সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধন করেন এবং বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বছরের প্রথমার্ধে ব্যাংকের অর্জনসমূহ তুলে ধরেন এবং গ্রাহককেন্দ্রিক সেবা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, খেলাপি ঋণ আদায় জোরদার এবং সম্পদের গুণগত মান বজায় রাখার মাধ্যমে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জনাব দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক আর্থিক কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক বিভাগের প্রধান জনাব সুশান্ত শেখর দেব ট্রেজারি বিভাগের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করেন। এরিয়া প্রধানগণ নিজ নিজ এলাকার মুনাফা, আমানতের কাঠামো, ঋণ আদায়ের অগ্রগতি এবং আগামী ছয় মাসের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এজেন্ট ব্যাংকিং, কার্ডস এবং ব্যাংকঅ্যাস্যুরেন্স বিভাগের ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রমও উপস্থাপিত হয়। পাশাপাশি সেরা পারফরম্যান্সকারী শাখা ব্যবস্থাপকগণ তাঁদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তুলনামূলকভাবে পিছিয়ে থাকা শাখাগুলো উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করে, যা ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কার্যক্রমের উৎকর্ষ সাধনে ফলপ্রসূ আলোচনা সৃষ্টি করে।
বিকালের অধিবেশনে ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের (আইবিডি) প্রধান জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান ২০২৬ সালের প্রথমার্ধে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা উপস্থাপন করেন। পরবর্তীতে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, ট্রেজারি এবং অন্যান্য ব্যবসায়িক ইউনিট তাদের অর্ধবার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং বছরের অবশিষ্ট সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব মো. নজমুল হুদা সরকার অপারেশনস, কার্ডস, ব্যাংকঅ্যাস্যুরেন্স, এজেন্ট ব্যাংকিং, এমআইএস এবং আরএসএসকিউজি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা পরিচালনা করেন। পাশাপাশি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এএমএল, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিকিউরিটি-সংক্রান্ত বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়, যা ব্যাংকের কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
সন্ধ্যাকালীন অধিবেশনে জনাব আহসান খান চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উৎকর্ষতা, উদ্ভাবন, দলগত কর্মসংস্কৃতি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তা ও ইউনিটসমূহকে ক্রেস্ট, সনদপত্র, নগদ পুরস্কার এবং পদোন্নতির মাধ্যমে সম্মানিত করা হয়।
সম্মেলনের সমাপনী অধিবেশনে বছরের অবশিষ্ট সময়ের জন্য ব্যবসায়িক কৌশল চূড়ান্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান কার্যালয় দল চ্যাম্পিয়ন এবং উপশাখা দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রেস-রিলিজ