শিশুর শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অনেক সময় আমরা তা সাধারণ অসুস্থতা ভেবে এড়িয়ে যাই। কিন্তু কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে থাকলে বা বারবার দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কারণ, বিরল হলেও শিশুদের এসব লক্ষণ কখনো কখনো ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
১. অকারণে জ্বর ও দীর্ঘদিন ক্লান্তি
কোনো স্পষ্ট কারণ ছাড়াই বারবার জ্বর হওয়া, দীর্ঘদিন দুর্বল থাকা বা স্বাভাবিক খেলাধুলায় আগ্রহ কমে যাওয়া গুরুত্ব দিয়ে দেখুন।
২. শরীরে অস্বাভাবিক ফোলা বা গিঁট
ঘাড়ে, বগলে বা শরীরের অন্য কোথাও অস্বাভাবিক গিঁট বা ফোলা দেখা দিলে এবং তা ক্রমাগত বড় হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
৩. সহজেই রক্তপাত বা কালশিটে দাগ
সামান্য আঘাতেই অতিরিক্ত কালশিটে দাগ, নাক বা মাড়ি থেকে অকারণে রক্তপাত কিংবা ত্বকে ছোট ছোট লালচে-বেগুনি দাগ দেখা দিলে অবহেলা করবেন না।
৪. অস্বাভাবিক মাথাব্যথা ও বারবার বমি
বিশেষ করে সকালে মাথাব্যথা ও বমি, মাথাব্যথার ক্রমাগত বৃদ্ধি, ভারসাম্য হারানো বা দৃষ্টির পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৫. অকারণে ওজন কমে যাওয়া বা হাড়ে ব্যথা
খাবারের অভ্যাসে বড় পরিবর্তন ছাড়াই ওজন কমে যাওয়া, দীর্ঘদিন হাড় বা গিঁটে ব্যথা থাকা কিংবা ব্যথার কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া সতর্কসংকেত হতে পারে।
এসব লক্ষণ থাকলেই যে শিশুর ক্যানসার হয়েছে, তা নয়। সাধারণ অনেক রোগেও এমন লক্ষণ দেখা দিতে পারে। তবে লক্ষণগুলো স্থায়ী হলে, বাড়তে থাকলে বা একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্য সূত্র: আমেরিকান ক্যানসার সোসাইটি