“আপু, একটা ব্যবসার আইডিয়া আছে। এটা করলে মনে হয় খুব ভালো চলবে।”
এমন কথা আমরা প্রায়ই শুনি। আইডিয়াটা শুনে বন্ধুরাও বলে, “দারুণ তো! এটা তো চলবেই।” কেউ আবার বলে, “এতে অনেক টাকা করা যাবে।” তারপর শুরু হয় প্রস্তুতি—নাম ঠিক হয়, লোগো তৈরি হয়, ফেসবুক পেজ খোলা হয়। কেউ কেউ শুরুতেই দোকান বা অফিস নিয়ে ফেলেন। কিন্তু একটা প্রশ্ন কি করা হয়েছে—মানুষ কি সত্যিই এই পণ্য বা সেবার জন্য টাকা দিতে চাইবে? কারণ ভালো ব্যবসার আইডিয়া আর ভালো শোনানো আইডিয়া এক জিনিস নয়। একটি আইডিয়া আপনার কাছে চমৎকার মনে হতে পারে। কিন্তু বাজারে তার প্রয়োজন না থাকলে, ক্রেতা টাকা দিতে রাজি না হলে কিংবা খরচের তুলনায় আয় কম হলে সেটি ব্যবসা হয়ে উঠবে না।
আপনি কোন সমস্যার সমাধান করছেন?
ব্যবসা শুরু করার সময় আমরা সাধারণত ভাবি, “আমি কী বিক্রি করব?” প্রশ্নটা একটু বদলে দেখুন—“আমি মানুষের কোন সমস্যার সমাধান করছি?” সমস্যাটি কি সত্যিই গুরুত্বপূর্ণ? মানুষ কি এর সমাধানের জন্য এখনই টাকা খরচ করছে? যদি না করে, তাহলে আপনার আইডিয়াটি সুন্দর হতে পারে, কিন্তু ব্যবসার সুযোগ এখনো তৈরি হয়নি। একজন উদ্যোক্তার প্রথম কাজ তাই শুধু পণ্য তৈরি করা নয়; মানুষের প্রয়োজন বোঝা।
আপনার ক্রেতা কে?
“সবাই আমার ক্রেতা”—এটা আসলে কোনো নির্দিষ্ট ক্রেতা নয়। আপনার পণ্য কে কিনবে—তরুণ, গৃহিণী, চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, নাকি নির্দিষ্ট কোনো পেশার মানুষ? আপনার ক্রেতাকে যত ভালোভাবে চিনবেন, তার প্রয়োজন বোঝা এবং তার কাছে পৌঁছানো তত সহজ হবে। একই সঙ্গে জানতে হবে, তারা এখন কী ব্যবহার করছে এবং কেন আপনার পণ্য বা সেবাটি বেছে নেবে।
প্রতিযোগী নেই—এটা কি সত্যিই ভালো খবর?
অনেক উদ্যোক্তা বলেন, “আমার এই আইডিয়া কেউ করছে না।” শুনতে ভালো লাগে। কিন্তু একটু থামুন। কেউ করছে না কেন? চাহিদা নেই বলে? লাভ করা কঠিন বলে? নাকি সত্যিই বাজারে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে? আবার প্রতিযোগী থাকলেও ভয় পাওয়ার কারণ নেই। বরং দেখুন, তারা যা দিচ্ছে তার চেয়ে আপনি আলাদা কী দিতে পারবেন। ব্যবসায় প্রতিযোগী থাকা অনেক সময় বাজারে চাহিদা থাকারও একটি ইঙ্গিত।
মানুষ কত টাকা দিতে রাজি?
আপনার কাছে একটি পণ্যের মূল্য ১,০০০ টাকা মনে হতে পারে। কিন্তু ক্রেতা হয়তো ৬০০ টাকার বেশি দিতে রাজি নয়। আবার আপনি ৫০০ টাকায় বিক্রি করছেন, কিন্তু সব খরচ মিলিয়ে আপনার খরচ ৪৫০ টাকা। বিক্রি হচ্ছে, কিন্তু লাভ কত? তাই শুরুতেই হিসাব করুন—বিক্রয়মূল্য থেকে মোট খরচ বাদ দিলে প্রকৃত লাভ কত থাকে। শুধু পণ্য তৈরির খরচ নয়; পরিবহন, কর্মী, ভাড়া, প্যাকেজিং, প্রচার এবং ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্য খরচও হিসাবের মধ্যে আনতে হবে।
বড় করে শুরু করার আগে ছোট করে দেখুন
নতুন আইডিয়া নিয়ে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো শুরুতেই অনেক টাকা বিনিয়োগ করে ফেলা। দোকান নিলেন, অফিস সাজালেন, অনেক পণ্য তুললেন, কর্মী নিয়োগ করলেন—তারপর দেখা গেল ক্রেতা নেই। তাই সম্ভব হলে আগে ছোট পরিসরে পরীক্ষা করুন। কয়েকজন সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলুন, অল্প পরিমাণে পণ্য তৈরি করুন, প্রি-অর্ডার নেওয়ার চেষ্টা করুন কিংবা সীমিতভাবে সেবা চালু করুন। মানুষের প্রশংসার চেয়ে মানুষ টাকা দিয়ে কিনছে কি না—সেটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসার আসল পরীক্ষা হয় বাজারে, বন্ধুর আড্ডায় নয়।
নিজের কাছেও কঠিন প্রশ্ন রাখুন
আপনার আইডিয়াটি আপনার কাছে যতই ভালো লাগুক, নিজেকে জিজ্ঞেস করুন—“আমি যদি এই ব্যবসার মালিক না হতাম, তাহলে কি এই পণ্যটি কিনতাম?” আরেকটি প্রশ্ন—“মানুষ সত্যিই কিনতে চায়, নাকি শুধু আমাকে উৎসাহ দিচ্ছে?” এরপর কাগজে লিখে ফেলুন: আমি কোন সমস্যার সমাধান করছি, আমার ক্রেতা কে, তারা কত টাকা দিতে রাজি, সব খরচ বাদ দিলে কত থাকে, আমার প্রতিযোগী কারা, আমি কীভাবে আলাদা এবং ছোট করে কীভাবে শুরু করে দেখা যায়।
আইডিয়া থাকলে আজই যা করতে পারেন
আপনার মাথায় যদি কোনো ব্যবসার আইডিয়া থাকে, আজই একটি কাগজ নিন। সেখানে তিনটি শব্দ লিখুন—সমস্যা, ক্রেতা, টাকা। তারপর অন্তত ৫–১০ জন সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলুন। তারা কী চান, এখন কী ব্যবহার করেন, কী দামে কিনছেন এবং আপনার পণ্য বা সেবার জন্য কত টাকা দিতে রাজি—জানার চেষ্টা করুন। সম্ভব হলে ছোট পরিসরে একটি পরীক্ষামূলক বিক্রি করুন।
প্রশংসা শুনে ব্যবসা শুরু করবেন না। ক্রেতার সিদ্ধান্ত দেখে শুরু করুন।
একটা ভালো আইডিয়া আপনাকে উত্তেজিত করতে পারে। কিন্তু একটা ভালো ব্যবসা আপনাকে হিসাব করতে শেখায়। কারণ শেষ পর্যন্ত একটি আইডিয়া তখনই ব্যবসার সম্ভাবনা তৈরি করে, যখন ক্রেতার প্রয়োজন, বাজার এবং টাকার হিসাব—তিনটি এক জায়গায় এসে মেলে।
লেখক: সম্পাদক ও প্রকাশক
রোদসী