ঘর সাজাতে নতুন সোফা, কুশন কিংবা শোপিস নিয়ে যতটা ভাবি, জানালাজুড়ে থাকা পর্দাটির কথা ততটা মনে থাকে না। অথচ ঘরের সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি পর্দা ধুলা, গন্ধ, পরাগরেণু ও নানা ধরনের কণা আটকে রাখে। অর্থাৎ ঘরের সাজের গুরুত্বপূর্ণ এই অংশটি অনেকটা নীরব ফিল্টারের মতো কাজ করে। তাই দীর্ঘদিন পর্দা পরিষ্কার না করলে শুধু এর সৌন্দর্যই নষ্ট হয় না, কাপড়ে ধুলা জমে রঙ মলিন হয়ে যেতে পারে। আর্দ্র পরিবেশে তৈরি হতে পারে স্যাঁতসেঁতে গন্ধ, এমনকি ছত্রাকের সমস্যাও দেখা দিতে পারে।
তাহলে কতদিন পর পর পর্দা ধোয়া উচিত? উত্তরটা নির্ভর করে পর্দার কাপড়, ঘরের পরিবেশ ও ব্যবহারের ওপর।
আপনার পর্দার জন্য কোন রুটিনটি ঠিক?
সবার ঘরে পর্দা একইভাবে নোংরা হয় না। তাই ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়ার চেয়ে ঘরের পরিস্থিতি বুঝে পরিষ্কারের রুটিন তৈরি করাই বুদ্ধিমানের কাজ।
বসার ঘরের পর্দা
বসার ঘরের পর্দায় ধুলা ও বাইরের বাতাসের কণা তুলনামূলক বেশি জমতে পারে। সাধারণভাবে ৩ থেকে ৬ মাস পর পর ধুয়ে নেওয়া যেতে পারে। তবে জানালা রাস্তার দিকে হলে বা ঘরে ধুলা বেশি ঢুকলে আরও ঘন ঘন পরিষ্কার করুন।
রান্নাঘরের পর্দা
রান্নাঘরের পর্দার গল্প একটু আলাদা। ধুলার সঙ্গে এখানে যোগ হয় তেল-চর্বি, রান্নার গন্ধ ও ধোঁয়া। ফলে পর্দা দ্রুত নোংরা হয়। প্রয়োজন অনুযায়ী মাসে একবার বা কয়েক সপ্তাহ পর পর পরিষ্কার করতে হতে পারে।
শোবার ঘরের পর্দা
শোবার ঘরের পর্দায় সাধারণত রান্নাঘরের মতো তেল বা ধোঁয়া জমে না। তবে ধুলা ও আর্দ্রতা জমতে পারে। সাধারণভাবে ৩ থেকে ৬ মাস পর পর পরিষ্কার করা যেতে পারে।
বাথরুমের কাছাকাছি পর্দা
আর্দ্রতার কারণে এসব পর্দায় স্যাঁতসেঁতে গন্ধ বা ছত্রাকের ঝুঁকি বেশি। তাই ময়লা বা গন্ধ দেখা দিলে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে দ্রুত পরিষ্কার করুন।
ভারি পর্দা
ভেলভেট, ব্ল্যাকআউট বা লাইনিং দেওয়া ভারি পর্দা ঘন ঘন ধোয়ার প্রয়োজন হয় না। তবে নিয়মিত ধুলা সরিয়ে রাখুন এবং কেয়ার লেবেলের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে বছরে একবার গভীরভাবে পরিষ্কার করতে পারেন।
শুধু ঘরের পরিবেশ নয়, নজর দিন পরিবারের দিকেও
পর্দা পরিষ্কারের সময় পরিবারের সদস্যদের জীবনযাপনও বিবেচনায় রাখা জরুরি।
বাড়িতে পোষা প্রাণী আছে?
বিড়াল-কুকুরের লোম, গন্ধ ও ধুলা সহজেই পর্দায় আটকে যায়। তাই নিয়মিত ভ্যাকুয়াম বা ব্রাশ করা দরকার।
কারও অ্যালার্জি আছে?
পর্দায় জমে থাকা ধুলা ও অন্যান্য অ্যালার্জেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য বিরক্তিকর হতে পারে। তাই বাড়িতে অ্যালার্জি বা হাঁপানির সমস্যা থাকলে পর্দা নিয়মিত পরিষ্কার রাখা ভালো।
ঘরের ভেতর ধূমপান হয়?
ধোঁয়ার গন্ধ ও অবশিষ্টাংশ পর্দায় দ্রুত আটকে যেতে পারে। এমন ঘরের পর্দা তুলনামূলক বেশি ঘন ঘন পরিষ্কার করা দরকার।
পর্দার কাপড় বুঝে যত্ন নিন
একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার—সব পর্দা এক নিয়মে ধোয়া যায় না। ভুল পদ্ধতিতে ধুলে কাপড় সংকুচিত হতে পারে, রঙ ফিকে হয়ে যেতে পারে কিংবা নকশা ও লাইনিং নষ্ট হতে পারে। তাই পর্দা ধোয়ার আগে প্রথমেই দেখে নিন এর কেয়ার লেবেল।
সুতি ও পলিয়েস্টার
এই ধরনের পর্দা তুলনামূলক সহজে পরিষ্কার করা যায়। কেয়ার লেবেলে অনুমতি থাকলে মেশিনে ঠান্ডা পানি ও মৃদু ওয়াশ সাইকেল ব্যবহার করতে পারেন। ধোয়ার পর বাতাসে শুকানো ভালো।
পাতলা ও শিয়ার পর্দা
পাতলা কাপড়ে ধুলা দ্রুত জমলেও কাপড় নাজুক হওয়ায় যত্ন নিয়ে পরিষ্কার করতে হয়। সম্ভব হলে হাতে ধুয়ে নিন। মেশিনে ধুললে মেশ বা লন্ড্রি ব্যাগ ব্যবহার করা যেতে পারে। জোরে কচলানো বা মুচড়ে পানি ঝরানো ঠিক নয়।
ভেলভেট ও ভারি পর্দা
ভারী কাপড়ের পর্দা বাসায় ভুলভাবে ধুলে আকৃতি বা লাইনিং নষ্ট হতে পারে। তাই কেয়ার লেবেল অনুসরণ করুন এবং প্রয়োজনে পেশাদার ক্লিনিং করান। এর মধ্যে নিয়মিত ভ্যাকুয়াম করলে ধুলা জমা কমবে।
সিল্ক ও এমব্রয়ডারি করা পর্দা
এগুলো সবচেয়ে নাজুক। গরম পানি, কড়া ডিটারজেন্ট কিংবা জোরে ঘষাঘষি এড়িয়ে চলুন। সম্ভব হলে পেশাদারভাবে পরিষ্কার করানোই নিরাপদ।
১. কেয়ার লেবেল পড়ুন
পর্দাটি মেশিনে ধোয়া যাবে, নাকি শুধু ড্রাই ক্লিন—আগেই নিশ্চিত হন।
২. হুক ও অন্যান্য হার্ডওয়্যার খুলে ফেলুন
হুক, রিং, টাইব্যাক বা ধাতব অংশ খুলে তারপর পর্দা ধুতে দিন।
৩. মৃদু ডিটারজেন্ট বেছে নিন
কড়া ডিটারজেন্ট কাপড়ের রঙ ও তন্তুর ক্ষতি করতে পারে।
৪. খুব গরম পানি ব্যবহার করবেন না
বিশেষ করে রঙিন বা নাজুক কাপড়ে অতিরিক্ত গরম পানি ক্ষতির কারণ হতে পারে। কেয়ার লেবেলের নির্দেশনাই অনুসরণ করুন।
৫. সম্ভব হলে বাতাসে শুকান
অতিরিক্ত তাপ কাপড় সংকুচিত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বাতাসে শুকানোই নিরাপদ পছন্দ।
প্রতিবার কি পুরো পর্দা ধুতে হবে?
একদমই নয়!
পর্দাকে সতেজ রাখতে প্রতিবার খুলে ধোয়ার দরকার নেই। বরং নিয়মিত ছোট ছোট কিছু অভ্যাসই বড় কাজ করে দিতে পারে।
সপ্তাহে একবার
হালকা করে পর্দা ঝেড়ে নিন। সম্ভব হলে জানালা খুলে বাইরে দিকে ঝাড়ুন, যাতে ধুলা ঘরের ভেতর না ছড়ায়।
মাসে একবার
ভ্যাকুয়াম ক্লিনার থাকলে কম সাকশনে পর্দা পরিষ্কার করুন। এতে কাপড়ের ওপর জমে থাকা ধুলা সরবে। ভ্যাকুয়াম না থাকলে নরম ব্রাশ বা পরিষ্কার কাপড় দিয়েও হালকা করে ধুলা সরানো যায়।
দাগ পড়লে
দাগ শুকিয়ে পুরোনো হওয়ার অপেক্ষা করবেন না। কাপড়ের ধরন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিন। তবে কোনো নতুন ক্লিনিং উপাদান ব্যবহারের আগে পর্দার অদৃশ্য একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
ঘরভেদে একটু বাড়তি যত্ন
বাচ্চাদের ঘরে
এখানে পর্দায় হাতের ছাপ, খাবারের দাগ কিংবা অন্যান্য ময়লা লাগা স্বাভাবিক। তাই এমন কাপড় বেছে নেওয়া ভালো, যা সহজে ধোয়া যায় এবং দ্রুত শুকায়।
হোম অফিসে
চোখে না পড়লেও পর্দায় ধুলা জমতে পারে। নিয়মিত ভ্যাকুয়াম এবং কয়েক মাস পর পর প্রয়োজনে ধুয়ে নেওয়া যেতে পারে।
জানালায় সরাসরি রোদ পড়লে
রোদে পর্দার রঙ ফিকে হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত কড়া ডিটারজেন্ট এড়িয়ে চলুন। শিয়ার বা পর্দার অতিরিক্ত একটি লেয়ার ব্যবহার করলে মূল পর্দার ওপর সরাসরি রোদের প্রভাব কিছুটা কমানো যায়।
পর্দা পরিষ্কারের সহজ হিসাব
সাধারণ পর্দা: ৩–৬ মাস পর পর
রান্নাঘরের পর্দা: প্রয়োজন অনুযায়ী মাসে একবার বা আরও ঘন ঘন
আর্দ্র জায়গার পর্দা: স্যাঁতসেঁতে ভাব বা গন্ধ দেখা দিলে দ্রুত
ভারী পর্দা: প্রয়োজন অনুযায়ী, অনেক ক্ষেত্রে বছরে একবার গভীর পরিষ্কার
পোষা প্রাণী/অ্যালার্জি থাকলে: নিয়মিত ভ্যাকুয়াম ও প্রয়োজনে বেশি ঘন ঘন ধোয়া
পর্দা ঘরের সৌন্দর্যের অংশ, কিন্তু তার কাজ শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়। প্রতিদিন জানালার পাশে দাঁড়িয়ে সে ধুলা, গন্ধ ও নানা কণা নিজের গায়ে ধরে রাখে। তাই ঘর পরিষ্কার করার তালিকায় পর্দার যত্নটুকুও রাখা উচিত।