদ অনুভূতি হয়ে যেতে পারে।
একটা গল্প বলি,
তানভীর আর মেহজাবিন পাঁচ বছরের বন্ধু ছিল।
দিনের ছোট ছোট গল্প থেকে শুরু করে জীবনের বড় ভয়,সবকিছুই তারা একে অপরকে বলত।
রাতে ঘুমানোর আগে খেয়েছো?বলা।পরীক্ষার আগে সাহস দেওয়া,খারাপ দিনে পাশে থাকা।এসব এত স্বাভাবিক ছিল যে কেউ কখনো আলাদা করে ভাবেনি,এর নাম হয়তো ভালোবাসা।একদিন মেহজাবিনের বিয়ে ঠিক হওয়ার কথা উঠল।সেদিন প্রথমবার তানভীরের বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করল।সে বুঝল,ওকে হারানোর চিন্তাটা শুধু বন্ধুত্বের না।অনেক দ্বিধার পর এক রাতে সে বলল,আমাদের সম্পর্কটা কি শুধু বন্ধুত্ব?কথাটা শোনার পর মেহজাবিন অনেকক্ষণ চুপ ছিল।কারণ সে জানত,এই এক উত্তর তাদের সম্পর্ক বদলে দিতে পারে।হয়তো সুন্দরভাবে,
হয়তো চিরদিনের জন্য।
শেষ পর্যন্ত তারা সম্পর্ক শুরু করল।
শুরুর দিকে সবকিছু খুব সুন্দর ছিল।কারণ তারা আগে থেকেই একে অপরকে চিনত।কিন্তু কয়েক মাস পর ছোট ছোট বিষয় বদলাতে শুরু করল।
আগে রিপ্লাই দেরি হলে সমস্যা হতো না,এখন অভিমান হতো।আগে ব্যস্ত আছি শুনে বুঝে নিত, এখন মনে হতো গুরুত্ব কমে গেছে।একদিন ঝগড়ার পর মেহজাবিন কাঁদতে কাঁদতে বলেছিল,আমি তোমাকে প্রেমিক হিসেবে হারানোর চেয়ে, বন্ধু হিসেবে হারাতে বেশি ভয় পাই…
সেদিন তারা বুঝেছিল,
বন্ধুত্ব থেকে প্রেমে যাওয়ার সবচেয়ে বড় বাস্তবতা হলো,এখানে মানুষ শুধু সম্পর্ক না, নিজের সবচেয়ে নিরাপদ জায়গাটাকেও ঝুঁকিতে ফেলে।তবে গল্পটা খারাপভাবে শেষ হয়নি।
কারণ তারা প্রেমের মাঝেও বন্ধুত্বটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল।রাগের মধ্যেও কথা বলা বন্ধ করেনি।
একসময় তারা বুঝে যায়,
ভালো প্রেম মানে শুধু “আমি তোমাকে ভালোবাসি” না,
বরং“আমি এখনও তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চাই।”
শেষ পর্যন্ত তারা বুঝেছিল,সব প্রেম শুরু হয় না "আমি তোমাকে ভালোবাসি" দিয়ে, কিছু প্রেম শুরু হয় "তুই ঠিক আছিস তো?"এই প্রশ্ন থেকে।যে বন্ধুত্বে হাসি ছিল, অভিমান ছিল,আর ছিল নির্ভরতার নীরব আশ্রয় সেই বন্ধুত্ব একদিন প্রেম হয়ে দাঁড়াল। কিন্তু আশ্চর্যভাবে, তারা কাউকে হারায়নি… শুধু নামটা বদলে গেছে সম্পর্কের।
আজও তারা একসাথে হাঁটে,আগের মতোই ঝগড়া করে, আগের মতোই একে অপরের জন্য চিন্তা করে। শুধু পার্থক্য একটাই এখন সেই যত্নটার ভেতরে লুকিয়ে থাকে একটু বেশি অধিকার,একটু বেশি আপন ভাব।
আর সবচেয়ে সুন্দর সত্যটা হলো,তারা প্রেমে পড়েনি নতুন করে, তারা শুধু তাদের পুরোনো বন্ধুত্বকেই আরেকটু গভীরভাবে চিনে নিয়েছে।