কাজ, সংসার, সন্তান, সম্পর্ক, ক্যারিয়ার কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তায় অনেক নারীর কাছেই রাতের ঘুম হয়ে ওঠে অনিয়মিত। কেউ গভীর রাত পর্যন্ত মোবাইল দেখেন, কেউ কাজ শেষ করতে গিয়ে ঘুমের সময় পিছিয়ে দেন, আবার কেউ বিছানায় যাওয়ার পরও দিনের নানা ঘটনা নিয়ে ভাবতে থাকেন।
অথচ ভালো ঘুম শুধু পরদিন সতেজ থাকার জন্য নয়। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা, মস্তিষ্কের কার্যকারিতা, মেজাজ, বিপাকক্রিয়া এবং সামগ্রিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে নারীর জীবনের বিভিন্ন পর্যায়ে—মাসিক, গর্ভাবস্থা, মাতৃত্ব, মেনোপজ—ঘুমের ধরন ও প্রয়োজন বদলাতে পারে। তাই নিজের ঘুমকে গুরুত্ব দেওয়া নারীর আত্মযত্নেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
বড় কোনো পরিবর্তন দিয়ে শুরু করার প্রয়োজন নেই। প্রতিদিনের কয়েকটি ছোট অভ্যাস ধীরে ধীরে ঘুমের মান ভালো করতে পারে।
১. ঘুম ও জাগার নির্দিষ্ট সময় রাখুন
ছুটির দিন বলে খুব দেরি করে ঘুমানো বা সকালে অনেক দেরি করে ওঠার অভ্যাস শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দকে এলোমেলো করতে পারে। তাই প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করা ভালো।
একজন নারী হয়তো অফিস করেন, আবার একই সঙ্গে সন্তান, সংসার কিংবা পরিবারের অন্য সদস্যদের দায়িত্বও সামলান। ফলে নিজের ঘুমের সময়টাই অনেক সময় সবার শেষে আসে। কিন্তু দিনের সব দায়িত্ব শেষ হওয়ার অপেক্ষায় থাকলে নিয়মিত ঘুমের সময় তৈরি করা কঠিন হয়ে পড়ে।
তাই ঘুমকে ‘সময় থাকলে করব’ এমন কোনো কাজ না ভেবে দৈনন্দিন রুটিনের একটি নির্দিষ্ট অংশ হিসেবে দেখা জরুরি।
২. ঘুমের আগে স্ক্রিন থেকে একটু দূরে থাকুন
বিছানায় যাওয়ার পর মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যম দেখা, ভিডিও দেখা কিংবা অফিসের মেইল চেক করা অনেকেরই অভ্যাস। এতে শরীর বিছানায় গেলেও মন তখনো ব্যস্ত থাকে।
ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশন ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। বিশেষ করে এমন কোনো খবর, পোস্ট, কাজ বা কথোপকথন এড়িয়ে চলুন, যা আপনার মনে উত্তেজনা, দুশ্চিন্তা বা অস্থিরতা তৈরি করে।
নারীদের ক্ষেত্রে এই অভ্যাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ দিনের কাজের পর রাতের নীরব সময়টিই অনেকের নিজের জন্য একমাত্র অবসর। সেই সময়টি যদি পুরোপুরি স্ক্রিনে চলে যায়, তাহলে শরীর বিশ্রামের সুযোগ পেলেও মস্তিষ্ক বিশ্রামের প্রস্তুতি নিতে পারে না।
৩. বিকেলের পর ক্যাফেইন কমান
চা ও কফি অনেকের দৈনন্দিন জীবনের আনন্দের অংশ। কিন্তু ক্যাফেইনের প্রভাব কয়েক ঘণ্টা শরীরে থাকতে পারে। ফলে বিকেল বা সন্ধ্যার পর অতিরিক্ত চা-কফি পান করলে কারও কারও ঘুম আসতে দেরি হতে পারে কিংবা ঘুমের মান খারাপ হতে পারে।
বিশেষ করে যাঁরা রাতে ঘুমাতে সমস্যা অনুভব করেন, তাঁরা বিকেলের পর ক্যাফেইনের পরিমাণ কমিয়ে দেখেতে পারেন। রাতের খাবারও ঘুমানোর ঠিক আগে না খেয়ে কয়েক ঘণ্টা আগে শেষ করা ভালো।
তবে সবার শরীর একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। কারও সামান্য ক্যাফেইনেও সমস্যা হতে পারে, আবার কেউ তুলনামূলকভাবে বেশি সহ্য করতে পারেন। নিজের শরীরের প্রতিক্রিয়াটা লক্ষ্য করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪. শোবার ঘরকে ঘুমের উপযোগী করুন
ভালো ঘুমের জন্য পরিবেশেরও ভূমিকা রয়েছে। ঘরটি যতটা সম্ভব শান্ত, অন্ধকার এবং আরামদায়ক রাখুন। ঘরের তাপমাত্রাও যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয়।
অনেক নারী দিনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে বিছানায় যান। কিন্তু ঘরে যদি অতিরিক্ত আলো, শব্দ, গরম বা অস্বস্তিকর পরিবেশ থাকে, তাহলে সেই ক্লান্ত শরীরও সহজে গভীর ঘুমে যেতে পারে না।
বিছানাকে সম্ভব হলে কাজের জায়গা হিসেবে ব্যবহার না করাই ভালো। অফিসের কাজ, দীর্ঘ ফোনালাপ বা নানা ধরনের ব্যস্ততার সঙ্গে বিছানার সম্পর্ক যত কম থাকবে, মস্তিষ্ক তত সহজে বুঝতে পারবে—এই জায়গাটি বিশ্রামের জন্য।
৫. ঘুমের আগে মনকে শান্ত করার অভ্যাস করুন
শরীর ক্লান্ত হলেও মন অনেক সময় ক্লান্ত হয় না। অফিসের কাজ, সন্তানের পড়াশোনা, সংসারের হিসাব, সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক চিন্তা কিংবা পরদিনের পরিকল্পনা—সবকিছু মাথায় ঘুরতে থাকে।
তাই ঘুমের আগে একটি ছোট ‘উইন্ড ডাউন’ বা ধীরে ধীরে শান্ত হওয়ার রুটিন তৈরি করা যেতে পারে।
হালকা বই পড়া, কয়েক মিনিট স্ট্রেচিং করা, গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন করা কিংবা পরদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে রাখা—এ ধরনের সহজ অভ্যাস মনকে দিনের ব্যস্ততা থেকে রাতের বিশ্রামের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে।
নারীর জন্য ভালো ঘুম এত গুরুত্বপূর্ণ কেন?
নারীর জীবনে শারীরিক ও মানসিক পরিবর্তনের অনেকগুলো পর্যায় রয়েছে। মাসিকের সময় হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা, সন্তান জন্মের পরের সময় এবং মেনোপজ—প্রতিটি পর্যায়েই ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে। মেনোপজের সময় বিশেষ করে হট ফ্ল্যাশ, রাতের ঘাম, উদ্বেগ কিংবা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
এর পাশাপাশি নারীরা অনেক সময় ‘মানসিক শ্রম’ বা পরিবারের নানা বিষয় মনে রাখার অতিরিক্ত দায়িত্বও বহন করেন। কে কখন স্কুলে যাবে, বাজারে কী লাগবে, সন্তানের কী প্রয়োজন, পরিবারের কার ডাক্তার দেখানো দরকার—এসব ছোট-বড় দায়িত্বের তালিকা মাথায় নিয়েই অনেক নারী বিছানায় যান।
ফলে ঘুমের সময়টুকু শুধু শারীরিক বিশ্রাম নয়; এটি মানসিক পুনরুদ্ধারেরও সময়।
পর্যাপ্ত ঘুমের অভাবে পরদিন মন-মেজাজ খিটখিটে হতে পারে, মনোযোগ কমে যেতে পারে, সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে এবং দৈনন্দিন কাজের চাপ আরও বেশি মনে হতে পারে। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে তা সামগ্রিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
নিজের ঘুমকে ‘অতিরিক্ত বিলাসিতা’ ভাববেন না
নারীরা অনেক সময় পরিবারের সবার প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন। সন্তান ঘুমালে কাজ শেষ করবেন, সবাই খাওয়ার পর খাবেন, সবার কাজ শেষ হলে নিজের বিশ্রাম—এভাবেই নিজের জন্য নির্ধারিত সময়টি ক্রমেই ছোট হয়ে আসে।
কিন্তু ঘুম কোনো বিলাসিতা নয়। এটি শরীরের প্রয়োজন।
তাই আজ থেকেই পাঁচটি অভ্যাসের সবগুলো একসঙ্গে শুরু করার দরকার নেই। প্রথমে একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। এরপর ঘুমের আগে মোবাইল দূরে রাখার অভ্যাস যোগ করুন। ধীরে ধীরে ক্যাফেইন নিয়ন্ত্রণ, আরামদায়ক ঘুমের পরিবেশ এবং মন শান্ত করার রুটিনও যুক্ত করুন।
আর যদি নিয়মিত ঘুমের সমস্যা থাকে, দীর্ঘদিন ধরে ঘুম না আসে, বারবার ঘুম ভেঙে যায়, অতিরিক্ত নাক ডাকা বা শ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা হয় কিংবা দিনের বেলায় অস্বাভাবিক ঘুম ঘুম ভাব থাকে, তাহলে বিষয়টিকে শুধু ‘অভ্যাসের সমস্যা’ হিসেবে না দেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: কোয়ান্টাম মেথড