ওয়ারেন বাফেটের নেতৃত্বে জমা হওয়া বিপুল নগদ অর্থ এবার বিনিয়োগে কাজে লাগাতে
শুরু করেছেন বার্কশায়ার হ্যাথাওয়ের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্রেগ
অ্যাবেল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের
একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।
মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা বেড়ে
১২ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১১
দশমিক ১৬ বিলিয়ন ডলার।
দ্বিতীয় প্রান্তিকের ফলাফলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোম্পানিটির বিনিয়োগ
কৌশলে। দীর্ঘদিন শেয়ার বিক্রি করে আসা বার্কশায়ার এবার প্রায় ২০ বিলিয়ন ডলারের
শেয়ার কিনে ইক্যুইটি বাজারে নিট ক্রেতায় পরিণত হয়েছে। এর আগে টানা ১৪ প্রান্তিক
কোম্পানিটি শেয়ারের নিট বিক্রেতা ছিল।
এ সময় নিজেদের শেয়ার পুনঃক্রয়েও বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে বার্কশায়ার।
দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের নিজস্ব শেয়ার কিনেছে
প্রতিষ্ঠানটি। বছরের প্রথম প্রান্তিকে এ খাতে ব্যয় হয়েছিল মাত্র ২৩৫ মিলিয়ন ডলার।
বাফেটের কাছ থেকে চলতি বছরের শুরুতে সিইওর দায়িত্ব নেওয়ার পর এটি গ্রেগ
অ্যাবেলের দ্বিতীয় প্রান্তিক। ৬৪ বছর বয়সী অ্যাবেলের নেতৃত্বে কোম্পানিটি এখন
বাফেটের রেখে যাওয়া বিপুল নগদ অর্থের একটি অংশ বিনিয়োগে ব্যবহার করছে।
জুনের শেষে বার্কশায়ারের নগদ অর্থের মজুত কমে ৩৬৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে
দাঁড়িয়েছে। মার্চের শেষে এই অর্থের পরিমাণ ছিল রেকর্ড ৩৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।
শেয়ার পুনঃক্রয়ের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ ও টেলর মরিসনের অধিগ্রহণ সম্পন্ন করতেও
এ সময়ে অর্থ ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।
ব্যবসার বিভিন্ন খাতের মধ্যে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও রিটেইলিং বিভাগে পরিচালন মুনাফা ২৪ শতাংশ বেড়ে ৪
দশমিক ৪৭ বিলিয়ন ডলারে উঠেছে। বার্কশায়ার হ্যাথাওয়ে এনার্জির মুনাফা ২৭ শতাংশ বেড়ে
হয়েছে ৮৯১ মিলিয়ন ডলার। কোম্পানির রেলওয়ে ব্যবসা বিএনএসএফের মুনাফা ৬ শতাংশ বেড়ে
দাঁড়িয়েছে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
তবে বীমা ব্যবসায় দুর্বল ফল দেখা গেছে। আন্ডাররাইটিং মুনাফা ১৩ শতাংশ কমে ১
দশমিক ৭৩ বিলিয়ন ডলারে নেমেছে, যা গত বছরের একই
সময়ে ছিল ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। বীমা বিনিয়োগ থেকে আয়ও ৯ শতাংশ কমে ৩ দশমিক ৬
বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এদিকে জুনের শেষে বার্কশায়ারের পাঁচটি বড় ইক্যুইটি বিনিয়োগের মধ্যে গুগলের মূল
প্রতিষ্ঠান অ্যালফাবেটও জায়গা করে নিয়েছে। এর সঙ্গে রয়েছে দীর্ঘদিনের বিনিয়োগ
আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল, ব্যাংক অব আমেরিকা ও কোকা-কোলা।
চলতি বছরের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে অর্থায়নের জন্য
অ্যালফাবেটে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা জানায় বার্কশায়ার। পরে বাফেট জানান, অ্যাবেলের সঙ্গে পরামর্শ করেই তিনি
অ্যালফাবেটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাফেটের বিদায়ের পর বার্কশায়ারের বিনিয়োগ কৌশলে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ
হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিপুল নগদ অর্থ ধরে রাখার পর এবার অ্যাবেল সেই
অর্থের একটি অংশ শেয়ারবাজার ও অন্যান্য সম্পদে কাজে লাগাতে শুরু করেছেন।
চলতি বছরে বার্কশায়ারের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে, যেখানে একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে
প্রায় ১৩ শতাংশ। তবে গত তিন মাসে বার্কশায়ারের শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে।